ভারতীয় হাইকমিশনারের প্রতি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কৃতজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) হলে উভয় দেশের বাণিজ্য বাড়বে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীও একই মত পোষণ করেন।

আজ মঙ্গলবার ঢাকায় বাণিজ্যমন্ত্রীর সরকারি বাসভবনে তাঁর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ সময় সিইপিএ এবং উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে কথা বলেন তাঁরা। বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সিইপিএ হওয়ার বিষয়ে বাংলাদেশ খুবই আশাবাদী। এতে উভয় দেশের বাণিজ্য আরও বাড়বে এবং সেবা ও পণ্য বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, মেধাস্বত্ব ও ই-কমার্সের মতো বিষয়গুলো নিয়ে কাজ করা যাবে।

ভারতকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র উল্লেখ করে টিপু মুনশি বলেন, ইতিমধ্যে উভয় দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে এবং আরও বৃদ্ধির সুযোগ আছে। উভয় দেশের আন্তরিকতার কারণে ব্যবসা-বাণিজ্যের সুযোগগুলো কাজে লাগানো সম্ভব হচ্ছে।

বিক্রম কুমার দোরাইস্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক জটিলতা দূর করতে ভারতের বিদায়ী হাইকমিশনার কাজ করেছেন। তাঁর প্রতি তিনি কৃতজ্ঞ।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারত সফর করেছেন। দুই দেশের সরকারপ্রধানের আলোচনার পরিপ্রেক্ষিতে উভয় দেশের সুযোগ-সুবিধার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এতে উভয় দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত হাট নিয়ে উভয় দেশের মানুষের আগ্রহ আছে এবং তার সুফল ভোগ করছে দুই দেশের মানুষ—এমন মন্তব্যও করেন টিপু মুনশি। এতে উভয় দেশের মানুষের মধ্যে আন্তরিকতা বাড়ছে বলেও মনে করেন তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতীয় বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের ক্ষেত্রে অনেক কাজ হয়েছে, আরও কাজ করার সুযোগ আছে। বাংলাদেশে দায়িত্ব পালনের সময়টুকু তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে জানিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, উভয় দেশের যোগাযোগব্যবস্থার অনেক উন্নতি হয়েছে, আরও উন্নয়ন দরকার। তবে চট্টগ্রাম ও মোংলা বন্দর আরও কার্যকর করে উভয় দেশের বাণিজ্য বাড়ানো সম্ভব।

বাংলাদেশ, ভুটান ও নেপালের সড়ক যোগাযোগ খুবই ব্যবসাবান্ধব হবে বলে মনে করেন বিদায়ী ভারতীয় হাইকমিশনার।

বিক্রম কুমার দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে ২০২০ সালের আগস্টে তিনি নিয়োগ পান। আগের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। সম্প্রতি তাঁকে যুক্তরাজ্যের ভারতীয় হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। আগামী সপ্তাহে তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন। আর ঢাকায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা।