যুক্তরাজ্যে হোটেল হলিডে ইনে সাইবার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের হলিডে ইন হোটেলে সাইবার হামলা হয়েছে। হোটেল পরিচালনাকারী ইন্টারকন্টিনেন্টাল হোটেলস গ্রুপ (আইএইচজি) নিশ্চিত করেছে, হোটেলটি সাইবার হামলার মুখে পড়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ হোটেল চেইন হচ্ছে আইএইচজি। বিবৃতিতে তারা বলেছে, তাদের একাধিক প্রযুক্তিব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ হয়েছে। তারা আরও বলেছে, এই সাইবার হামলার কারণে হোটেলের বুকিং–ব্যবস্থাসহ অন্যান্য অ্যাপ্লিকেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। হলিডে ইনের পাশাপাশি আইএইচজি একই সঙ্গে ক্রাউন প্লাজা ও রিজেন্ট হোটেল পরিচালনা করে থাকে। খবর বিবিসির

হামলার পর তারা বলেছে, ক্ষতিগ্রস্ত ব্যবস্থা পুরোপুরিভাবে পুনরুদ্ধারে আইএইচজি জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কী ধরনের হামলা হয়েছে, কতটা ক্ষতি হয়েছে—এসব খতিয়ে দেখা হচ্ছে এবং একই সঙ্গে বাইরের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানো হবে বলে জানিয়েছে তারা। তবে গ্রাহকদের তথ্য হারায়নি বলে জানিয়েছে আইএইচজি।

এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘সেবা বিঘ্নিত হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা হোটেলের মালিক কর্তৃপক্ষকে সহায়তা করব। তবে আইএইচজির অন্যান্য হোটেল এখনো নির্বিঘ্নে হোটেল পরিচালনা এবং সরাসরি আসন সংরক্ষণ করতে পারছে।’

তবে অনেক গ্রাহক অভিযোগ করেছেন, তাঁরা আসন সংরক্ষণ করতে পারছেন না।

গত মাসে তুরস্কের ইস্তাম্বুল শহরের হোটেল ইনেও সাইবার হামলা হয়। লকবিট নামে এক র‍্যানসমওয়্যারের মাধ্যমে এই সাইবার হামলা চালানো হয়, এমনকি তারা গ্রাহকদের তথ্য চুরি করে বাজারে বিক্রিও করে। তবে এই দুই হামলার মধ্যে যোগ আছে কি না, তা জানা যায়নি।