ডালের দামে স্বস্তি, তেলে অস্বস্তি 

বিশ্ববাজারে মসুর ডালের দাম এখন পড়তি। তবে সয়াবিন তেলের দাম একবার কমে আবার বেড়ে গেছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

জুলাই মাসেও বিশ্ববাজার থেকে মসুর ডাল আমদানিতে খরচ পড়ত প্রতি টন ৯০০ ডলার। সেই মসুর ডাল এখন পাওয়া যাচ্ছে প্রতি টন ৭২০ ডলারে। জুলাইয়ে প্রতি টন পাম তেল আমদানি করতে খরচ হতো ১ হাজার ৬০০ ডলার। এখন এক হাজার ডলারের কমবেশি দরে পাওয়া যাচ্ছে পাম তেল।

এ তথ্যে বিশ্ববাজারে পণ্যের দামে স্বস্তির খবর পাওয়া যাচ্ছে। তবে মসুর ডাল ও পাম তেল বাদ দিয়ে সয়াবিন তেলের দরদামের খবর নেওয়ার সময় এ স্বস্তি অবশ্য থাকবে না। কেন? তা উদাহরণ দেওয়া যাক। যুক্তরাষ্ট্রের পণ্য লেনদেনের এক্সচেঞ্জ শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিন তেলের সর্বোচ্চ দর উঠেছিল গত ২৮ এপ্রিল। ওই দিন সব রেকর্ড ভেঙে প্রতি টন প্রায় দুই হাজার ডলারে বেচাকেনা হয়েছিল সয়াবিন তেল। সেপ্টেম্বর মাসে সয়াবিনের দাম কমে দাঁড়ায় প্রতি টন ১ হাজার ৩৫৭ ডলার, যা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর সর্বনিম্ন দাম। সেখান থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে সয়াবিনের দাম। দুই মাসের ব্যবধানে চলতি মাসে শিকাগোতে প্রতি টন সয়াবিন তেল লেনদেন হয়েছে ১ হাজার ৫৮০ ডলারে। মানে, দুই মাসের ব্যবধানে সয়াবিন তেলের দাম আবার টনপ্রতি ২২৩ ডলার বেড়ে গেছে।

বিশ্বের অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাহিদা কমে গেছে। চাহিদা কমে যাওয়া মানে সরবরাহ বেড়ে যাওয়া। সরবরাহ বেড়ে গেলে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা থাকে।
আবুল বশর চৌধুরী, চেয়ারম্যান, বিএসএম গ্রুপ

এ বছর পণ্যের দামের উত্থান-পতনের এমন চিত্র যেন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে। এ অবস্থায় তাই আগামী দিনে নিত্যপণ্যের বিশ্ববাজারে স্থিতিশীলতা আসবে কি না, তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। এমনিতেই পণ্যবাজারে কখন কোন পণ্যের দাম বাড়ে বা কমে, তার নিশ্চয়তা নেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর পণ্যবাজারের দাম বাড়া-কমার গতিপথ দ্রুত বদলেছে। যুদ্ধের পর বিশ্ববাজারে নিত্যপণ্যের দামে নিত্যনতুন রেকর্ড হয়েছে। কখনো দাম কমে এক বছর আগের অবস্থায় ফিরে গেছে। আবার কখনো হঠাৎ দাম বেড়ে যাচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখনো শেষ হয়নি। সেই সঙ্গে পণ্যের দাম নিয়ে অনিশ্চয়তাও কাটেনি। তবে যুদ্ধের পর যেভাবে দাম নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে, সেই অস্থিরতা কিছুটা কমেছে। এ কারণে যুদ্ধের পর যেভাবে নিত্যপণ্য আমদানিতে আমদানিকারকদের খরচ বেড়েছিল, সামনে তার উত্তাপ কিছুটা কমবে বলেই ব্যবসায়ীদের ধারণা। কারণ, যুদ্ধের পর শুধু পণ্যের দামই বাড়েনি, জাহাজভাড়াও তিন-চার গুণ বেড়ে গেছে। ফলে পণ্যের বাড়তি দামের সঙ্গে বাড়তি জাহাজভাড়া যোগ হয়ে আমদানি ব্যয় বেড়ে যায়। এতে বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলোয় পণ্যের আমদানি খরচ অনেক বেড়ে যায়। এখন অবশ্য জাহাজভাড়া কমেছে। তাতে বিশ্ববাজার থেকে আগের চেয়ে কিছুটা হলেও কম খরচে পণ্য আমদানির সুযোগ তৈরি হয়েছে।

