সভাপতি আলী আফজালের নেতৃত্বাধীন নতুন পর্ষদ রিহ্যাবের দায়িত্ব নিয়েছে

রিহ্যাবের সদ্য বিদায়ী সভাপতি মো. ওয়াহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি আলী আফজালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। আজ রিহ্যাব কার্যালয়েছবি: রিহ্যাবের সৌজন্যে

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) দায়িত্ব নিয়েছে নতুন সভাপতি আলী আফজালের নেতৃত্বাধীন নতুন পরিচালনা পর্ষদ। গতকাল মঙ্গলবার রাতে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয় তারা। আজ বুধবার নতুন পর্ষদকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেয় বিদায়ী পর্ষদ। অবশ্য এর আগেই নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি ও ৬ জন সহসভাপতি এবং ২২ জন পরিচালক নির্বাচিত হন। নির্বাচনে প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ সভাপতির পাশাপাশি ৪টি সহসভাপতি ও ১০ পরিচালকসহ মোট ১৫ পদে বিজয়ী হয়েছে। অন্যদিকে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ ২টি সহসভাপতি ও ১২ পরিচালকসহ মোট ১৪ পদে জয়ী হয়েছে। আর জাগরণ প্যানেল কোনো পদে জয়ী হতে পারেনি।

রিহ্যাবের দায়িত্ব নেওয়ার পর সভাপতি আলী আফজালকে শুভেচ্ছা জানাচ্ছেন সদস্যরা। গতকাল রাতে রিহ্যাব কার্যালয়ে
ছবি: রিহ্যাবের সৌজন্যে

জানা যায়, নির্বাচনের ফলাফল নিয়ে আপিল করেন একাধিক প্রার্থী। রিহ্যাব কার্যালয়ে আপিল শুনানি শেষে গতকাল রাতে চূড়ান্ত ফলাফল ঘোষণা করে নির্বাচন বোর্ড। তারপর রাত আটটার দিকে অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয় সভাপতি আলী আফজালের নেতৃত্বাধীন নতুন পর্ষদ।

আজ দুপুর ১২টার দিকে রিহ্যাবের নতুন পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নতুন সভাপতি আলী আফজাল। বেলা দুইটার পর বিদায়ী সভাপতি মো. ওয়াহিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে নতুন সভাপতি আলী আফজালের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় নতুন জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি আবু খালিদ মো. বরকতউল্লাহ, সদ্য বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।

রিহ্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্ব নেওয়ার পর নির্বাচিত নেতারা আবাসন খাতের উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। তাঁরা বিশেষভাবে কৃষিজমি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, অপরিকল্পিত নগরায়ণের ফলে কৃষিজমি দ্রুত হ্রাস পাচ্ছে, যা দেশের খাদ্যনিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। তাই ভবিষ্যৎ পরিকল্পনায় কৃষিজমি নষ্ট না করে টেকসই ও পরিকল্পিত নগরায়ণের দিকে গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া ঢাকার আশপাশে প্রায় ৪৫ লাখ টাকার মধ্যে ছোট আকারের ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনার কথাও জানান রিহ্যাবে নতুন নেতৃত্ব। এই উদ্যোগের মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। নেতারা জানান, উঁচু ভবন নির্মাণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারের নীতিগত সহায়তার মাধ্যমে নির্মাণ ব্যয় কমানোর চেষ্টা করা হবে।

রিহ্যাবের নেতারা আরও বলেন, আবাসন খাতে দীর্ঘদিন ধরে বিদ্যমান বিভিন্ন সমস্যা—যেমন উচ্চ নিবন্ধন ব্যয়, ব্যাংকঋণের সীমাবদ্ধতা এবং প্রকল্প অনুমোদনের জটিলতা সমাধানে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।