উচ্চ মূল্যছাড়ে পণ্য বিক্রি হলেও এবারে সাড়া কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে একটি স্টোরে মূল্যছাড়ের বিজ্ঞাপন। গতকাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে
ছবি: রয়টার্স

অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতারা অনেক দিন ধরেই মূল্যস্ফীতির চাপে নাকাল। তবু কমবেশি কেনাকাটার মাধ্যমে ‘ব্ল্যাক ফ্রাইডে’ উদযাপন করছেন।

প্রতিবছরের মতো এবারেও ক্রিসমাস তথা বড় দিন সামনে রেখে নভেম্বর মাসের শেষ শুক্রবার (গতকাল) থেকে এই কেনাকাটা শুরু হয়েছে, যা ছুটিতে কেনাকাটার মৌসুম হিসেবে পরিচিত।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগোসহ বড় শহরগুলোয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোয় ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে কেনাবেচা খানিক বেড়েছে বটে। তবে অনেক ক্রেতাই এবারে আবেগ-উত্তেজনা ভুলে বাস্তবতা বিবেচনায় নিয়ে টাকা খরচ করছেন। অর্থাৎ, অনেক হিসাব-নিকাশ করেই মানিব্যাগে হাত দিচ্ছেন। এনপিডি গ্রুপ ইনকরপোরেটেডের প্রধান শিল্প উপদেষ্টা মার্শাল কোহেন বলেন, ‘সাধারণত বছরের এই সময়ে পার্কিং খুঁজে পেতে কষ্ট করত হয়। কিন্তু এ বছর পার্কিং স্পট পেতে আমার কোনো সমস্যা হয়নি।’

মার্শাল কোহেন বলেন, ‘এটি খুব সামাজিক কেনাকাটা। সবাই শুধু তাঁদের যা প্রয়োজন, তা-ই খুঁজছেন, যেন কোনো জরুরি বোধ নেই।’ তিনি আরও জানান, নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের আমেরিকান ড্রিম মলের বাইরে কোনো লাইন ছিল না।

‘ব্ল্যাক ফ্রাইডে’ হচ্ছে, যুক্তরাষ্ট্রে বার্ষিক ‘থ্যাংকসগিভিং ডে’র তথা নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবারের পরের দিন। অর্থাৎ এটিও নভেম্বর মাসে শেষ শুক্রবার বটে। ক্রিসমাস বা বড়দিন সামনে রেখে ব্যাপক হারে মূল্যছাড় দিয়ে পণ্য বিক্রি বাড়ানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো গত শতকের আশির দশকে দিবসটি পালন শুরু করে। সেই থেকে উচ্চহারে মূল্যছাড়ের সুযোগ নিতে ক্রেতারাও হুমড়ি খেয়ে পড়েন। তাঁরা মধ্যরাতে গিয়ে পণ্য কেনার লাইনে দাঁড়ান। যুক্তরাষ্ট্রের দেখাদেখি যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, লিচেনস্টাইন, জার্মানি, পোল্যান্ড, ইতালি, গ্রিস, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রাজিল, মেক্সিকো প্রভৃতি দেশেও ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে উচ্চহারের মূল্যছাড়ে পণ্য কেনাবেচা হয়। আর থ্যাংকসগিভিং ডে বা ‘ধন্যবাদ জ্ঞাপন দিবস’ হলো, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ঘোষিত সাধারণ ছুটি শুরুর দিন। দেশটিতে প্রতিবছর নভেম্বর মাসের চতুর্থ বা শেষ বৃহস্পতিবার হলো বার্ষিক ‘থ্যাংকসগিভিং ডে’। এদিন থেকে সেই দেশে ছুটির মৌসুম শুরু হয়। কানাডা, গ্রানাডা, সেন্ট লুসিয়া, লাইবেরিয়াসহ আরও কিছু দেশ ‘থ্যাংকসগিভিং ডে’ অনুসরণ করে।

এই উৎসবে সাধারণত বিক্রেতারা উল্লেখযোগ্য হারে মূল্যছাড় ঘোষণা করেন। এ সুযোগ নিতে ক্রেতারাও দোকানে যেন হুমড়ি খেয়ে পড়েন, মনের আনন্দে কেনাকাটায় মেতে ওঠেন। যেমন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি বেস্ট বাই স্টোরে কেনাকাটা করার সময় তুলিও রোজ নামের ২৮ বছর বয়সী এক ক্রেতা বলেন, ‌‌‘মূল্যছাড়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম।’ তিনি জানান, তাঁরা নিজেদের নতুন অ্যাপার্টমেন্টের জন্য একটি বড় পর্দার স্যামসাং টিভি কেনার জন্য সঞ্চয় করেছিলেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিটেইল ফেডারেশনের তথ্যমতে, প্রায় ১৬ কোটি ৬০ লাখ লোক ব্ল্যাক ফ্রাইডের কেনাকাটা করার পরিকল্পনা করেছেন, যা গত বছরের তুলনায় প্রায় ৮০ লাখ বেশি। তবে দেশটির কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির কারণে, ব্ল্যাক ফ্রাইডেতে দোকানে স্বাভাবিকের চেয়ে কম ব্যস্ততা ছিল।

