ব্যাংকে এক সূচি, আর্থিক প্রতিষ্ঠানে আরেক সূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

আগামীকাল বুধবার থেকে ব্যাংক খোলা থাকবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। তবে লেনদেন চলবে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত। আর ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো চলবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান দুটি দুই সূচিতে চলবে, ব্যাংকের চেয়ে আর্থিক প্রতিষ্ঠানের কর্মঘণ্টা এক ঘণ্টা কম।

স্বাভাবিক সময়ে, এমনকি আজ মঙ্গলবার ব্যাংকে লেনদেন চলেছে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত। তবে খোলা ছিল সন্ধ্যা ছয়টা পর্যন্ত। আর্থিক প্রতিষ্ঠানও খোলা ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, বুধবার থেকে ব্যাংকের সময় হবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত। সেই অনুযায়ী নির্দেশনাও জারি করা হয়।

তবে কেন্দ্রীয় ব্যাংক নিজ সিদ্ধান্তে ব্যাংক খোলা রাখার সময় নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার সময় সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়।

এদিকে ব্যাংকগুলো আগেও আট ঘণ্টা খোলা রাখার নিয়ম ছিল, এখনো তা-ই। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা কাজে দেবে না মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, সময়সূচির পরিবর্তন হলেও কর্মঘণ্টার কোনো পরিবর্তন হয়নি। তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মঘণ্টা কমেছে।