কর ছাড়ের সুযোগ পেলেন না তাঁরা
গত অর্থবছরের বাজেটে অনলাইনে রিটার্ন জমা দিলে কর ছাড় দেওয়া হয়েছিল। ওই বছরের বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রথমবার অনলাইনে রিটার্ন প্রদানকারীদের জন্য দুই হাজার টাকা কর রেয়াতের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু গতবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে রিটার্ন জমার ব্যবস্থা করতে পারেনি। ফলে করদাতারা এই সুযোগ নিতে পারেননি।
গত অক্টোবর মাসে এনবিআর নতুন করে অনলাইনে ই-রিটার্ন ব্যবস্থা চালু করে। গত দেড় মাসে বেশ সাড়াও মিলেছে। ৩০ হাজারের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। কিন্তু তাঁরা প্রথমবার অনলাইনে রিটার্ন দিয়েও দুই হাজার টাকা কর রেয়াত পাননি।
উত্তরায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ফেরদৌস ইফতেখার। ব্যাংক লেনদেন সবই অনলাইনে করেন তিনি। আয়কর রিটার্ন জমাও অনলাইনে দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, গতবার অনলাইনে রিটার্ন দিতে পারিনি। এবার রিটার্ন জমা দেওয়ার পর আশা করেছিলাম, কর ছাড় পাব। কিন্তু পাইনি। অনলাইনে এই কর ছাড়ের সুযোগ ছিল না।
কেন সুযোগটি নিতে পারেননি করদাতারা, এই বিষয়ে খোঁজ নিয়ে জানা গেল আমলাতান্ত্রিক সমস্যার কথা। ২০২০-২১ অর্থবছরের বাজেটে অর্থ বিলে এই সুযোগটি দেওয়া হয়। কিন্তু সেটি আয়কর অধ্যাদেশের কোনো ধারার আওতায় দেওয়া হয়নি। প্রথম তফসিলের সঙ্গে একটি ধারা যুক্ত করে বলা হয়েছিল, প্রথমবার আয়কর রিটার্ন দাখিলকারী করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করলে বিনিয়োগ রেয়াত–পরবর্তী কর থেকে অতিরিক্ত দুই হাজার টাকা কর রেয়াত পাবেন। এর মানে, প্রথমবার অনলাইনে রিটার্ন দাখিল করা হলে বিনিয়োগজনিত কর রেয়াত মিলবে।
কিন্তু সমস্যা হলো, তফসিল দিয়ে এই কর ছাড় চালু হওয়ার কারণে অর্থবছর শেষ হয়ে যাওয়ার পর তা তামাদি হয়ে যায়। আয়কর অধ্যাদেশের নির্দিষ্ট কোনো ধারায় এই সুযোগ দেওয়া হয়নি। ফলে এই মৌসুমে অনলাইনে রিটার্ন প্রদানকারীরা এই কর ছাড়ের সুযোগ পাননি।
এ বছর কেন সুযোগটি রাখা হয়নি, তা জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের আয়কর বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এ বছর মে-জুন মাসে বাজেট তৈরির সময় অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা চালুর বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতি ছিল না। সন্দেহ ছিল, আমরা পারব কি না। একটা ঘোষণা দিলাম, কিন্তু করতে পারলাম না। সেটা আরও বেশি খারাপ হতো। এখনো অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা অনেকটা পরীক্ষামূলক পর্যায়ে আছে। প্রতিনিয়তই নতুন নতুন বৈশিষ্ট্য যোগ হচ্ছে।’
১০ অক্টোবর ই-রিটার্ন দেওয়ার ব্যবস্থা চালু করেছে এনবিআর। ওয়েবসাইটের ঠিকানা হলো <http://www. etaxnbr. gov. bd>। এনবিআর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার পর্যন্ত সাড়ে ৭০ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করেছেন। আর রিটার্ন জমা দিয়েছেন ৩৩ হাজার ৬৫৩ জন করদাতা। অনলাইনে রিটার্ন জমায় কর ছাড়ের সুযোগ থাকলে দুই হাজার টাকা কম দিতে হতো।
এনবিআর সূত্রে জানা গেছে, যত সময় যাচ্ছে, তত সাড়া বাড়ছে। ই-রিটার্ন সিস্টেম প্রথম সপ্তাহে মাত্র এক হাজার অনলাইনে রিটার্ন দেন। দুই সপ্তাহে মাত্র ৪ হাজার রিটার্ন দেন। গত এক মাসে আরও প্রায় ৩০ হাজার করদাতা রিটার্ন জমা দিয়েছেন।
এনবিআরের সাবেক সদস্য সৈয়দ আমিনুল করিম প্রথম আলোকে বলেন, অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা খুবই প্রশংসনীয়। যেকোনো নতুন ব্যবস্থা জনপ্রিয় করতে কিছু প্রণোদনা দিতে হয়। অনলাইনে রিটার্ন দিলে আবারও কর ছাড় দেওয়ার ঘোষণা দেওয়া হতে পারে।
এর আগে ২০১৬ সালে এনবিআর প্রথম অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু ভিয়েতনামের কোম্পানি সফটওয়্যার ব্যবস্থা বুঝিয়ে না দেওয়ায় চালুর চার বছর তা বন্ধ হয়ে যায়। তখন বছরে পাঁচ হাজারের মতো করদাতা রিটার্ন দিতেন। গতবার অনলাইনে রিটার্ন দেওয়ার ব্যবস্থা ছিল না। কিন্তু বাজেটে প্রথমবার অনলাইনে রিটার্ন দিলে দুই হাজার টাকা কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়।
বর্তমানে ৬৭ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএনধারী) আছেন। দু-একটি ব্যতিক্রম ছাড়া সব টিআইএনধারীর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। কিন্তু প্রতিবছর ২৫-২৬ লাখ টিআইএনধারী রিটার্ন দেন।