পোলট্রি খাতে সরকারের তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন দেশের মফস্বল ও প্রান্তিক পর্যায়ের পোলট্রি তথা মুরগির খামারিরা। তাঁদের দাবি, এই খাত এখন কয়েকটি বড় কোম্পানির নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে তাঁরা উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে ক্ষতির মুখে পড়ছেন।
এমন পরিস্থিতিতে ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষায় সরকারিভাবে পোলট্রি খাদ্য, ডিম, ব্রয়লার, লেয়ার ও সোনালি মুরগির দাম নির্ধারণ; নিয়মিত বাজার তদারকি এবং সহজ শর্তে ঋণ প্রদানের দাবি জানিয়েছেন খামারিরা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রান্তিক পর্যায়ের খামারিদের সংগঠন বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশনের নেতারা এসব দাবি জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সংগঠনটির সভাপতি সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার, সহসভাপতি বাপ্পী কুমার, খুলনা বিভাগীয় সভাপতি বুরহান উদ্দিন ও রংপুর বিভাগীয় সভাপতি সুজন মাহমুদ প্রমুখ।
সুমন হাওলাদার বলেন, বর্তমানে বেশি দামের কারণে দেশের পোলট্রি খাতের বাজার অস্থির হলেও প্রান্তিক পর্যায়ের খামারিরা ভালো নেই। বাজারে দাম যতই বাড়ুক না কেন, এতে সাধারণ খামারিদের কোনো লাভ হচ্ছে না।
পোলট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, পোলট্রি খাবার ও মুরগির বাচ্চা উৎপাদন শুধু কয়েকটি বড় প্রতিষ্ঠান করে থাকে। ব্রয়লার মুরগির বাচ্চা উৎপাদনের খরচ ২৫ থেকে ২৮ টাকা। অথচ এসব কোম্পানি সাধারণ খামারিদের কাছে তা ৪০ থেকে ৫০ টাকা দামে বিক্রি করে। তবে তাদের নিজস্ব খামার ও চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানকে কম দামে দেয়। এসব প্রতিষ্ঠানই আবার বিক্রির সময় নিজেদের সুবিধামতো বাজারের দরদাম ঠিক করে। ফলে বাড়তি উৎপাদন খরচ আর বাজারের প্রতিযোগিতায় টিকতে না পেরে সাধারণ খামারিরা ক্ষতিগ্রস্ত হন।
পোলট্রি খাতে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব এখনো তেমনভাবে পড়েনি দাবি করে সুমন হাওলাদার বলেন, জ্বালানির দাম বাড়ানোর ঘোষণার পরেই বাজারে ডিম ও মুরগির দাম বাড়িয়ে দেওয়া হয়। অন্যায্যভাবে মুনাফা অর্জনের জন্য এই কাজ করা হয়েছে। এসব সমস্যার সমাধানে সরকার থেকে পোলট্রি খাদ্য ও বাচ্চার দাম নির্ধারণ করে দেওয়ার দাবি জানান তিনি।
সংগঠনের সহসভাপতি বাপ্পী কুমার জানান, বর্তমানে দেশে প্রতিদিন সাড়ে চার কোটি ডিমের চাহিদা আছে। এর মধ্যে সাধারণ খামারিরা ১ কোটি ৩০ লাখ ডিম উৎপাদন করেন। আর নির্দিষ্ট কিছু কোম্পানি প্রায় আড়াই কোটি ডিম উৎপাদন করে। জ্বালানির দাম বাড়ার পরে গত ১৫ দিনে ডিমপ্রতি দাম ৩ টাকা বাড়িয়ে কোম্পানিগুলো বাজার থেকে ১১২ কোটি ৫০ লাখ টাকা বাড়তি মুনাফা করেছে। একইভাবে মুরগির বাচ্চার দাম বাড়িয়ে ১৩০ কোটি টাকা ও রেডি মুরগিতে (ব্রয়লার ও সোনালি মুরগি) ২৬০ কোটি টাকা অতিরিক্ত মুনাফা করেছে।
পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস খন্দকার বলেন, প্রান্তিক খামারিরা বিভিন্ন সংকটে আছেন। অথচ তাঁদের দেখার কেউ নেই। তাঁদের প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরও উদাসীন থাকে।