দেশে অফিস না থাকলেও ভ্যাট নিবন্ধনে বাধা নেই
ঠিকানা ও ব্যাংক হিসাব ছাড়াই ফেসবুক, গুগল, ইউটিউবের মতো অনাবাসী প্রতিষ্ঠানগুলো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের নিবন্ধন নিতে পারবে। ফলে এসব অনাবাসী প্রতিষ্ঠান বাংলাদেশে অফিস না খুলেই ভ্যাটের যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবে। সম্প্রতি অনাবাসী প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের জন্য নতুন মূসক ফরম ২ দশমিক ২ তৈরি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
দুই বছর ধরেই অনাবাসী প্রতিষ্ঠানগুলো কীভাবে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেবে, তা নিয়ে আলোচনা চলছিল। প্রথমে ভ্যাট নিবন্ধন ফরমে ঠিকানা ও ব্যাংক হিসাব চাওয়া হয়েছিল। কিন্তু ফেসবুক, গুগল, ইউটিউবের মতো প্রতিষ্ঠানের বাংলাদেশে কোনো কার্যালয় নেই। এমনকি বাংলাদেশি ব্যাংক হিসাব থাকার বিষয়টিও বাধ্যতামূলক ছিল। এসব নিয়ে ওই সব বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে জটিলতা শুরু হয়।
গত মাসের প্রথম সপ্তাহে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা ২০১৬ সংশোধন করে এনবিআর। সেখানে অনাবাসী ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য নতুন নিবন্ধন ফরম সংযোজন করা হয়। ভ্যাট বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, নতুন ফরম প্রবর্তনের ফলে অনাবাসী প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধনে কোনো বাধা রইল না।
মোটা দাগে, বিদ্যমান নিবন্ধন ফরম থেকে অনাবাসীদের ফরমে দুটি পরিবর্তন করা হয়। এ দেশের ব্যবসায় করছে এমন প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন নিতে ঠিকানা বিশেষ করে পোস্টাল কোড বাধ্যতামূলক। কিন্তু অনাবাসী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাইরে থেকে ব্যবসা করছে। তাই এসব প্রতিষ্ঠানের পক্ষে ঠিকানা বা পোস্টাল কোড দেওয়া সম্ভব নয়। বিকল্প উপায় বের করেছে এনবিআরের ভ্যাট বিভাগ। অনাবাসী প্রতিষ্ঠানগুলো শুধু ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটে নিবন্ধিত হবে।
অনাবাসী প্রতিষ্ঠান এ দেশে ভ্যাট নিবন্ধন নিতে হলে যেসব তথ্য দেওয়া বাধ্যতামূলক, সেগুলো হলো প্রতিষ্ঠানের মালিকানার ধরন; প্রতিষ্ঠানের নাম; ই–মেইল; ভ্যাট এজেন্টের নাম, ঠিকানা, ভ্যাট নিবন্ধন নম্বর, টিআইএন; ভ্যাট এজেন্টের তিন কর্মকর্তার জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট নম্বর, জাতীয়তা, মোবাইল নম্বর ই–মেইল ইত্যাদি। এর পাশাপাশি ওই প্রতিষ্ঠানের ব্র্যান্ড নাম; টেলিফোন নম্বর; বিদেশে ঠিকানা; কোন দেশে নিবন্ধিত আছে; ব্যবসার ধরন—এসব তথ্য দেওয়ার ঘরও রাখা হয়েছে।
গুগল, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনাবাসী প্রতিষ্ঠান তাদের পেজে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন প্রচার করে থাকে, বিভিন্ন সেবা বিক্রি করে থাকে। অনেকের বাংলাদেশে কার্যালয় নেই। বিজ্ঞাপনের বিল বা সেবার বিপরীতে বিল নেয় আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে। দেশীয় বড় প্রতিষ্ঠান বিজ্ঞাপন দিলে বা সেবা কিনলে বিল পরিশোধের সময় ভ্যাটের টাকা কেটে রাখে। কিন্তু ব্যক্তিপর্যায়ে বিজ্ঞাপন বা সেবার বিলের ওপর ভ্যাট কেটে রাখা যায় না।