পাঁচ দেশ থেকে হাজার কোটি টাকার সার কেনা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার
ফাইল ছবি

কাতার, সৌদি আরব, কানাডা, মরক্কো এবং বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে ২ লাখ ৩০ হাজার টন সার কেনা হচ্ছে। তালিকায় ইউরিয়া, এমওপি ও ডিএপি—এ তিন ধরনের সার রয়েছে।

সার কেনা হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে এবং এতে খরচ হবে ১ হাজার ৬ কোটি টাকার মতো।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সার কেনার ছয়টি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনজাত থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার, সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৩০ হাজার টন ইউরিয়া এবং দেশের কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

অতিরিক্ত সচিব জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে দুটি আলাদা প্রস্তাবে দুই লটে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ৫০ হাজার টন করে সার কেনা হচ্ছে। দুই লটে কেনা হবে এক লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) সার। অন্য এক প্রস্তাবে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি, এসএ থেকে কেনা হচ্ছে আরও ৪০ হাজার টন ডিএপি সার।