যথাযথ তদন্ত ছাড়া ক্ষতিপূরণের টাকা পরিশোধ করতে মানা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে জাতীয় বিমা দিবসের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘মন্ত্রী বা সংসদ সদস্যদের অনেকেই যাবেন, তদবির করবেন, কিন্তু দেখতে হবে ক্ষতির পরিমাণ কত। যাঁরা তদন্ত করতে আসেন, তাঁরাও নিশ্চয়ই ভাগ পান! নইলে ক্ষতি নিরূপণ ছাড়াই কীভাবে প্রতিবেদন দেন? বিমা কোম্পানির বদনাম হোক, আমি চাই না। কারণ, আমিও এ পরিবারের একজন।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিমা দিবস-২০২৩–এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি জাতীয় বিমা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি শেখ কবির হোসেন।
বিমা দিবসের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র অনুযায়ী অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। সেই স্মৃতি ধরে রাখতে এই দিনকে জাতীয় বিমা দিবস ঘোষণা করে সরকার। বিমা দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমার জীবন আমার সম্পদ, বিমা করলে থাকবে নিরাপদ’।
দুর্ঘটনার ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে আইডিআরএ ও বিমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নিজের অভিজ্ঞতা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় পোশাক কারখানায় হঠাৎ হঠাৎ আগুন লাগত। একবার আমার নজরে পড়ল, কোনো কোনো পোশাক কারখানায় কিছুদিন পরপর আগুন লাগে, আর বিমার টাকা চায়। একবার খুব মোটা অঙ্কের টাকা চাইল। আমি তখন বিমা কোম্পানিকে বললাম, আপনারা টাকা দেবেন না। এটার তদন্ত হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘তদন্তে দেখা গেল, কারখানার এক মেয়েশ্রমিককে দিয়ে আগুন লাগিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। ওই মেয়ে ধরা পড়ার পর স্বীকার করল, তাকে দিয়ে এ কাজ করানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রশ্ন, একটা জায়গায় ঘন ঘন আগুন লাগবে কেন? বিমার দাবিদার হয় বা টাকা পায়, সে জন্য? আমি মনে করি, আইডিআরএ ও কোম্পানিগুলোর এ বিষয়ে সতর্ক থাকা দরকার। প্রকৃত অর্থে কত ক্ষতি হলো, তার তদন্ত করতে হবে। যথাযথ তদন্ত না করে কারও চাপে পড়ে টাকা দেওয়া যাবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আগুন লাগল একটা ফ্ল্যাটে, যার বিমা ছিল না। আগুনে পাশের ফ্ল্যাটেরও ক্ষতি হলো, যার বিমা করা ছিল। সে পলিসির বিনিময়ে মোটা অঙ্কের টাকা বের করে নিয়ে গেল। একটা ফ্ল্যাটে কি ৪০ কোটি টাকার সম্পদ থাকতে পারে, যা বিমা কোম্পানিকে দিতে হবে? এ টাকাটা কীভাবে গেল সাধারণ বীমা করপোরেশন থেকে? অথচ যার ঘরটা বেশি পুড়ল, তার বিমা নেই, টাকাও পেল না!’
অর্থমন্ত্রী উপস্থিত থাকতে না পারলেও বিমা দিবস উপলক্ষে প্রকাশিত স্মরণিকায় এক বাণীতে তিনি বলেছেন, অর্থনীতির সক্ষমতা ও বিশালতার যথাযথ প্রতিফলন এখনো বিমা খাতে পড়েনি। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রকাশনা থেকে উদ্ধৃতি দিয়ে অর্থমন্ত্রী জানান, মাথাপিছু আয় একই হওয়া সত্ত্বেও প্রতিবেশী দেশে বিমার ঘনত্ব যেখানে ৭৮ মার্কিন ডলার, বাংলাদেশে তা ১০ ডলার। তবে এ খাতের ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী।
আগের তিন বারে ১৪ জন বিমা ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হলেও এবার তা দেওয়া হয় চারটি প্রতিষ্ঠানকে। সাধারণ বিমা খাতে এবার সম্মাননা পেয়েছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স ও সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানি। আর জীবন বিমা খাতে পেয়েছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানি। বিমা দাবি পরিশোধের ভিত্তিতে এগিয়ে থাকায় তাদের এ সম্মাননা দেওয়া হয়।
এ ছাড়া রচনা প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছেন চারজন। ‘জাতির পিতা ও বিমা শিল্প’ শীর্ষক ক গ্রুপ থেকে প্রথম হয়েছে সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উম্মু সুলাইম নাফীসা ও দ্বিতীয় হয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর দিবা শাখার শিক্ষার্থী শারমীন সুলতানা। আর ‘রূপকল্প ২০৪১ এর সফল বাস্তবায়নে বিমা শিল্পের অবদান’ শীর্ষক খ শাখায় প্রথম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রূপান্তী ইসলাম এবং দ্বিতীয় হয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী সনেট সাহা।