পাকিস্তানের রাজনৈতিক সংকট অর্থনৈতিক দুর্দশাই কেবল বাড়াবে

ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের দিকে পাথর ছুড়ে পাল্টা জবাব দিচ্ছেন তাঁর সমর্থকেরা। ১০ মে, পেশোয়ার, পাকিস্তানছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর দেশটিতে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, তাতে করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে খুবই প্রয়োজনীয় একটি ঋণ পাওয়া নিয়ে জটিলতা বাড়বে। ফলে পাকিস্তানের অর্থনৈতিক সংকট কেবল গভীরই হবে।

২২ কোটি জনসংখ্যার দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে রয়েছে, আর মূল্যস্ফীতি বেড়েই চলছে। একদিকে রুপির মূল্যপতন ঘটছে, অন্যদিকে কমছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে খাদ্যের মতো প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি। খাদ্য সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। কয়েক মাস ধরেই আশঙ্কা প্রবল হচ্ছে যে দেশটি ঋণ পরিশোধে ব্যর্থ হতে পারে।

দুর্নীতির অভিযোগে নাটকীয়ভাবে গ্রেপ্তারের পর ইমরান খানকে গত শুক্রবার জামিন দেওয়া হয়। তবে তার আগেই এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে প্রতিবাদ ও সহিংস বিক্ষোভ হয়েছে। ফলে অর্থনীতির জন্য ঋণ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ইমরান খান সিএনএনকে বলেছেন, তাঁকে আবারও গ্রেপ্তার করা হতে পারে।

ইমরান খানের গ্রেপ্তারের পর বিক্ষোভে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। তাঁর সমর্থকেরা অনেক ভবনে হামলা চালান, সংঘর্ষে জড়িয়ে পড়েন নিরাপত্তা বাহিনীর সঙ্গে। অক্সফোর্ড ইকনোমিকসের উদীয়মান বাজারবিষয়ক বিশ্লেষক সের্গি লানাউ বলেন, ‘পুরো বিষয়টি আরও জটিল হয়ে গেছে। পরিস্থিতি আগে থেকেই খারাপ। আর এই অবস্থা আরও খারাপ একটি খবর।’

সরকার হয়তো স্বল্প মেয়াদে আর্থিক পরিস্থিতি সামলাতে পারবে, কারণ চীনের মতো দেশ সহায়তা করছে। কিন্তু আইএমএফের সঙ্গে সমঝোতা না হলে ঋণ খেলাপি হওয়ার আশঙ্কা বাড়বে।

আইএমএফ আগেই পাকিস্তানের জন্য ৬৫০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছিল। কিন্তু সর্বশেষ কিস্তির অর্থ ছাড় এখন আটকে রয়েছে। অর্থ ছাড় নিয়ে আইএমএফ পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, তাঁরা কর্তৃপক্ষের সঙ্গে ‘গভীরভাবে আলোচনা’ করছেন, তবে তাঁরা ‘চ্যালেঞ্জিং পরিস্থিতিও মোকাবিলা’ করছেন।

বিনিয়োগকারীরা অবশ্য সন্দেহ করছেন যে ঋণের বিষয়ে আইএমএফ এবং পাকিস্তান আদৌ কোনো সমঝোতায় পৌঁছাতে পারবে কি না। চলতি বছরেই পাকিস্তানে নির্বাচন হওয়ার কথা। তার আগে দেশটিতে রাজনৈতিক পরিবেশ অস্থির হয়ে উঠেছে।

অর্থনৈতিক দুরবস্থা

রাজনৈতিক অস্থিরতা এল এমন সময়ে, যখন পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ। অর্থনীতি রীতিমতো হামাগুড়ি দিচ্ছে। ডলার–সংকটের কারণে দেশটি আমদানি করতে পারছে না। সংকটের কারণে খাদ্যের দাম আকাশ ছুঁয়েছে। এপ্রিলে মূল্যস্ফীতি ছিল ৩৬ দশমিক ৪ শতাংশ।

করাচির একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক তাহির আব্বাস বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন ৪৪০ কোটি ডলার, যা দিয়ে এক মাসের আমদানি খরচ মেটানো সম্ভব।

গত বছরের ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি পাকিস্তান এখনো কাটিয়ে উঠতে পারেনি। বিশ্বব্যাংক বলছে, গত দুই দশকে দারিদ্র্য বিমোচনে দেশটি যতটুকু অগ্রগতি অর্জন করেছিল, তা ম্লান হওয়ার আশঙ্কা রয়েছে। আর গরিব পরিবারগুলো আরও গরিব হতে পারে।

পাকিস্তান তার ঋণ পরিশোধ করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ঋণমান নির্ধারণ করে এমন একটি প্রতিষ্ঠান, মুডিস, ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের ক্রেডিট রেটিং কমিয়ে দিয়েছে।

