চায়ের নিলাম পরিচালনায় প্রথম নারী মায়িশা
চায়ের গল্প শুনতে শুনতে বড় হয়েছেন তিনি। দাদা ছিলেন চা–বাগানের ব্যবস্থাপক। সেই ধারাবাহিকতায় বাবা-চাচাও কর্মজীবন শুরু করেছেন চা–শিল্পে। চা–পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে এ শিল্পের সঙ্গে যুক্ত হয়েছেন মায়িশা রহমান।
অনেকের মতো কঠোর সংগ্রাম বা টিকে থাকার জন্য লড়াই করতে হয়নি মায়িশাকে। এরপরও চায়ের ইতিহাসে মায়িশার গল্পটা লেখা থাকবেই। কারণ, চট্টগ্রামে চা নিলামের ৭২ বছরের ইতিহাসে তিনিই প্রথম নারী হিসেবে নিলাম পরিচালনার আসনে বসেছেন। তাঁর হাতে ধরেই বিক্রি হচ্ছে সিলেট, চট্টগ্রাম কিংবা উত্তরাঞ্চলের সমতলের চা। প্রতি সপ্তাহের নিলামে টেবিলে হাতুড়ি দিয়ে আঘাত করে বিক্রয় নিশ্চিত করে যাচ্ছেন তিনি।
এ অঞ্চলে চায়ের নিলামের ইতিহাস ৭৩ বছর পেরিয়েছে। ভারত ভাগের পর ১৯৪৯ সালের ১৬ জুলাই চট্টগ্রামে প্রথম চা নিলাম অনুষ্ঠিত হয়। স্বাধীনতাযুদ্ধের সময় ছাড়া নিয়মিত চা নিলাম হয়ে আসছে। চট্টগ্রামের পাশাপাশি ২০১৮ সাল থেকে সিলেটের শ্রীমঙ্গলে চায়ের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। চট্টগ্রাম ও শ্রীমঙ্গল—দুই নিলামকেন্দ্রেই মায়িশার হাতে উঠেছে নিলামের হাতুড়ি।
মায়িশার জন্ম চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। তাঁর দাদা প্রয়াত মোখলেসুর রহমান ১৯৫৬ সালে শ্রীমঙ্গলে নন্দরানী চা–বাগানে ব্যবস্থাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। দাদার পর মায়িশার বাবা আহমেদুর রহমান ১৯৮১ সালে শিক্ষানবিশ টি টেস্টার হিসেবে চট্টগ্রামে প্রডিউস ব্রোকারস লিমিটেডে কাজ শুরু করেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের পরিচালক মায়িশা। তাঁর চাচা শফিকুর রহমানও ন্যাশনাল টি কোম্পানিতে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। ছোটবেলায় বাবা-চাচাকে দেখে চায়ের প্রতি ভালো লাগা শুরু হয় তাঁর।
মায়িশার এই ভালো লাগা বাড়তে থাকে চা–বাগানে ঘুরতে যাওয়ার পর। ছোটবেলা থেকেই বাগানে বাগানে ঘুরে বেড়াতেন তিনি। আবার মাঝেমধ্যে নিলামকেন্দ্রেও চা কীভাবে বিক্রি হয়, তা দেখতে যেতেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করার পর আর দেরি করেননি। পড়াশোনা শেষে গত বছর মার্চে শিক্ষানবিশ ‘টি টেস্টার’ হিসেবে মায়িশা যোগ দেন প্রডিউস ব্রোকারস লিমিটেডে। যোগ দেওয়ার আগে কাজটা রপ্ত করেছিলেন বাবার কাছ থেকেই।