বৈশ্বিক বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল হতে পারে কি না, জানতে চাইলে নিত্যপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী প্রথম আলোকে বলেন, বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম নির্ভর করে চাহিদা-সরবরাহ ও উৎপাদনকারী দেশগুলোর আবহাওয়া পরিস্থিতির ওপর। আবার বিনিয়োগকারীরা কোন পণ্যে বিনিয়োগ বেশি করছে বা প্রত্যাহার করে নিচ্ছে, তার ওপরও দাম নির্ভর করে।

আবুল বশর চৌধুরী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বড় অনিশ্চয়তায় ফেলেছে বৈশ্বিক নিত্যপণ্যের বাজারকে। বিশ্বের অনেক দেশে উচ্চ মূল্যস্ফীতির কারণে চাহিদা কমে গেছে। চাহিদা কমে যাওয়া মানে সরবরাহ বেড়ে যাওয়া। আর চাহিদা কমে ভোগ কমে গেলে। সে ক্ষেত্রে সরবরাহ বেড়ে গেলে নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা থাকে।

বাংলাদেশে নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি ব্যয় হয় চারটি পণ্য আমদানিতে। পণ্য চারটি হলো গম, চিনি, সয়াবিন ও পাম তেল। গত ২০২১-২২ অর্থবছরে এ ৪ পণ্য আমদানিতে ব্যয় হয়েছে প্রায় ৬ বিলিয়ন বা ৬০০ কোটি মার্কিন ডলার। আমদানির পরিমাণ ছিল এক কোটি সাত লাখ টন। এ ছাড়া বিভিন্ন ধরনের ডাল আমদানিতেও গত অর্থবছর ব্যয় হয়েছে ৮৩ কোটি ডলার। তাই বিশ্ববাজারে এই পণ্যগুলোর দামের উত্থান-পতনে সরাসরি প্রভাব পড়ে দেশের বাজারেও। কারণ, সব কটি পণ্যের সিংহভাগ চাহিদা মেটাতে হয় আমদানি করে।

নিত্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হয় গম আমদানিতে। গত অর্থবছর এ পণ্য আমদানিতে ২১৩ কোটি ডলার ব্যয় হয়েছে। আমদানির পরিমাণ ছিল ৬২ লাখ টন। বিশ্ববাজারে এ পণ্যের দাম যেভাবে বেড়েছিল, সেখান থেকে এখন কিছুটা কমেছে। যেমন বিশ্ববাজারে সাধারণ আমিষযুক্ত গমের প্রতি টনের দাম উঠেছিল ৩৯৫ ডলার। এখন প্রতি টনে দাম ৩৬৫ থেকে ৩৭০ ডলারে নেমেছে। উচ্চ আমিষযুক্ত গমের দাম প্রতি টন ৪৫৫ ডলার থেকে কমে ৪৩০ ডলারে নেমেছে। শস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে গম রপ্তানি শুরু হওয়ায় দামেও তার প্রভাব পড়েছে। সামনে এ চুক্তির মেয়াদ আর না বাড়লে আবারও দামে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ৯ মাস পার হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি এ যুদ্ধ শুরু হয়। যুদ্ধের ৯ মাস পর বৈশ্বিক বাজারে সয়াবিন ছাড়া অন্য পণ্যের দামে স্থিতিশীলতা ফিরে এসেছে। রাশিয়া-ইউক্রেনের শস্য চুক্তির পর দেশ দুটি থেকে রপ্তানি বেড়েছে। আবার এখনো রপ্তানিতে অনেক দেশের বিধিনিষেধ কাটেনি। যেমন ভারত গমসহ বেশ কিছু পণ্য রপ্তানিতে এখনো বিধিনিষেধ বহাল রেখেছে।
এমন নানা স্বস্তি-অস্বস্তির খবর লেগে আছে নিত্যপণ্যের বৈশ্বিক বাজারে। তাই দু-একটি ছাড়া নিত্যপণ্যের দাম এখন স্থিতিশীল থাকলেও কত দিন এ ধারা বজায় থাকবে, তার কোনো নিশ্চয়তা নেই। আর অনিশ্চয়তা তৈরি করে রেখেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।