বিশ্বের প্রযুক্তি খাতে ছাঁটাই এখনো চলছে। চলতি বছরের প্রথম ৯ মাসে এ খাতে মোট ২ লাখ ৪০ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। ধারণা করা হয়েছিল, বিশ্ব অর্থনীতি মন্দা এড়ানোর কারণে চলতি বছর ছাঁটাইয়ের তেমন প্রয়োজন হবে না; কিন্তু বাস্তবে তার উল্টোটাই ঘটছে। বছরের প্রথম ৯ মাসে প্রযুক্তি কোম্পানিগুলোতে গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ বেশি কর্মী ছাঁটাই হয়েছে। প্রযুক্তি খাতবিষয়ক অনলাইন পোর্টাল টেক ক্রাঞ্চের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়,গত অক্টোবরে ফোন কোম্পানি নকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। কারণ হিসেবে বলা হচ্ছে, বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৬৯ শতাংশ। অন্যান্য বড় প্রযুক্তি কোম্পানির মধ্যে কোয়ালকম, কোয়ালট্রিকস ও লিঙ্কডইনও বিপুল কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে ঠিকই, কিন্তু তার গতি কম। এ কারণে অনেক কোম্পানি দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক ধীরগতির আশঙ্কা করছে এবং সে অনুযায়ী প্রস্তুতিও নিচ্ছে। সেই সঙ্গে বিনিয়োগকারীদের মনোভাবে একধরনের পরিবর্তন এসেছে। তাঁরা এখন প্রবৃদ্ধির চেয়ে দক্ষতা উন্নয়নে বেশি জোর দিচ্ছেন। ফলে কোম্পানির ব্যয় কমছে, আর ছাঁটাই হচ্ছে কর্মী।
চলতি বছরের কোন মাসে প্রযুক্তি খাতে কত কর্মী ছাঁটাই হয়েছেন তারও তথ্য তুলে ধরা হয়েছে টেক ক্রাঞ্চের প্রতিবেদনে। প্রতিবেদনের তথ্যানুসারে, জানুয়ারি মাসে ছাঁটাই হয়েছে সবচেয়ে বেশিসংখ্যক কর্মী। এরপর অবশ্য প্রতি মাসে ছাঁটাইয়ের হার কমে এসেছে।
জানুয়ারি মাসে ছাঁটাই হয়েছেন ৮৯ হাজার ৫৫৪ কর্মী, ফেব্রুয়ারি মাসে ৪০ হাজার ২১, মার্চে ৩৭ হাজার ৮২৩, এপ্রিলে ২০ হাজার ১৪, মে মাসে ১৪ হাজার ৯২৮, জুনে ১০ হাজার ৯৫৮, জুলাইতে ১০ হাজার ৫৮৯, আগস্টে ৯ হাজার ৫৪৫ ও সেপ্টেম্বরে ৪ হাজার ৬৩২ কর্মী।
মহামারির সময় বিশ্বের বিপুলসংখ্যক মানুষ ঘরে থেকে কাজ করেছেন। তখন প্রযুক্তি খাতের চাহিদা অনেক বেড়ে যায়। অতিরিক্ত চাহিদা মেটাতে ২০২০ সালের জুন থেকে ২০২২ সালের জুনের মধ্যে বিপুল কর্মী নিয়োগ দিয়েছে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো। কিন্তু ২০২২ সালের মাঝামাঝি থেকে বেশির ভাগ কোম্পানি কার্যালয়ে এসে কাজ করা বাধ্যতামূলক করার পর প্রযুক্তির চাহিদা কমে গেছে। অর্থাৎ প্রযুক্তির চাহিদা কমে যাওয়ায় এসব কোম্পানির কর্মীদের বিদায় করা হচ্ছে।
এ মুহূর্তে বিপুল ছাঁটাইয়ের আরেকটি বড় কারণ হিসেবে বিশ্লেষকেরা চিহ্নিত করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে। এআই খাতে বিনিয়োগ ক্রমেই বাড়াচ্ছে প্রযুক্তি কোম্পানিগুলো। এতেই তৈরি হয়েছে অর্থের সংকট।
দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযুক্তির যা গতি-প্রকৃতি, তাতে এ মুহূর্তে এআই খাতে কেউই বিনিয়োগ কমানোর ঝুঁকি নিতে চাইছে না। কিন্তু এখনই তা থেকে আয় বৃদ্ধির নতুন পথ বেরোচ্ছে না। এ ক্ষেত্রে সবচেয়ে সহজ পথ হচ্ছে কর্মী ছাঁটাই এবং তা করেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তারা।
বিশ্লেষকেরা বলছেন, প্রযুক্তি খাতের প্রবৃদ্ধির হার কমে গেছে। এর আগে কয়েক বছর উচ্চ হারের প্রবৃদ্ধির পর প্রযুক্তি খাত এখন নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়েছে, যেমন ক্রমবর্ধমান উচ্চ মূল্যস্ফীতি, বৈশ্বিক চিপ-সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত অর্থনীতির নিম্ন গতি ও বৈশ্বিক উচ্চ মূল্যস্ফীতি।
এদিকে বিপুল ছাঁটাই-যজ্ঞের কারণে প্রযুক্তি খাতের মেধাবী কর্মীদের ওপর বড় প্রভাব পড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। যাঁদের কাজ গেছে, তাঁরা যেমন নতুন করে কাজ খুঁজছেন, তেমনি যাঁরা এখনো কাজে আছেন, তাঁরাও সব সময় অনিশ্চয়তার মধ্যে আছেন—কখন যেন চাকরি যায়! বিষয়টি সামগ্রিকভাবে প্রযুক্তি খাতের জন্য খুব ভালো হচ্ছে না। কারণ, মেধাবী কর্মীরা এভাবে দলে দলে চাকরি হারালে একসময় হয়তো মেধাবীরা এ খাতের প্রতি আগ্রহ হারাবেন।
এ পরিস্থিতিতে ছাঁটাই হওয়া কর্মীদের প্রতি বিশেষজ্ঞদের পরামর্শ হলো মন ভেঙে গেলে চলবে না। সব সময় নতুন প্রযুক্তি ও জ্ঞানের সঙ্গে তাল মেলাতে হবে বা হালনাগাদ থাকতে হবে; নতুন দক্ষতা রপ্ত করতে হবে; সেই সঙ্গে নতুন নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। সবচেয়ে বড় কথা, বিকল্প ব্যবস্থা রাখতে হবে।