মায়িশার বাবা আহমেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছা ছিল, চা–শিল্পের সঙ্গে থাকুক সে। তারও ভালো লাগা ছিল। প্রডিউস ব্রোকারস লিমিটেডের পরিচালকেরাও উৎসাহ দিয়েছেন। প্রথম নারী হিসেবে সে নিলাম পরিচালনা করছে, তাতে আমি খুবই গর্বিত।’
চট্টগ্রামের আগ্রাবাদে প্রগ্রেসিভ টাওয়ারে নিলামকেন্দ্রের নিলাম পরিচালনার আসনে মায়িশা যখন প্রথম বসেন, তখন অনেকেই অবাক হন। কারণ, মায়িশার আগে কোনো নারী এ আসনে বসেননি। মায়িশা যথারীতি শুরু করেন—লট নাম্বার..। ক্রেতারা ভিত্তিমূল্যের চেয়ে বেশি দাম হাঁকতে থাকেন। সর্বোচ্চ দাম নিশ্চিত হওয়ার পর টেবিলে হাতুড়ি দিয়ে আঘাত করে বিক্রয় নিশ্চিত করেন তিনি। এখন নিলামকেন্দ্রে ক্রেতাদের কাছে এই দৃশ্য স্বাভাবিক হয়ে গেছে।
মায়িশা প্রথম নিলাম পরিচালনার আসনে বসেন গত বছরের ১৪ মার্চ। বাবার সঙ্গেই মায়িশাও নিলাম ডাকের আসনে বসেন। অর্থাৎ বাবা-মেয়ে পাশাপাশি বসে নিলাম পরিচালনা করেন। মায়িশার অনুভূতি, ‘বাবার সঙ্গে চায়ের নিলাম ডাকে অংশ নিতে পারা আমার জন্য সৌভাগ্যের। বাবার কাছ থেকে প্রতিনিয়ত শিখছি।’
গত ১৪ মার্চ মায়িশা প্রথম নিলামে ডাক দেন ইস্পাহানির মির্জাপুর বাগানে উৎপাদিত চায়ের একটি লট। মায়িশার ডাকে সর্বোচ্চ দরদাতা হয় ইস্পাহানি টি লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শাহ মঈনুদ্দিন হাসানের কাছে সর্বোচ্চ দরে বিক্রির নিশ্চয়তা দেন তিনি। সেখান থেকেই দেশের প্রথম নারী নিলামকারী হিসেবে তাঁর নতুন অধ্যায়ের সূচনা হয়। শাহ মঈনুদ্দিন হাসান বর্তমানে চা বেচাকেনায় যুক্ত ব্যবসায়ীদের সংগঠন ও চা নিলামের আয়োজক বাংলাদেশ টি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি।
জানতে চাইলে শাহ মঈনুদ্দিন হাসান প্রথম আলোকে বলেন, প্রথম নারী হিসেবে নিলাম ডাককারীর আসনে বসেছেন মায়িশা রহমান। মায়িশার হাত ধরে চা–শিল্পে নারীদের অংশগ্রহণ আরও বাড়বে, এই প্রত্যাশা রইল।
নিত্যব্যবহার্য পণ্যের মধ্যে চা বিপণনের পদ্ধতি একটু আলাদা। চা বোর্ড থেকে বাগান ইজারা নিয়ে চা চাষ করতে হয়। বাগানমালিকেরা চাইলে বাগানে উৎপাদিত সর্বোচ্চ ২৫ শতাংশ চা নিজেদের সংগ্রহে রাখতে পারেন। এ জন্য বাজারদর হিসাব করে সরকারকে রাজস্ব দিতে হয়। তবে সাধারণত বাগানে উৎপাদিত চা প্রক্রিয়াজাত করার পর নিলামে তোলা হয়। চট্টগ্রামের সাতটি ব্রোকারস প্রতিষ্ঠানের মাধ্যমে এই চা নিলামে তোলা হয়। চট্টগ্রামের নিলামে ক্রেতার সংখ্যা দুই শতাধিক। ছোটদের পাশাপাশি ক্রেতার তালিকায় আছে ইস্পাহানি, আবুল খায়ের, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিটি, টি কে গ্রুপ, পারটেক্স স্টার, এসিআইসহ অনেক প্রতিষ্ঠান। নিলামে বিক্রির পর নির্ধারিত কর দিয়ে গুদাম থেকে চা খালাস করে নেন ক্রেতারা।
