বকেয়া পড়েছে ১০ কোটি টাকা, চামড়া কেনা নিয়ে সংশয়ে নওগাঁর ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো

ট্যানারির মালিক ও আড়তদারদের কাছে প্রায় ১০ কোটি টাকা পাওনা রয়েছে নওগাঁর চামড়া ব্যবসায়ীদের। বিপুল অঙ্কের টাকা আটকে যাওয়ায় এবার কোরবানির পশুর চামড়া কেনা নিয়ে সংশয়ে রয়েছেন তাঁরা। এ ছাড়া চামড়া সংরক্ষণের মূল উপকরণ লবণের দাম বাড়ায় দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা।

স্থানীয় চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির সময় দেশের দ্বিতীয় বৃহত্তম আড়ত নাটোরে লবণ দেওয়া চামড়া বিক্রি করেন নওগাঁসহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ব্যবসায়ীরা। অনেকে আবার ঢাকার ট্যানারিগুলোতেও বিক্রি করেন। গত দুই বছরে ট্যানারির মালিক ও আড়তদারেরা কিছু পাওনা পরিশোধ করলেও এখনো নওগাঁর ব্যবসায়ীদের পাওনা রয়েছে অন্তত ১০ কোটি টাকা।

তাঁরা জানান, টাকার অভাবে অনেক ব্যবসায়ী এবার চামড়া কিনতে পারবেন না। এ কারণে চামড়া কেনার চাহিদা কমে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

নওগাঁ চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোমতাজ হোসেন বলেন, ‘ঢাকার অনেক ট্যানারির মালিক ও নাটোরের আড়তদার ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত নওগাঁর ব্যবসায়ীদের কাছ থেকে বাকিতে চামড়া কিনলেও এখনো মূল্য পরিশোধ করেননি। গত দুই বছরে কিছু পাওনা পরিশোধ হলেও এখনো ৯ কোটি ৯৫ লাখ টাকা বকেয়া রয়েছে। আমরা যাব কোথায়? ব্যাংকগুলোয় ধরনা দিয়েও আমরা চাহিদামতো ঋণ পাইনি।’

চামড়া ব্যবসায়ী শাহিনুর রহমান বলেন, ‘সবচেয়ে বেশি বাকি পড়ে আছে ঢাকার ১৫ জন ট্যানারির মালিকের কাছে। তাঁদের কাছে সারা দেশের চামড়া ব্যবসায়ীরা জিম্মি হয়ে পড়েছেন। সরকার যে দামে চামড়া দাম নির্ধারণ করে দেয়, ট্যানারির মালিকেরা সে দামে চামড়া কেনেন না। আবার তাঁরা আমাদের কাছ থেকে চামড়া কিনে তার দামও পরিশোধ করেন না। বছরের পর বছর বকেয়া রেখে দিচ্ছেন।’

নওগাঁ শহরের গোস্তহাটির মোড় এলাকায় নওগাঁ-দুবলহাটি সড়কের দুই পাশে রয়েছে প্রায় ৩০টি চামড়ার আড়ত। কাল বৃহস্পতিবার থেকেই এসব আড়ত হাঁকডাকে মুখরিত হয়ে উঠবে। ঈদের আগে তাই গুদাম সংস্কারে ব্যস্ত সময় পার করেছেন ব্যবসায়ীরা।

জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় এ বছর ৩ লাখ ৩৫ হাজার গবাদিপশু কোরবানি হতে পারে। এ–সংখ্যক গবাদিপশুর চামড়ার জন্য প্রয়োজন হবে অন্তত ৩৫০ মেট্রিক টন লবণ, যার বর্তমান মূল্য প্রায় ৭০ লাখ টাকা।

লবণের দাম বাড়ায় বিপাকে পড়েছেন চামড়া ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, মোটাজাতীয় লবণের দাম প্রতি বস্তায় বেড়েছে ২০০ থেকে ৩০০ টাকা। এ কারণে এবার চামড়া সংরক্ষণের খরচ বাড়বে। কারণ, পরিমাণমতো লবণ ব্যবহার না করলে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়।