বিশ্বকাপ জয়ের পর আরেক সুখবর আর্জেন্টিনায়, পাচ্ছে ৬০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন যুগের অপেক্ষা ফুরিয়েছে আর্জেন্টিনার। ফ্রান্সকে হারিয়ে আলবিসেলেস্তারা জিতে নিয়েছে তৃতীয় বিশ্বকাপ ট্রফি
ছবি: রয়টার্স

টানা এক মাস ফুটবল নামক নেশায় বুঁদ হয়ে ছিল আর্জেন্টিনার সাধারণ মানুষ। দেশটির বিদ্যমান অর্থনৈতিক সংকট রেখাপাত করেনি মানুষের জীবনে। শেষমেশ লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর বিশ্বকাপও জেতে তারা।

আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার এক সপ্তাহ পূর্ণ হচ্ছে আজ। এর মধ্যে দুর্দশাগ্রস্ত আর্জেন্টিনার অর্থনীতিতে সুখবরও এসেছে। সেটা হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের আরেক কিস্তি পাচ্ছে তারা। এই দফায় ৬০০ কোটি ডলার পাচ্ছে তারা। আর গত মার্চ মাসে আইএমএফের সঙ্গে চুক্তি করার পর এ নিয়ে মোট ২৩ দশমিক ৫ বিলিয়ন বা ২ হাজার ৩৫০ কোটি ডলার ঋণসহায়তা পেয়েছে। খবর বুয়েনস এইরেস টাইমস।

আরও পড়ুন

সব মিলিয়ে এই ঋণচুক্তির আওতায় ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪০০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা আর্জেন্টিনার। এটি আইএমএফের বৃহত্তম ঋণসহায়তা প্রকল্প।

আইএমএফ বলেছে, আর্জেন্টিনা সরকার গত জুলাই মাস থেকে যে সংস্কার কর্মসূচি পরিচালনা করছে, তাতে তারা খুশি। এই সময়ে মূল্যস্ফীতির হার কমেছে, বাণিজ্য হিসাবের উন্নতি হয়েছে ও সেই সঙ্গে বিদেশি মুদ্রার মজুতেরও উন্নতি হয়েছে।

তা সত্ত্বেও আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক গীতা গোপীনাথ মনে করেন, আর্জেন্টিনার সামষ্টিক অর্থনীতি এখনো ভারসাম্যহীন, এখনো ভঙ্গুর। তিনি মনে করেন, দেশটির সরকারের উচিত, মূল্যস্ফীতি হ্রাসের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং রিজার্ভ সংগ্রহে জোর দেওয়া।

আর্জেন্টিনার অর্থনীতি বেশ কয়েক মাস ধরে ভালো করছে। যেমন এই বছর দেশটির প্রবৃদ্ধি হতে পারে ৫ শতাংশ। নভেম্বর মাসে পেসোর দরপতনের হার ছিল সবচেয়ে কম, যা এ বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

আরও পড়ুন

তবে এত কিছুর পরও দুর্দশাগ্রস্ত অর্থনীতিকে সঠিক ফিরিয়ে আনতে বেগ পেতে হবে আর্জেন্টিনার সরকারকে; কারণ তাদের মুদ্রা পেসোর দর এখনো অনেক নিচে। সরকারের নেওয়া ঋণ পরিশোধের সুদহার ৭৫ শতাংশ। আর্জেন্টিনার মোট জনগোষ্ঠীর প্রায় ৪০ শতাংশ এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে।

আরও পড়ুন

এদিকে চলতি ডিসেম্বর মাসে আর্জেন্টিনার মূল্যস্ফীতির হার ১০০ শতাংশে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক মানুষ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন। দেশটির বামঘেঁষা সরকার আন্তর্জাতিক বাজারব্যবস্থা থেকে বিচ্ছিন্ন। তা সত্ত্বেও নানা ধরনের ভর্তুকি দিয়ে যাচ্ছে তারা। এতে বাড়ছে ঋণ; ফাইন্যান্সিয়াল টাইমসের ভাষায়, এই ঋণ টেকসই নয়। এর মধ্যে গত সপ্তাহে দেশটির ভাইস প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজ দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তাঁর সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন। আর সাধারণ নির্বাচন হবে আগামী বছরের অক্টোবর মাসে।