আকাশের রানিকে অশ্রুসিক্ত বিদায় জানাল বোয়িং
বিদায় জানানো হলো আকাশের রানিখ্যাত বোয়িং ৭৪৭ মডেলের বিমানকে। গতকাল মঙ্গলবার এই মডেলের শেষ বিমান অ্যাটলাস এয়ারের হাতে তুলে দিয়েছে বোয়িং কর্তৃপক্ষ। একই সঙ্গে এই বিমান ‘জাম্বো জেট’ হিসেবেও পরিচিত।
এ ঘটনায় বোয়িংয়ের কর্মীরা আবেগপ্রবণ হয়ে পড়েন। গতকাল ওয়াশিংটনে এই বিমান অ্যাটলাসের হাতে তুলে দেওয়ার সময় বোয়িংয়ের হাজারখানেক কর্মী উপস্থিত ছিলেন।
আবেগপ্রবণ হওয়ার অনেক কারণ আছে বোয়িং কর্মীদের। কারণ, এই বিমান যখন আকাশে ওড়ে, তখন তার রাজকীয় হাবভাব রীতিমতো তাক লাগিয়ে দেয়। এটিই বিশ্বের প্রথম বড় বিমান। ৫০ বছরেরও বেশি সময় ধরে আকাশে দাপিয়ে বেড়িয়েছে এই বিমান।
গতকালের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা জন ট্রাভোলটা। অনুষ্ঠানে আবেগমথিত কণ্ঠে তিনি বলেন, বাণিজ্যিক বিমানের পাইলটদের জন্য এটি প্রকৃত অর্থেই খুব বেদনাদায়ক বিষয়—এমন একটি বিমান আকাশে আর উড়বে না, তা মেনে নেওয়া কঠিন। তাঁর মতে, বোয়িং ৭৪৭ এযাবৎকালের সবচেয়ে সুচিন্তিত ডিজাইনে তৈরি সবচেয়ে নিরাপদ বিমান।
জনপ্রিয় বিমান
১৯৭০ সালে প্রথম বাণিজ্যিকভাবে আকাশে ওড়ে এই বিমান। এর সামনের অংশে কুঁজ আছে। এই বিমানে আছে ককটেল লাউঞ্জ, যা লম্বায় ৭০ মিটার ও ৬০ মিটার প্রশস্ত। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদেরও পছন্দ এই বিমান।
আর চার-পাঁচটা সাধারণ বিমানের থেকে বোয়িং ৭৪৭-এর নকশা অনেকটাই আলাদা। এর ইঞ্জিন চারটি, আছে দুটি করিডর। একসঙ্গে প্রায় ৫০০ জন যাত্রীকে নিয়ে উড়তে পারে এই বিমান। ঠিক সে কারণেই এর এত জনপ্রিয়তা, এই বিমান আকাশভ্রমণকে সাধারণের হাতের নাগালে নিয়ে এসেছে।
কথা হচ্ছে, যে বিমানের এত জনপ্রিয়তা, তার উৎপাদন কেন বন্ধ করা হলো। বিমান সংস্থাগুলো চাইছে, জ্বালানি কম লাগে—এমন অত্যাধুনিক বিমান তৈরি করা হোক। সে জন্য বোয়িং ও এয়ারবাস আরও জ্বালানিসাশ্রয়ী বিমান উৎপাদন করছে। করোনা মহামারির কয়েক বছর আগে বোয়িং ৭৪৭ বিমান ব্যবহার বন্ধ করেছে ইউনাইটেড ও ডেলটা। মহামারির সময় ‘জাম্বো জেট’কে বিদায় জানিয়েছিল ব্রিটিশ এয়ারওয়েজ ও কান্তাসের মতো বিমান সংস্থাগুলো।
দুর্ঘটনা
বোয়িং ৭৪৭-এর উজ্জ্বল উপস্থিতির মধ্যে অন্ধকার দিকও আছে। অনেকবার দুর্ঘটনার মুখে পড়তে হয়েছে ‘আকাশের রানিকে’। তথ্যানুযায়ী, ৬১টি বোয়িং ৭৪৭ বিমান দুর্ঘটনা ও বিপত্তির মুখোমুখি হয়েছিল। মোট ৩ হাজার ৭২২ জন যাত্রীর প্রাণহানি ঘটেছে।
১৯৭৪ সালের ২০ নভেম্বর প্রথমবার দুর্ঘটনার মুখে পড়ে বোয়িং ৭৪৭। নাইরোবি থেকে টেকঅফের পর ভেঙে পড়েছিল লুফথানসার বোয়িং ৭৪৭ বিমান। সে দুর্ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছিল।
১৯৮৫ সালের ২৩ জুন ভারতের হাতে থাকা একটি বোয়িং ৭৪৭ বিমানে বিস্ফোরণ ঘটে। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ বিমান ‘কণিষ্ক’ কানাডার মন্ট্রিয়ল থেকে লন্ডন হয়ে মুম্বাই আসছিল। বোমা বিস্ফোরণের জেরে বিমানটি আটলান্টিক মহাসাগরে ভেঙে পড়ে। বিমানের ক্রু, যাত্রীসহ মোট ৩২৯ জনের মৃত্যু হয়েছিল সে দুর্ঘটনায়।
দুর্ঘটনা ছাড়া ইতিহাসের আরও কিছু ঘটনার সাক্ষী এই বিমান। ১৯৭০ সালে এক বিপত্তির মুখে পড়ে এই বিমান। ওই বছরের ৬ সেপ্টেম্বর প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের বিমান অপহরণ করে ফিলিস্তিনের ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন’।
আমস্টারডাম থেকে নিউইয়র্কের উদ্দেশে যাচ্ছিল বিমানটি। অপহরণকারীরা বিমানটি প্রথমে বৈরুতে নিয়ে যান। পরে বিমানটিকে সেখান থেকে কায়রোয় নিয়ে যান তাঁরা। কায়রো পৌঁছানোর পর যাত্রীদের সরিয়ে বিমানটি বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়।
গত বছরের ডিসেম্বর মাসে বোয়িং ৭৪৭-এর শেষ বিমানের নির্মাণকাজ শেষ হয়। এরপর এত দিন প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। ছুটির মধ্যে এটি উড়িয়ে নিয়ে যাওয়া হয় পোর্টল্যান্ডে। সেখানে বিমানটি রং করা হয়। আজ বুধবার বিমানটি ওহাইওতে অ্যাটলাসের সদর দপ্তরে নিয়ে যাওয়া হবে। তবে এখনই আকাশের রানি হারিয়ে যাচ্ছে না। নতুন এই বিমানসহ পুরোনো যেসব বিমান এখনো চলছে, সেগুলো চলবে। তবে নতুন করে এটা আর উৎপাদিত হবে না।
তবে এই বিমান উৎপাদনের সঙ্গে জড়িত কর্মীদের চাকরি যাচ্ছে না। তাঁদের বোয়িংয়ের অন্যান্য বিভাগে সরিয়ে নেওয়া হচ্ছে। অনেকে অবশ্য স্বেচ্ছা–অবসরে চলে যাচ্ছেন।