আগামী বুধবারের মধ্যে আয়কর রিটার্ন দিলে কারা করছাড় পাবেন, কারা পাবেন না

আয়কর রিটার্নপ্রতীকী ছবি

বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আছে আর মাত্র চার দিন। ৩০ সেপ্টেম্বর বা বুধবারের মধ্যে রিটার্ন জমা দিলে করছাড় পাওয়া যাবে। আপনি যখন আয়কর রিটার্ন জমা দেবেন, তখন যত টাকা কর দেবেন, তত টাকার ওপর ৫ শতাংশ বা সর্বোচ্চ ২৫ হাজার টাকা করছাড় পাবেন। এবারের বাজেটে এই নতুন নিয়ম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

কিন্তু এই করছাড় অনেকেই পাচ্ছেন না। পুরো বছরের মোট করের ওপর এই করছাড় হিসাব করা হবে না। ফলে যেসব করদাতা জুনের আগেই অগ্রিম কর, পেরোল ট্যাক্স বা অন্যভাবে আগাম আয়কর দিয়েছেন, তাঁরা সেই টাকার ওপর করছাড় সুবিধা পাচ্ছেন না।

কীভাবে করছাড় পাবেন

ধরুন, আপনি গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত আপনার করযোগ্য আয় ৭ লাখ টাকা। প্রথম চার লাখ টাকার ওপর কর নেই। বাকি তিন লাখ টাকার ওপর আপনার কর হলো ১০ শতাংশ হারে ৩০ হাজার টাকা। রিটার্ন জমার সময় আপনি এই কর পরিশোধ করতে চান।

আপনি যদি আগামী বুধবারের মধ্যে আয়কর রিটার্ন জমা দেন, তাহলে আপনি ছাড় পাবেন আপনার প্রদেশ করের ৫ শতাংশ। অর্থাৎ ১ হাজার ৫০০ টাকা আপনি করছাড় পাবেন। আপনাকে কর পরিশোধ করতে হবে ৩০ হাজার টাকার পরিবর্তে ২৮ হাজার ৫০০ টাকা।

কারা পাবেন না

নতুন নিয়মে শুধু রিটার্ন জমার সময় প্রদেয় করের ওপর করছাড় মিলবে। কিন্তু সঞ্চয়পত্রের মুনাফা তোলার সময় যে অগ্রিম কর কেটে রাখা হয়েছে; ব্যাংক থেকে এফডিআরের মুনাফা তোলার সময় যে উৎসে কর কেটে রাখা রয়েছে—এমন করের ওপর করছাড় মিলবে না। এমনকি বেতন–ভাতার ওপর প্রতি মাসে যে অগ্রিম কর দিয়ে এসেছেন, তাতেও করছাড় পাওয়া যাবে না।

মোটাদাগে বলা চলে, আপনি সারা বছরজুড়ে যেসব অগ্রিম কর, উৎসে দিয়ে এসেছেন, তা রিটার্ন জমার সময় বাদ দিয়ে যে কর দেবেন, এর ওপরের করছাড় পাওয়া যাবে। এতে যাঁরা নিয়ম মেনে সারা বছরজুড়ে কর দিলেন, তাঁদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

কত রিটার্ন জমা পড়ল

এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা প্রায় ১ কোটি ৩০ লাখ। চলতি অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিটার্ন জমা পড়েছে। সেপ্টেম্বর মাসের হালনাগাদ হিসাব এখনো চূড়ান্ত করেনি এনবিআর। গত অর্থবছরে মোট ৪৯ লাখ ৫৫ হাজার রিটার্ন জমা হয়েছিল।

কত ছাড়, কী শাস্তি

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ২৫ হাজার টাকা, যা কম তাই ছাড় পাবেন। দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) রিটার্ন যা কর, তা দিলেই হবে। কোনো প্রণোদনা পাওয়া যাবে না।

আর জানুয়ারি-মার্চ প্রান্তিকে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ বা ৩ হাজার টাকা, যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে। এপ্রিল-জুন মাসে রিটার্ন দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ বা ৫ হাজার টাকা, যেটি বেশি সেই পরিমাণ টাকা দিতে হবে।

পাঁচ শ্রেণির করদাতা ছাড়া গতবারের মতো এবারও সব করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দিতে হবে।