সোনার দাম আবার ভরিতে ২ লাখ টাকা ছাড়াল
সোনার দাম আবার ভরিতে দুই লাখ টাকা ছাড়িয়ে গেল। আজ সকালে দাম বেড়ে যাওয়ায় সোনার দাম আবার এই সীমা পেরিয়ে গেল।
দেশের বাজারে সোনার দাম এই বাড়ছে তো এই কমছে। টানা সাত দিনে সোনার দাম দুই দিন কমেছে, পাঁচ দিন বেড়েছে। আজ শনিবার সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৬২৪ টাকা বেড়েছে। তাতে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
আজ সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোনার দাম বৃদ্ধির ঘোষণা দেয়। গতকাল দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা। বৃহস্পতিবারও সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা বেড়েছিল। অর্থাৎ তিন দিনে সোনার দাম বেড়েছে সর্বোচ্চ ৪ হাজার ৭২৪ টাকা।
আজ দাম বৃদ্ধির পর ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।
আজ দাম বৃদ্ধির আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ভরিতে ১ লাখ ৯০ হাজার ৭ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা। সোনার দামের সঙ্গে ভরিতে আড়াই হাজার টাকা ভ্যাট যুক্ত করা আছে। ফলে ক্রেতাদের আলাদা করে ভ্যাট দিতে হবে না।
এদিকে সোনার দাম বাড়ানো হলেও রুপার দামে পরিবর্তন নেই। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখন ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা।
বিশ্ববাজারে বাড়ছে দাম
গতকাল শুক্রবার বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। কয়েক দিন ধরে দরপতনের পর কম দামে সোনা কেনার প্রবণতা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। পাশাপাশি মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতা কিছুটা থেমে আসায় এবং শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরায় সোনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক দরপতনের কারণে অনেক বিনিয়োগকারী কম দামে সোনা কেনার সুযোগ খুঁজছিলেন। গতকাল সেই প্রবণতা জোরালো হয়। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম একপর্যায়ে ৩ শতাংশের বেশি বেড়ে যায়। তবে পরে বৃদ্ধির হার কিছুটা কমে আসে। শুক্রবার নিউইয়র্কের বাজারে সোনার স্পট দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩ হাজার ৬৩৯ ডলার ৬১ সেন্ট হয়।
এর আগে টানা দরপতনের কারণে বুধবার সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৪২৬ ডলার ৩৫ সেন্টে নেমে আসে, ২০২৫ সালের আগস্টের পর যা সর্বনিম্ন।
এদিকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়াবে, এমন আশঙ্কা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ আছে। সুদের হার বাড়লে সাধারণত সোনার দামে চাপ তৈরি হয়। কেননা সোনা থেকে সুদ পাওয়া যায় না। অন্যদিকে সুদের হার বাড়লে বন্ডসহ সুদ পাওয়া যায়—এমন বিনিয়োগের আকর্ষণ বেড়ে যায়। ফলে সোনায় বিনিয়োগের আগ্রহ কমতে পারে।
বিশ্ববাজারে সোনার দাম আরও বাড়বে কি না, তা নির্ভর করছে ডলারের গতিপ্রকৃতি, যুক্তরাষ্ট্রের সুদের হারসংক্রান্ত সিদ্ধান্ত ও বিনিয়োগকারীদের চাহিদার ওপর।