ওবামা ফাউন্ডেশনে বেজোসের বড় উপহার

বারাক ওবামা ও জেফ বেজোস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ফাউন্ডেশনে ১০ কোটি ডলার দান করছেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোস। গতকাল সোমবার ওবামা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয় বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এখন পর্যন্ত ওবামা ফাউন্ডেশনে এটাই সবচেয়ে বড় অনুদান।

গত বছর পর্যন্তও দাতা হিসেবে খুব বেশি সুনাম ছিল না ই–কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও মহাকাশযান তৈরির কোম্পানি ব্লু অরিজিনের মালিক জেফ বেজোসের। তবে চলতি বছরে বিভিন্ন দাতব্যমূলক সংস্থায় দান করছেন জেফ বেজোস। গত সপ্তাহে বেজোস গৃহহীনদের নিয়ে কাজ করা সংস্থাগুলোর জন্য ৯ কোটি ৬২ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ ছাড়া চলতি মাসেই স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোস পরিবেশ পুনরুদ্ধারে ২০০ কোটি ডলার খরচ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করতেই তাঁর ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের ২০০ কোটি ডলারের শেয়ার বিক্রিও করেছেন তিনি। এ ছাড়া বেজোসের আর্থ ফান্ড সামগ্রিকভাবে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য ১০ হাজার কোটি ডলার ব্যয় করার পরিকল্পনা করেছে।

আসলে গত জুলাই মাসে আমাজনের প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করার পর থেকে ভিন্ন ধরনের কাজে মনোযোগ দিয়েছেন বেজোস। ২০ জুলাই ব্লু অরিজিনের তৈরি রকেটে মহাকাশ ভ্রমণ করে এসেছেন তিনি। সেই সঙ্গে নিজেকে একজন মানবহিতৈষী হিসেবে তুলে ধরতে বহু দান–অনুদান দিচ্ছেন।

জেফ বেজোস তাঁর অনুদান সাবেক কংগ্রেসম্যান এবং নাগরিক অধিকার আইকন জন লুইসকে উৎসর্গ করেছেন। ২০২০ সালে মারা যান জন লুইস। এই অনুদান ব্যয় হবে ওবামা ফাউন্ডেশনের প্রকল্প বারাক ওবামা প্রেসিডেনশিয়াল সেন্টারে। যেটি জন লুইসের নামে নামকরণ করা হয়েছে।

এক বিবৃতিতে গতকাল জেফ বেজোস বলেন, স্বাধীনতাসংগ্রামীরা একটি বিশেষ স্থানের যোগ্য। জন লুইস একজন মহান আমেরিকান নেতা। তিনি মার্জিত ও সাহসী ছিলেন। আমি সম্মানিত করার জন্য তাঁর চেয়ে উপযুক্ত ব্যক্তির কথা ভাবতে পারি না। সেই সঙ্গে আমি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মিশেল ওবামা এবং তাঁদের ফাউন্ডেশনকে আগামী দিনের নেতাদের প্রশিক্ষণ ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সমর্থন করতে পেরে আনন্দিত।

অন্যদিকে এখনো ডেমোক্রেটিক পার্টি প্রতিষ্ঠার একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে রয়েছেন বারাক ওবামা। ওবামা ফাউন্ডেশনের আগের প্রেসিডেন্ট, অ্যাডেওয়াল আদেয়েমো, যিনি ওবামার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য ছিলেন, তিনি এখন ডেপুটি ট্রেজারি সেক্রেটারি। ওবামা ফাউন্ডেশন তার তহবিল সংগ্রহের প্রচেষ্টার অংশ হিসেবে প্রশাসনের প্রাক্তন ছাত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিল। সেই সূত্র ধরে ওবামার সাবেক প্রেস সেক্রেটারি জে কার্নি প্রথম বেজোসের অনুদানের কথাটি জানান। জে কার্নি এখন আমাজনের শীর্ষ লবিং এবং কমিউনিকেশন এক্সিকিউটিভ। পরে ওবামা ও বেজোস এ বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছেন। জেফ বেজোসের অনুদানের লক্ষ্য বারাক ওবামা প্রেসিডেনশিয়াল লাইব্রেরিকে ন্যাশনাল আর্কাইভস অ্যান্ড রেকর্ডস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ডিজিটালাইজড করা। কেন্দ্রটি নির্মাণাধীন। এটি শিকাগো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে জ্যাকসন পার্কে অবস্থিত। ফাউন্ডেশনের অনুমান অনুযায়ী, কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে প্রায় ৭০ কোটি ডলার।

বারাক ওবামা ২০১৪ সালে ওবামা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনে উল্লেখযোগ্য দাতাদের মধ্যে রয়েছেন বেজোসের সাবেক স্ত্রী ম্যাকেঞ্জি স্কট, বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস এবং সাবেক ফেসবুক প্রেসিডেন্ট এবং নেপস্টারের প্রতিষ্ঠাতা শন পারকার।