বেসরকারি খাতে ঋণের প্রবাহ কমবে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক সুরক্ষা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত বলে মনে করে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)। বাজেটকে স্বাগত জানিয়েছে তারা।

সংগঠনটি জানায়, সাড়ে ৭ শতাংশ মূল্যস্ফীতি ও সাড়ে ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপটে ইতিবাচক। তবে বাজেটের ৩ দশমিক ৫৫ শতাংশ ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ ব্যাংকব্যবস্থার ওপর অতিরিক্ত নির্ভর হয়ে পড়লে বেসরকারি খাতের ঋণপ্রবাহ সংকুচিত হতে পারে। এই পরিস্থিতিতে আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জরুরি।

এ ছাড়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বিশাল বাজেট কার্যকরভাবে বাস্তবায়ন করাই প্রধান চ্যালেঞ্জ বলে মনে করে অ্যামচেম।

রাজস্ব আদায়ের ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রাকে উচ্চাভিলাষী আখ্যা দিয়ে অ্যামচেম করব্যবস্থার পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশন ও সংস্কারের তাগিদ দিয়েছে।