এমন অবস্থায় বড় ধরনের বিক্ষোভ পরিস্থিতি কেবল খারাপই করতে পারে। বিশৃঙ্খলা ঠেকাতে কর্তৃপক্ষ মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়। তবে এই পদক্ষেপের সমালোচনা করেছে মোবাইল সেবাদানকারীদের সংগঠন জিএসএমএ। তাদের মতে, এটি নাগরিক ও ব্যবসার জন্য ক্ষতিকর।

তাহির আব্বাস বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা এবং সংকটের মতো একটি পরিস্থিতি ইতিমধ্যেই দুর্দশাগ্রস্ত অর্থনীতিকে আরও নিস্তেজ করে দিচ্ছে।

এরপর কী হতে পারে

আইএমএফের ঋণের ছাড়করণ গত নভেম্বর থেকে বন্ধ হয়ে আছে। আগামী জুনে এর মেয়াদ শেষ হবে। আইএমএফের যোগাযোগ পরিচালক জুলি কোজাক বৃহস্পতিবার বলেছেন, পাকিস্তানের ‘অনেক অর্থের দরকার’। তবে নির্বাচনের আগে আইএমএফের দাহিদামতো সংস্কার দেশটি কতটা করতে পারবে, তা নিয়ে বিনিয়োগকারীরা নিশ্চিত নন। এসব সংস্কার স্বল্প মেয়াদে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে বলেই ধারণা করা হচ্ছে।

স্থানীয় মুদ্রার মূল্য পতন এটাই হয়েছে যে প্রতি ডলার এখন প্রায় ৩০০ রুপি। সরকারের ডলার বন্ড কম দামে বিক্রি হচ্ছে। অক্সফোর্ড ইকোনমিকসের বিশ্লেষক সের্গি লানাউ বলেন, খরচ কমানো এবং কর বাড়ানো খুব সহজ কোনো কাজ নয়। বিশেষ করে নির্বাচনের আগে।

পাকিস্তানের সরকারি বন্ডের একটি ক্রেতা প্রতিষ্ঠান পিজিআইএম ফিক্সড ইনকাম। এর এশিয়াবিষয়ক অর্থনীতিবিদ গেরউইন বেল বলেন, ‘তাঁরা দীর্ঘদিন ধরেই এমন ধারণা পোষণ করছেন যে আইএমএফকে যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া দরকার, সরকার তা দিতে পারবে না। বর্তমান পরিস্থিতি আমাদের সেই ধারণাকেই কেবল জোরদার করেছে।’

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার টেলিভিশনে বলেছেন, বর্তমান অর্থনৈতিক সমস্যাগুলো তিনি আগের সরকার থেকে পেয়েছেন। তিনি বলেন, ‘আগের সরকার আইএমএফের সঙ্গে করা চুক্তির বরখেলাপ করেছে, তবে আমরা তা মেরামত করার চেষ্টা করছি।’

অন্যদের কাছ থেকে ঋণ পেতে হলে পাকিস্তানের আইএমএফের সঙ্গে সমঝোতায় আসা প্রয়োজন। তা না হলে দেশটি হয়তো তাদের ঋণ পরিশোধ করতে পারবে না। তবে এখনো সম্ভাবনা আছে ইসলামাবাদ হয়তো এমন একটি পরিস্থিতি এড়াতে পারবে।

অর্থনীতিবিদ গেরউইন বেল বলেন, ‘আমরা মনে করি না যে খেলাপি হওয়ার আশঙ্কা খুব প্রবল। বন্ডে নেওয়া বেসরকারি খাতের ঋণ খুব বেশি না। আর দ্বিপক্ষীয় যেসব ঋণ রয়েছে, তার ঋণদাতারা এখন পর্যন্ত ঋণ নবায়ন করতে আগ্রহী।’ তিনি মনে করেন, চীন এবং উপসাগরীয় দেশগুলো পাকিস্তানকে ঋণ খেলাপি হিসেবে দেখতে চায় না।

তাহির আব্বাস মনে করেন যে পাকিস্তান সম্ভবত জুলাই এবং খুব বেশি হলে আগস্ট মাস পর্যন্ত চালিয়ে নিতে পারবে। তবে বৈদেশিক ক্ষেত্রে সংকট মোকাবিলা করতে দেশটিকে হয়তো আইএমএফের ঋণ পুনরায় চালু করতে হবে কিংবা আরও বড় একটি ঋণের জন্য আইএমএফের দ্বারস্থ হতে হবে।

মুডিস হিসাব করে বলছে যে জুলাইতে শুরু হওয়া পরবর্তী অর্থবছরে পাকিস্তানের ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৬০০ কোটি ডলার দরকার হবে। ফেব্রুয়ারিতে তারা বলেছিল যে আগামী কয়েক বছরে সরকারি রাজস্বের অর্ধেক অর্থই খরচ করতে হবে ঋণের সুদ পরিশোধে। ফলে অর্থনৈতিক দুরবস্থা ও রাজনৈতিক অসন্তোষ আরও বাড়বে।