এফবিসিসিআই সভাপতির দায়িত্ব নিলেন মাহবুবুল আলম
দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহবুবুল আলম। রাজধানীর মতিঝিলে ফেডারেশনের কার্যালয়ে গতকাল সোমবার বিকেলে সংগঠনটির বিদায়ী সভাপতি মো. জসিম উদ্দিনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম।
একই সঙ্গে দায়িত্ব নেন নবনির্বাচিত জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী ও মো. মুনির হোসেন।
এ সময় সংগঠনটির বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরীসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
এফবিসিসিআইয়ের নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নতুন সভাপতি মাহবুবুল আলম জানান, স্মার্ট এফবিসিসিআই গড়তে সংগঠনকে বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকার গুলশানে নতুন শাখা কার্যালয় স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী দুই মাসের মধ্যে সেটি চালু হবে।
পুরান ঢাকায় একটি লিয়াজোঁ কার্যালয় স্থাপনের জন্যও জায়গা খুঁজছে এফবিসিসিআই। ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগেও শাখা কার্যালয় খোলার চিন্তা রয়েছে বলে জানান মাহবুবুল আলম। এ ছাড়া রাজধানীতে একটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নতুন পর্ষদের আরও কিছু কর্মপরিকল্পনার কথা জানান সংগঠনটির নতুন সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে প্রতি তিন মাস পর খাতভিত্তিক তথ্য–উপাত্ত নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে এফবিসিসিআই। নিত্যপণ্যের বৈশ্বিক দাম নিয়মিত প্রকাশ করার উদ্যোগও নেওয়া হবে। এতে করে দামের কারসাজি বন্ধ হবে বলে মনে করেন তিনি। পাশাপাশি এফবিসিসিআইয়ের অধীন সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে নিয়ে একটি ওয়েব পোর্টাল তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।
এ ছাড়া ব্যবসায়ী ও সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে এফবিসিসিআই কাজ করবে বলে জানান মাহবুবুল আলম।