পৃষ্ঠপোষকেরা কেন বিশ্বকাপে পৃষ্ঠপোষকতা করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ আয়োজন করা চাট্টিখানি কথা নয়, শত শত কোটি ডলার ব্যয় হয়ে যায় প্রতিটি আসরে। এই অর্থ নিছক টিকিট বিক্রি থেকে আয় করতে পারে না ফিফা। মূল আয় হয় পৃষ্ঠপোষকদের দেওয়া অর্থ থেকে। কিন্তু কথা হচ্ছে, কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করে পৃষ্ঠপোষকেরা কী পায়।  

কোম্পানিগুলো এই পৃষ্ঠপোষকতা করে কী পায়, তা বোঝার জন্য শুরুতে বুঝতে হবে, পৃষ্ঠপোষকতা বলতে কী বোঝায়। বিশ্লেষকেরা বলেন, কোম্পানিগুলো কোনো প্রতিযোগিতা, দল বা ব্যক্তির পৃষ্ঠপোষকতা করার মধ্য দিয়ে মূলত পণ্য বিক্রির চেষ্টা করে। সোজা বাংলায়, পৃষ্ঠপোষকেরা পৃষ্ঠপোষকতা করে বাণিজ্যিকভাবে লাভবান না হলে সেখানেই তার সমাপ্তি ঘটে। আবার বিশ্বকাপ ফুটবলের মতো প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার মতো কোম্পানির অভাব নেই। তাদের মধ্যে চলে অলিখিত প্রতিযোগিতা। ফলে যারা আনুষ্ঠানিকভাবে পৃষ্ঠপোষকতা করার সুযোগ পায়, তারা এমনিতেই প্রতিযোগীদের চেয়ে এগিয়ে যায়।

ফিফার নিয়মিত পৃষ্ঠপোষকদের তালিকায় আছে ক্রীড়াসামগ্রী বিক্রয়কারী জার্মান কোম্পানি অ্যাডিডাস। সেই ১৯৭০-এর দশকে তারা পৃষ্ঠপোষকতা শুরু করে। এখনো সেই ধারা চলছে। বিষয়টি হচ্ছে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় অ্যাডিডাসের লোগো থাকার অর্থ হলো, তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের অ্যাডিডাসের প্রতি আগ্রহী হওয়া। আর বিশ্বকাপের মতো প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হওয়ার অর্থ হলো, ক্রীড়াসামগ্রীর ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা পাওয়া। এতে যেকোনো কোম্পানির ব্যবসার দ্বার খুলে যায়। চুক্তি অনুযায়ী, অ্যাডিডাস আগামী ২০৩০ সাল পর্যন্ত প্রতিটি বিশ্বকাপে ফিফাকে এক কোটি ডলার দেবে।

১৯৭৪ সাল থেকে ফিফার সঙ্গে যুক্ত আছে কোকা-কোলা। ২০০৫ সালে তারা ১৬ বছরের জন্য চুক্তি নবায়ন করে এবং এরপর তা ২০২২ সাল পর্যন্ত নিয়ে যায়। চুক্তি নবায়নের সময় তারা জানত না, ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপ কোথায় হবে।
২০০৭ সালে ফিফার সঙ্গে ভিসার চুক্তি হয়। সে অনুসারে, ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল থেকে শুরু করে ফিফার সব ধরনের প্রতিযোগিতায় তারা পৃষ্ঠপোষকতা দেবে।

তখন থেকেই মাস্টারকার্ডসহ অন্যান্য বড় ক্রেডিট কার্ড কোম্পানির তুলনায় ভিসার শেয়ার মূল্য বেশি। এতেই বোঝা যায় বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার সুবিধা কী।  

বাজারকেন্দ্রিক মূল্যবোধ

বিশ্বজুড়ে ভোক্তাদের তৎপরতা বৃদ্ধি পাচ্ছে। ফলে যেসব ব্র্যান্ড ও সেবাদানকারী প্রতিষ্ঠান ভোক্তাদের আগ্রহে গুরুত্ব দেবে না, তারা ভোক্তাদের থেকে দূরে সরে যাওয়ার ঝুঁকিতে থাকবে, এটাই বাস্তবতা। আবার সমাজের অভিন্ন মূল্যবোধের প্রতি সমর্থন জানালেও ব্র্যান্ড মূল্য বৃদ্ধি পায়। যেমন এবারের বিশ্বকাপের ১৪টি পৃষ্ঠপোষকের মধ্যে ৪টি কোম্পানি বিশ্বকাপের অবকাঠামো নির্মাণের সময় ক্ষতিগ্রস্ত শ্রমিকদের প্রতিকার লাভের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে। এই কোম্পানিগুলো হলো বুদওয়েইজার, অ্যাডিডাস, কোকা-কোলা ও ম্যাকডোনাল্ডস। ফলে বাকি ১০ পৃষ্ঠপোষকের চেয়ে তারা এমনিতেই আলাদা বা বিশিষ্ট হয়ে থাকবে।