কেনাকাটার সময় ৪৫ বছর বয়সী ক্রিস্টিন শ্যাভেজ বলেন, ‘আমি মলে আসতে দ্বিধা বোধ করছিলাম এবং আমাকে বলতেই হবে যে আমি এখন আনন্দিত ও বিস্মিত। কারণ, এখানে অনেকগুলো ডিল আছে, যেগুলোর বিজ্ঞাপন দেওয়া হয়নি। কিছু দোকানে আমি যা কিছু কিনেছি, তার থেকে ৫০ শতাংশ বেশি ছাড় পেয়েছি।’ ক্রিস্টিন শ্যাভেজ জানান, তিনি মূলত উপহারসামগ্রীই কিনে থাকেন এবং ভিক্টোরিয়া সিক্রেট ও টরিড থেকে পছন্দের পণ্য সংগ্রহ করে থাকেন।

যুক্তরাষ্ট্র অ্যাপলের সর্বশেষ হাই-এন্ড তথা উচ্চ দামের ফোনের সন্ধানকারী অনেক ক্রেতা খালি হাতে ফিরে গেছেন। কারণ, চীনে পণ্যটির উৎপাদন কমেছে।

এদিকে যুক্তরাজ্যের লন্ডনে ব্ল্যাক ফ্রাইডের কেনাবেচা কিছুটা বাড়লেও তা প্রত্যাশার তুলনায় কম।  বিশ্লেষণ সংস্থা স্প্রিংবোর্ডের মতে, গত বছরের তুলনায় এবার ক্রেতার সংখ্যা প্রায় ৫ শতাংশ বেড়েছে, কিন্তু তা বৃদ্ধি আশার চেয়ে অনেক কম। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকা বলেছে, ক্রেতার সংখ্যা এখনো প্রাক্-মহামারি স্তর তথা ২০১৯ সালের চেয়ে ১৫ শতাংশ কম। আর হোম ডেলিভারি বা বাড়িতে পণ্য সরবরাহের পরিমাণও আগের তুলনায় ৫ শতাংশ কমেছে।

অনলাইন কেনাকাটা

এবারের ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীদের বিক্রির পরিমাণ ৯০০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ৯২০ কোটি ডলারে উঠবে বলে ধারণা করছে অ্যাডোবি অ্যানালিটিক্স। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ক্রেতারা থ্যাংকসগিভিং ডেতে অনলাইনে প্রায় ৩ শতাংশ বেশি অর্থ খরচ করেছেন। মুঠোফোনে কেনাকাটা করার সুবিধা থাকায় এমনটি হয়েছে। অ্যাডোবি পণ্য কেনাবেচার বিভিন্ন ওয়েবসাইটের লেনদেন ট্র্যাক করে তবেই পূর্ণাঙ্গ হিসাব তুলে ধরে। এতে যুক্তরাষ্ট্রের শীর্ষ ১০০টি ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতার ৮৫ শতাংশ কেনাকাটারই তথ্য থাকে।

সতর্ক ভোক্তা

এবার বিশেষ করে যুক্তরাষ্ট্রের নিম্ন আয়ের পরিবারগুলো বিদ্যুতের দাম বৃদ্ধিসহ উচ্চ মূল্যস্ফীতির কারণে চাপে রয়েছে। তাদের খরচ করার ক্ষমতা কমেছে। ইউরোপেও জনগণ জীবনযাত্রার ব্যয় নিয়ে সংকটে রয়েছে। এতে খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান বিক্রি কমার শঙ্কায় ভুগছেন। সে জন্য তাঁরা অনলাইনে ও স্টোরে উভয় ক্ষেত্রেই ক্রেতাদের জন্য ব্যাপক ছাড় ঘোষণা করেছেন। এতে বছরের চতুর্থ প্রান্তিকে তাঁদের মুনাফা খানিকটা বাড়তে পারে।

কনসালটিং ফার্ম কেয়ারনি জানায়, পোশাকের খুচরা বিক্রেতারা বেশ সক্রিয়। তাঁরা ভোক্তাদের আকর্ষণ করতে টিভি সেট, ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দিচ্ছে।

বিশ্বের অন্যতম খুচরা বিক্রেতা ওয়ালমার্ট ছুটির সময় পণ্যের বিজ্ঞাপন ও বিপণনে জোর দেয়। এ সময়ে তারা টুইটার ও ইনস্টাগ্রামে, ন্যাশনাল ফুটবল লিগের খেলা চলাকালে এবং নিউইয়র্ক সিটির পেন স্টেশনের কাছে বিলবোর্ডে বিজ্ঞাপন দেয়।

অন্য বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনলাইনে বিশ্বের বৃহত্তম বিক্রেতা আমাজন রুমবা ভ্যাকুয়ামে ৪২ শতাংশ, ক্যালভিন ক্লেইন পুরুষদের টি-শার্টে ৪৫ শতাংশ এবং লেনোভো, এইচপি, এসার ও আসুস ক্রোমবুকগুলোয় ৫০ শতাংশ পর্যন্ত ছাড়সহ নানা ধরনের অফার দিয়েছে।

বৈশ্বিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান কেয়ারনির অংশীদার মাইকেল ব্রাউন অবশ্য বলেন, ‘এখন পর্যন্ত ব্ল্যাক ফ্রাইডে কেমন চলছে, তা বলা কঠিন। এ জন্য আমাদের পুরো ছুটির মৌসুমের দিকে তাকাতে হবে। কারণ, কেনাকাটার ধীরগতি আরও কমে যেতে পারে।’ সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।