সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শিক্ষার খরচ বাড়তে থাকে। সন্তান মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই খরচ বাড়তে শুরু করে। মধ্যবিত্ত পরিবারের মাধ্যমিক পড়ুয়া সন্তানপ্রতি মাসে কয়েক হাজার টাকা খরচ হয়ে যায়। বিশ্ববিদ্যালয় পর্যন্ত খরচের পরিমাণ বাড়তেই থাকে। সন্তানকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াতে হলে তো কথাই নেই। ভর্তি, টিউশন ফি, আবাসন, বইপত্র ও অন্যান্য খরচের জন্য বড় অঙ্কের অর্থের প্রয়োজন হয়।
আবার সন্তানকে বিদেশে পড়ানোর পরিকল্পনা থাকলে ব্যয় অনিবার্যভাবে আরও বেড়ে যাবে। মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জীবনে এটা বাস্তবতা। তবে পরিকল্পনামাফিক সঞ্চয় করা হলে সীমিত আয়ের মধ্যেও এই খরচ মেটানো সম্ভব।
সে জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো সন্তানের জন্মের পর থেকেই অল্প অল্প করে সঞ্চয় শুরু করা। প্রতি মাসে খুব বেশি টাকা জমাতে না পারলেও দীর্ঘ সময় ধরে নিয়মিত সঞ্চয় করলে একসময় তা বড় অঙ্কে পরিণত হতে পারে। সঞ্চয়ের পরিমাণ নয়, বরং এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
কত টাকা জমালে কত হতে পারে
শুরুতে মনে হতেই পারে, মাসে দুই বা তিন হাজার টাকা জমিয়ে সন্তানের উচ্চশিক্ষার মতো বড় ব্যয় মেটানো সম্ভব নয়। কিন্তু দীর্ঘ সময় ধরে নিয়মিত সঞ্চয় করলে হিসাব ভিন্ন হতে পারে।
ধরা যাক, কোনো অভিভাবক সন্তানের জন্মের পর থেকেই মাসে ২ হাজার টাকা করে জমাতে শুরু করলেন। কোনো সুদ বা মুনাফা ছাড়াই ১৮ বছরে তাঁর মোট জমা হবে ৪ লাখ ৩২ হাজার টাকা। একইভাবে মাসে ৩ হাজার টাকা জমালে ১৮ বছরে জমার পরিমাণ দাঁড়াবে ৬ লাখ ৪৮ হাজার টাকা। আর মাসে ৫ হাজার টাকা জমালে তা হবে ১০ লাখ ৮০ হাজার টাকা।
দীর্ঘ মেয়াদে বিনিয়োগের বড় সুবিধা হলো চক্রবৃদ্ধি মুনাফা। এতে মূল জমার পাশাপাশি আগের সময়ে অর্জিত মুনাফার ওপরও পরবর্তী সময়ে মুনাফা পাওয়া যায়। ফলে সময় যত বাড়ে, তহবিল বৃদ্ধির সম্ভাবনাও তত বাড়ে।
উদাহরণ হিসেবে, কেউ যদি মাসে ৩ হাজার টাকা করে ১৮ বছর বিনিয়োগ করেন এবং গড়ে বার্ষিক ৮ শতাংশ মুনাফা পান, তাহলে মেয়াদ শেষে তিনি প্রায় ১৪ লাখ টাকা পেতে পারেন। এ ক্ষেত্রে তাঁর জমা হবে ৬ লাখ ৪৮ হাজার টাকা। বাকি অর্থ আসবে বিনিয়োগের সম্ভাব্য মুনাফা থেকে। একইভাবে মাসে ৫ হাজার টাকা বিনিয়োগ করলে ১৮ বছর পর তহবিলের পরিমাণ প্রায় ২৩ লাখ ৩০ হাজার টাকা হতে পারে।
তবে এখানে ৮ শতাংশ মুনাফার হার কেবল হিসাব বোঝানোর জন্য ধরা হয়েছে। বাস্তবে তা কমবেশি হতে পারে। যাঁদের হাতে থোক অর্থ আছে, তাঁরা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। আবার ব্যাংকে কয়েক বছর ডিপিএস চালিয়ে যে টাকা আসবে, পরবর্তীকালে তা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। সীমিত আয়ের বা মধ্যবিত্তের জন্য এটা নিরাপদ বিনিয়োগ।
