ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মীরাও এখন রেশন সুবিধা পাবেন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজীবন রেশন সুবিধা চালু করেছে সরকার। ফলে এখন থেকে অবসরের পরও রেশন সুবিধা পাবেন এই সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়য়ের প্রবিধি অনুবিভাগের এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবের কাছে ওই পত্র পাঠানো হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশনা দিলে মন্ত্রণালয় তাতে সম্মতি দিয়ে সেবা বিভাগে ওই চিঠি পাঠায়।
অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কর্মচারী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারের একজন সদস্যসহ মোট দুজন সদস্যকে সরকার কর্তৃক ভর্তুকি হিসেবে রেশন দেওয়া হবে।
অবসরপ্রাপ্ত দুই সদস্যবিশিষ্ট পরিবারের জন্য রেশন হিসেবে প্রতি মাসে ২০ কেজি সেদ্ধ বা আতপ চাল, ২০ কেজি আটা, ২ কেজি চিনি, ২ কেজি ডাল ও সাড়ে ৪ লিটার ভোজ্যতেল প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে।
পরিবারে দুইয়ের অধিক সদস্য থাকলে তাঁদের জন্য অতিরিক্ত রেশন দেওয়া হবে না। আর কোনো পরিবারের সদস্য একজন হলে তিনি সব পণ্য অর্ধেক হারে পাবেন।
রেশন প্রদানের শর্ত হিসেবে বলা হয়েছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যেসব সদস্য চলতি বছরের ১ জুলাই বা এর পরে অবসরে যাবেন, তাঁরা এই সুবিধা পাবেন।
ফায়ার সার্ভিস সদস্যের সন্তানদের ক্ষেত্রে এ সুবিধা ২১ বছর পর্যন্ত প্রযোজ্য হবে। তবে সদস্যদের কোনো সন্তান যদি প্রতিবন্ধী, পঙ্গু ও বিকলাঙ্গ হন কিংবা তাঁদের যদি অবিবাহিত কন্যা থাকে, তাহলে তাঁরা আজীবন এ সুবিধা পাবেন।
এ ছাড়া স্বামী-স্ত্রী উভয়ই যদি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্য হন অথবা ভিন্ন কোনো সংস্থা থেকে রেশন সুবিধা পান, তাহলে তাঁদের যেকোনো একজন চাকরিতে কর্মরত থাকা অবস্থায় তাঁরা কিংবা তাঁদের পরিবারের কোনো সদস্য অবসরকালীন রেশন সুবিধা পাবেন না।