চিনিতে শুল্ক ছাড়ের মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাণিজ্য মন্ত্রণালয়

চিনি আমদানিতে শুল্ক ছাড়ের মেয়াদ আছে চলতি মে মাস পর্যন্ত। এ মেয়াদ আরও বৃদ্ধির জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চিঠি দেবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

আমদানি করা খাদ্যের মান নিশ্চিতকরণে বিদ্যমান আমদানি নীতি আদেশ-সম্পর্কে অংশীজনদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এরপর বাণিজ্যসচিব সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেড়েছে, বেড়েছে ডলারের দামও। চিনির জন্য শুল্ক ছাড় এখনো বলবৎ রয়েছে। এটা ৩১ মে শেষ হবে। চিনির জন্য শুল্ক ছাড় অব্যাহত রাখতে এনবিআরকে চিঠি দেওয়া হবে। যেহেতু চিনির দাম বেড়েছে, সেহেতু শুল্ক হার আরও কমাতে এনবিআরকে সুপারিশ করা হবে।

বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে দাম সমন্বয়ের অনুরোধ জানায়। এরপর বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে (বিটিটিসি) এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হয়।

এদিকে বিটিটিসি এরই মধ্যে খোলা চিনির দাম প্রতি কেজি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনির দাম প্রতি কেজি ১২৫ টাকা নির্ধারণের সুপারিশ করেছে। এ দামে চিনি বিক্রয়ের জন্য বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে তারা বাণিজ্য মন্ত্রণালয়কে এখনো কিছু জানায়নি।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, যখন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে থাকে না, তখন এনবিআরকে শুল্ক হার কমানোর জন্য অনুরোধ জানানো হয়। এনবিআর কখনো কমায়, আবার সম্ভব না হলে কমাতে পারে না। শুল্ক নির্ধারণ করা মূলত এনবিআরের কাজ। সামগ্রিক বিষয় বিবেচনায় নিয়েই তারা শুল্কের বিষয়ে সিদ্ধান্ত নেয়।

ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির বিষয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব জানান, ভোজ্যতেলের ওপর শুল্ক রেয়াত গত ৩০ এপ্রিল শেষ হয়। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম সমন্বয়ের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিলে বিটিটিসির মাধ্যমে দাম নির্ধারণ করা হয়। এতে ভোজ্যতেলের দাম বেড়েছে।
ভোজ্যতেলের শুল্ক ছাড় অব্যাহত রাখার বিষয়েও এনবিআরকে চিঠি দেওয়া হয়েছিল জানিয়ে বাণিজ্যসচিব জানান, এনবিআর সে অনুরোধ রাখেনি।