নতুন ঋণে আইএমএফের চতুর্থ শীর্ষ গ্রাহক পাকিস্তান, অন্যরা কারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান এখন আইএমএফের চতুর্থ শীর্ষ ঋণগ্রহীতা

পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সখ্য অনেক পুরোনো ও গভীর। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এক গভর্নর বলেছিলেন, পাকিস্তানের আইএমএফের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের মধ্যে একটি। সম্প্রতি পাকিস্তানের জন্য আইএমএফ যে ৩০০ কোটি ডলারে ঋণ অনুমোদন করেছে, এর মধ্য দিয়ে পাকিস্তান আইএমএফের চতুর্থ বৃহত্তম ঋণগ্রহীতায় পরিণত হতে যাচ্ছে।

আইএমএফের সূত্রে এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা জানিয়েছে, নতুন এই ঋণ পাওয়ার আগপর্যন্ত পাকিস্তান ছিল আইএমএফের পঞ্চম বৃহত্তম গ্রাহক। এখন তারা হবে চতুর্থ বৃহত্তম গ্রাহক। টানা আট মাস দর-কষাকষির পর আইএমএফ পাকিস্তানকে এই ঋণ দিচ্ছে, যদিও আইএমএফের পরিচালনা পর্ষদ এখনো তা অনুমোদন করেনি। এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার সূত্রে ইকোনমিক টাইমস এই সংবাদ দিয়েছে।

আইএমএফের কাছ থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ঋণ নিয়েছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকার দেশটি এখন পর্যন্ত আইএমএফ থেকে ৪৬ বিলিয়ন বা ৪ হাজার ৬০০ কোটি ডলার ঋণ নিয়েছে। দ্বিতীয় স্থানে আছে মিসর, তারা ঋণ নিয়েছে ১৮ বিলিয়ন বা ১ হাজার ৮০০ কোটি ডলার। ১২ দশমিক ২ বিলিয়ন বা ১ হাজার ২২০ কোটি ডলার ঋণ নিয়ে তৃতীয় স্থানে আছে ইউক্রেন। ৮২০ কোটি ডলার ঋণ নিয়ে চতুর্থ স্থানে আছে ইকুয়েডর আর ৭৪০ কোটি ডলার ঋণ নিয়ে পঞ্চম স্থানে ছিল পাকিস্তান।

এবার ৩০০ কোটি ডলার ঋণ পেলে পাকিস্তানের ঋণের পরিমাণ ১ হাজার ৪০ কোটি ডলারে উঠবে। তাতে দেশটি ঋণগ্রহীতার কাতারে চতুর্থ স্থানে উঠে আসবে।

বড় ধরনের বিপদেই পড়েছে পাকিস্তান। কোভিড, প্রলয়ংকরী বন্যা ও সর্বশেষ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশটির সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে। কেন্দ্রীয় ব্যাংকের হাতে গত ১৬ জুন পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩ দশমিক ৫৪ বিলিয়ন বা ৩৫৪ কোটি ডলার, যা দিয়ে এক মাসের মতো আমদানি ব্যয় মেটানো সম্ভব।

এ ছাড়া গত জুন মাসে দেশটিতে ভোক্তা মূল্যস্ফীতির হার ছিল ২৯ দশমিক ৪, মে মাসে যা ছিল ৩৮ শতাংশ। চলতি বছরের জানুয়ারি মাসের পর এই প্রথম দেশটির মূল্যস্ফীতি ৩০ শতাংশের নিচে নেমেছে।

এদিকে আইএমএফের ঋণ বিশ্লেষণ করে দেখা যায়, ৯৩টি দেশ সংস্থাটির সদস্য হলেও ঋণের ৭১ শতাংশই পেয়েছে শীর্ষ ১০ ঋণগ্রহীতা দেশ। আইএমএফ এ পর্যন্ত মোট ১৫৫ বিলিয়ন বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার ঋণ দিয়েছে। এ ছাড়া এশিয়া অঞ্চলে আইএমএফের সবচেয়ে বড় গ্রাহক হলো পাকিস্তান।

আইএমএফের ঋণ পাওয়া সহজ নয়। এ জন্য মানতে হয় নানা শর্ত। করতে হয় বিভিন্ন সংস্কার।

পাকিস্তানে চলমান ঋণ কর্মসূচি শুরু হয়েছিল ২০১৯ সালে। কিন্তু দেশটি বেশ কিছু প্রয়োজনীয় শর্ত পূরণ করতে ব্যর্থ হওয়ায় আইএমএফের সঙ্গে ঋণসংক্রান্ত আলোচনা বারবার স্থগিত হয়েছে। সম্প্রতি এই ঋণচুক্তি বাস্তবে রূপ দিতে বিভিন্ন শর্ত পালন করতে শুরু করে পাকিস্তান। কিছুদিন আগে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদের হার বাড়িয়ে ২২ শতাংশ করেছে। অবশেষে আইএমএফের কর্মকর্তারা আশ্বস্ত হওয়ার পর ঋণ পাচ্ছে পাকিস্তান।

আদি প্রেম

তবে আইএমএফের ঋণ পেলেই যে পাকিস্তানের অর্থনৈতিক সংকট কেটে যাবে—অনেক অর্থনীতিবিদ আবার এমনটা মনে করেন না। মুডি’স অ্যানালিটিকসের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ক্যাটরিনা এল বিবিসিকে বলেন, চুক্তি হলেই যে পাকিস্তানের অর্থনৈতিক দুর্দশার অবসান হবে, সে রকম ইঙ্গিত নেই। সীমিত বৈদেশিক রিজার্ভ, উচ্চ মূল্যস্ফীতি ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব—এসব কাটিয়ে উঠতে সময় লাগবে। আর সে জন্য বিশেষভাবে আর্থিক খাতে টেকসই শৃঙ্খলা আনা প্রয়োজন।

অর্থনৈতিক দুর্দশার কবলে পড়ে পাকিস্তান গত ৭৫ বছরে ২৩ বার আইএমএফের কাছে বেইল আউল প্যাকেজ সহায়তা নিয়েছে বলে সম্প্রতি উল্লেখ করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর মুর্তজা সাইদ। তিনি মনে করেন, এ যেন আইএমএফের ‘ভালোবাসার’ প্রতি পাকিস্তানের 'আদি-অকৃত্রিম আসক্তির’ নমুনা।

মুর্তজা সাইদ আরও বলেন, বাস্তবতা হলো, পাকিস্তান আইএমএফের সবচেয়ে নিয়মিত গ্রাহকদের একটি।