চা উৎপাদিত হয় দেশের ১৬৭টি চা–বাগান ও উত্তরাঞ্চলে ক্ষুদ্রায়তন চা–বাগানে। গত বছর নভেম্বর পর্যন্ত এসব বাগানের চা–পাতা প্রক্রিয়াজাত করে ৮ কোটি ৬০ লাখ কেজি চা পাওয়া গেছে, যার সিংহভাগই বিক্রি হচ্ছে চট্টগ্রামের নিলামে।
নিলাম ডাককারী মায়িশা রহমান এ পর্যন্ত প্রডিউস ব্রোকারস লিমিটেডের পক্ষে ৩৯টি নিলাম পরিচালনা করেছেন। এর মধ্যে চট্টগ্রামে ৩৬টি এবং সিলেটের শ্রীমঙ্গলে তিনটি নিলাম পরিচালনা করেন। মায়িশা জানান, শ্রীমঙ্গলে চা নিলামের আয়োজনের সময় অনুভূতি ছিল অন্য রকম। কারণ, ছোটবেলা কেটেছে শ্রীমঙ্গলে। বাবার কর্মসূত্রে চট্টগ্রামে স্থায়ী হয়েছেন। ক্রেতা-বিক্রেতাদের অনেকেই ছিলেন চেনাজানা। নিজের এলাকায় নিলাম আসনে বসতে পেরে ভালো লাগাও কাজ করছিল তাঁর।
চট্টগ্রামে সপ্তাহের প্রতি সোমবার চা নিলাম হয়। তবে মায়িশার কাজ শুরু হয় সপ্তাহের মঙ্গলবার থেকেই। প্রথমেই চায়ের গুণগতমান যাচাই করে ভিত্তিমূল্য নির্ধারণ করতে হয়। প্রোডিউস ব্রোকারস লিমিটেড যেসব বাগানের চা বিক্রি করে, সেগুলোর নমুনা পাঠান বাগানমালিকেরা। সেই নমুনা দিয়ে তৈরি লিকার মুখে দিয়ে চায়ের স্বাদ বা মান পরীক্ষা করেন। এরপরই গ্রেড ঠিক করে ভিত্তিমূল্য নির্ধারণ করে ক্যাটালগ তৈরি করা হয়। নমুনা পাঠানো হয় ক্রেতাদের কাছেও। আবার নিলামকেন্দ্রের প্রদর্শনীকেন্দ্রেও এসব চা রাখা হয় ক্রেতাদের জন্য। সেই ক্যাটালগ হাতে নিয়ে ক্রেতারা নিলাম হলে বসেন। তাঁদের মধ্য থেকে সর্বোচ্চ দরদাতাকে বেছে নেন মায়িশা রহমান।
নিলামের আসনে ব্রোকারস প্রতিষ্ঠানগুলোর নিজেদের গ্রাহকদের চা বিক্রির জন্য নির্ধারিত সময় দেওয়া থাকে। নির্ধারিত সময়েই বিক্রি করতে হয় নির্ধারিত পরিমাণ চা। নির্ধারিত সময়ে বিক্রি করতে না পারলে তা পরের নিলামে তোলা হয়। মায়িশা জানান, ছোটবেলা থেকে বাবা-চাচাদের চায়ের কাজ দেখে নিজের আগ্রহ গড়ে ওঠে। চাচার বন্ধু ন্যাশনাল টি কোম্পানির উপমহাব্যবস্থাপক শামসুল ইসলামও অনুপ্রেরণা দিয়েছেন এই পেশায় আসার জন্য। সহকর্মীরাও উৎসাহ দিয়েছেন। ফলে কোনো সমস্যা হচ্ছে না কর্মস্থলে।
বাংলাদেশে চা নিলামের ইতিহাসে নাম তো উঠল। এরপর মায়িশার লক্ষ্য কী? প্রশ্ন শুনে বিচলিত হননি তিনি। তাৎক্ষণিক জবাব দিলেন, লক্ষ্য চায়ের সঙ্গেই থাকা। জীবনের শেষ পর্যন্ত।