অর্থায়নের সংকটে ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে

ডলার-সংকটের কারণে কাঁচামাল আমদানির ঋণপত্র খুলতেও হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরা। আবার কাঁচামালের উচ্চ মূল্য, গ্যাস–বিদ্যুতের মূল্যবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে পণ্যের উৎপাদন খরচ। এ মুহূর্তে ব্যবসার বড় সংকট কী, তা জানিয়েছেন ছোট, মাঝারি ও বড় ছয় উদ্যোক্তা ও কোম্পানির শীর্ষ কর্মকর্তা। 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াদ মাহমুদ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই বৈশ্বিক অর্থনীতি নানামুখী চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। তবে স্বস্তির কথা, আমাদের কারখানার চামড়াবিহীন জুতা রপ্তানির ক্রয়াদেশ কমেনি। গত বছর আমরা ৪ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের চামড়াবিহীন জুতা রপ্তানি করেছি। রপ্তানিতে প্রবৃদ্ধিও মন্দ নয়, ২৩ শতাংশ।

করোনার সময়টা বাদ দিলে প্রতিবছরই বিশ্বজুড়ে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে। সে জন্য গত বছর আমরা কারখানার পণ্য উৎপাদন–সক্ষমতা দ্বিগুণ করার উদ্যোগ নিয়েছি। তাতে আমাদের মাসিক জুতা উৎপাদন–সক্ষমতা ১ লাখ ৯০ হাজার থেকে বেড়ে ৩ লাখ ৮০ হাজার পিস হতো। শ্রমিকসংখ্যাও দ্বিগুণ হতো। কিন্তু ডলারের পাশাপাশি দেশীয় মুদ্রার সংকটের কারণে ব্যাংক আমাদের চাহিদামতো অর্থায়ন করতে পারছে না। ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাটি যৌক্তিক। তবে বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানির জন্য প্রয়োজনীয় ডলার সরবরাহ করতে পারবে না। চলতি মূলধন জোগান দিতেও সমস্যা হবে।

আমরা অর্থায়নের সমস্যার কারণে সম্প্রসারণ প্রকল্পে কাটছাঁট করতে বাধ্য হয়েছি। তিন লাইনের পরিবর্তে নতুন দুই লাইন করার সিদ্ধান্ত নিয়েছি। তাতে উৎপাদন বাড়বে ৬০ শতাংশ। ইতিমধ্যে অবকাঠামো নির্মাণের কাজ চলছে। তবে নতুন করে পাঁচ-ছয় লাইন করতে পারলে রপ্তানি আরও বাড়ত।