মূল্যস্ফীতির চাপে বিদ্যালয় ছেড়ে সুপারমার্কেটের কাজে শিক্ষণ সহকারীরা
মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের বাড়তি দাম নিয়ে হিমশিম অবস্থার মধ্যে আছেন যুক্তরাজ্যের মানুষ। তার সঙ্গে যুক্ত হয়েছে আসন্ন শীতের উচ্চমূল্যের জ্বালানি খরচের দুশ্চিন্তা। এমন এক পরিস্থিতিতে আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য না থাকায় যুক্তরাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষণ সহকারীরা তাঁদের চাকরি ছাড়ছেন। খবর দ্য গার্ডিয়ানের।
জীবনযাত্রার খরচের তুলনায় শিক্ষণ সহকারীদের বেতন এতই কম যে তাঁদের অনেকেই এখন পেশা বদল করে সুপারমার্কেটগুলোতে চাকরি নিচ্ছেন। কারণ, তাঁরা মনে করছেন, বর্তমান বেতন–ভাতা বা আয় দিয়ে আসন্ন শীতের বাড়তি জ্বালানি ও খাবারের খরচ বহন করা সম্ভব হবে না। এসব শিক্ষণ সহকারী মূলত পূর্ণকালীন শিক্ষকদের বিভিন্ন কাজে সহায়তা করে থাকেন।
যুক্তরাজ্যের প্রায় সব এলাকার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানিয়েছেন, তাঁরা তাঁদের প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ শিক্ষণ সহকারীর শূন্যপদগুলো কিছুতেই পূরণ করতে পারছেন না। কারণ, কম বেতনের কারণে এসব পদে চাকরি করতে আগ্রহ দেখাচ্ছেন না কেউ। বরং যাঁরা এখনো চাকরি করছেন, তাঁরাও সামনের দিনগুলোতে এ চাকরি ছাড়বেন—এমন আশঙ্কার কথায় জানিয়েছেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
যুক্তরাজ্যের বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষণ সহকারীর চাকরির বিজ্ঞাপনগুলোতে লোকজন এখন তেমন সাড়া দিচ্ছে না। আর এরই মধ্যে যত সংখ্যক শিক্ষণ সহকারী চাকরি ছেড়েছেন, তাঁদের শূন্যপদ পূরণ করাটাও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে প্রাথমিক শিক্ষাস্তরে গুরুতর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
যুক্তরাজ্যের বাকিংহামশায়ারের র্যাডনেজ চার্চের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যাম ব্রাউন বলেন, তাঁর বিদ্যালয়ের সবচেয়ে দক্ষ শিক্ষণ সহকারী এক সপ্তাহ আগে পদত্যাগ করেছেন। এ সময় তিনি কান্নায় ভেঙে পড়েন। কারণ, তিনি এই চাকরিকে ভালোবাসতেন। কিন্তু জীবনযাত্রার খরচ মেটানোর মতো যথেষ্ট আয় না থাকায়, বাধ্য হয়ে তাঁকে এই কাজ ছাড়তে হয়েছে।
স্যাম ব্রাউন জানান, ওই শিক্ষণ সহকারীর নার্সারিতে পড়ুয়া একটি বাচ্চা আছে। তার জন্য নিয়মিত শিশু দিবাযত্নকেন্দ্রের বেতন দিতে হয়। আগে ওই শিক্ষণ সহকারী যখন দৈনিক ১০ পাউন্ড আয় করতেন তখনো শিশু দিবাযত্নকেন্দ্রের বেতন দেওয়া তার জন্য বেশ কঠিনই ছিল। কিন্তু এখন সবকিছুর দাম বেড়ে যাওয়ায় তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্যাম ব্রাউন বলেন, স্কুলের শিক্ষণ সহকারী ও সহায়তা কর্মীদের যে বেতন দেওয়া হচ্ছে, তা একটা তামাশা ছাড়া আর কিছুই নয়।
জটিল এ পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধান শিক্ষকেরা বলছেন, তাঁরা আগামী গ্রীষ্মের শুরুতে শিক্ষণ সহকারী ও সহায়তা কর্মীদের বাড়তি বেতন বরাদ্দের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন।
ক্লেয়ার পেগলার যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের একটি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ণকালীন শিক্ষণ সহকারী। বর্তমানে তিনি ওই কাজের পাশাপাশি স্থানীয় একটি সুপারমার্কেটে সন্ধ্যাকালীন কাজ করছেন। ক্লেয়ার পেগলার বলেন, ‘আমি খুবই সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। কী করব বুঝতে পারছি না। আমি স্কুল ছাড়তে চাই না। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তাতে সুপারমার্কেটে পূর্ণকালীন কাজ করতে পারব কি না, তা বিবেচনা করছি।’