এ বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ৩ শতাংশ 

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

গত বছরের মাঝামাঝি সময়ে বিশ্বজুড়ে কোভিডজনিত বিধিনিষেধ উঠে যাওয়ার পর হঠাৎ ভোক্তাদের চাহিদা বেড়ে যায়। কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয়নি। এরপর আবার শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ফলে সরবরাহব্যবস্থা আবার ব্যাহত হয়। 

এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও আর্থিক সেবাপ্রতিষ্ঠান মরগ্যান স্ট্যানলির পূর্বাভাস, ২০২৩ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ২ দশমিক ২ শতাংশ। তাদের ধারণা, ২০২২ সালে প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৩ শতাংশ। 

তবে মরগ্যান স্ট্যানলির মতে ভালো খবর হলো, বৈশ্বিক মূল্যস্ফীতির হার এখন চূড়ান্ত উচ্চতায় আছে। অর্থাৎ এর পর থেকে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমতে শুরু করবে। চাহিদা হ্রাস, মজুত পণ্যের সংখ্যাধিক্যের কারণে মূল্যছাড় ও ক্রমহ্রাসমান গৃহমূল্যের কারণে মূল্যস্ফীতির হার ধীরে ধীরে কমতে শুরু করবে। সে কারণে বিশ্বের প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলো নীতি সুদহার বৃদ্ধির ধারায় ছেদ টানবে—এমনটাই প্রত্যাশা। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের শেষ বৈঠকে নীতি সুদ বৃদ্ধির হার কমানোর পরামর্শ দেওয়া হয়েছিল। সেই বৈঠকের কার্যবিবরণীর সারাংশে এই তথ্য প্রকাশের পর চাঙা হয়েছে সারা বিশ্বের শেয়ারবাজার। 

মরগ্যান স্ট্যানলির পূর্বাভাস, ২০২২ সালে ইউরো অঞ্চলের প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ৩ দশমিক ৩ শতাংশ, যা ২০২৩ সালে শূন্য দশমিক ২ শতাংশ সংকুচিত হতে পারে। এরপর ২০২৪ সালেও ইউরো অঞ্চলের সংকোচনের হার দাঁড়াবে শূন্য দশমিক ৯ শতাংশ। আর ২০২২ সালে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির হার দাঁড়াবে ১ দশমিক ৯ শতাংশ, ২০২৩ সালে যা আরও কমে দাঁড়াবে শূন্য দশমিক ৫ শতাংশ। 

তবে উন্নয়নশীল দেশের প্রবৃদ্ধির হার উন্নত দেশের চেয়ে বেশি হবে। কিন্তু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের সমস্যা হলো, তার রপ্তানি আয়ের সিংহভাগ আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে। ফলে এই অঞ্চলের অর্থনীতি স্থবির হলে দেশের রপ্তানি আয় কমবে। ইতিমধ্যে বৈশ্বিক স্থবিরতার ছাপ দেশের রপ্তানি খাতে পড়তে শুরু করেছে।