কোথায় রাখবেন সন্তানের শিক্ষার টাকা
সন্তানের উচ্চশিক্ষার জন্য সঞ্চয়ের ক্ষেত্রে একাধিক মাধ্যম বিবেচনা করা যেতে পারে।
১. ব্যাংকের মাসিক সঞ্চয় প্রকল্প (ডিপিএস)
নিয়মিত সঞ্চয়ের জন্য ব্যাংকের ডিপিএস পরিচিত মাধ্যম। নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে জমা দিয়ে নির্দিষ্ট মেয়াদ শেষে এককালীন অর্থ পাওয়া যায়। আয় সীমিত হলে ছোট অঙ্কের ডিপিএস দিয়েও শুরু করা সম্ভব। তবে হিসাব খোলার আগে মুনাফার হার, মেয়াদপূর্তির অর্থ, আগাম ভাঙানোর নিয়ম ও কর সম্পর্কে জেনে নেওয়া উচিত।
২. মেয়াদি আমানত
হাতে এককালীন কিছু অর্থ থাকলে তা মেয়াদি আমানতে রাখা যেতে পারে। নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখলে চুক্তি অনুযায়ী সুদ পাওয়া যায়। সন্তানের শিক্ষার সম্ভাব্য সময়ের সঙ্গে মিল রেখে আমানতের মেয়াদ নির্ধারণ করা যেতে পারে। এক বছর বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতে ৮ দশমিক ২৫ থেকে ৮ দশমিক ৫০ শতাংশ সুদ আছে।
৩.সঞ্চয়পত্র: তুলনামূলক কম ঝুঁকিতে বিনিয়োগ করতে চাইলে যোগ্যতা, বিনিয়োগসীমা ও প্রচলিত নিয়ম অনুযায়ী সঞ্চয়পত্রের কথা বিবেচনা করা যায়। তবে কেনার আগে বর্তমান মুনাফার হার, কর ও নগদায়নের শর্ত যাচাই করা প্রয়োজন। সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ১১ দশমিক ৭৭ শতাংশ থেকে ১১ দশমিক ৯৮ শতাংশ পর্যন্ত।
৪ শিক্ষাবিমা: শিক্ষাবিমা হলো সন্তানের উচ্চশিক্ষার জন্য দীর্ঘমেয়াদি সঞ্চয় ও আর্থিক সুরক্ষার সমন্বিত ব্যবস্থা। অভিভাবক নির্দিষ্ট মেয়াদে প্রিমিয়াম জমা দেন। মেয়াদ শেষে সন্তান বিমার অর্থ ও বোনাস পায়। অভিভাবকের মৃত্যু হলে অনেক পলিসিতে ভবিষ্যৎ প্রিমিয়াম মওকুফ এবং সন্তানের পড়াশোনার জন্য আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকে।
আরও যা বিবেচনা করা দরকার
সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা করা উচিত সন্তানের বয়স বিবেচনা করে। সন্তান ছোট থাকলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সুযোগ বেশি থাকে। তাই বয়স অনুযায়ী বিনিয়োগের ধরন বদলাতে হবে। আয় বৃদ্ধির সঙ্গে প্রতিবছর সঞ্চয়ের পরিমাণ ৫ থেকে ১০ শতাংশ বাড়ানো যেতে পারে। সেই সঙ্গে বোনাসের একটি অংশ শিক্ষা তহবিলে রাখা যেতে পারে। পাশাপাশি মূল্যস্ফীতি বিবেচনায় ভবিষ্যৎ শিক্ষাব্যয়ের লক্ষ্য নির্ধারণ করতে হবে।
সবচেয়ে বড় কথা, সব ব্যয় করার পর সঞ্চয় না করে আগে ঠিক করতে হবে, কত টাকা সঞ্চয় করা হবে। সঞ্চয়ের বিভিন্ন নিয়ম আছে। তার মধ্যে সবচেয়ে প্রচলিত নিয়ম হলো, আয়ের ২০ শতাংশ অর্থ আগেই সরিয়ে রেখে বাকি অর্থ ব্যয় করা। এভাবে পরিকল্পনামাফিক সঞ্চয় করা হলে সীমিত আয়ের মধ্যেও প্রয়োজনীয় সঞ্চয় করা সম্ভব।