৮৫% কর্মী ছাঁটাই করবে ভার্জিন অরবিট
এবার যুক্তরাজ্যভিত্তিক রকেট কোম্পানি ভার্জিন অরবিট তাদের ৮৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এটি ব্রিটিশ ধনকুবের স্যার রির্চাড ব্র্যানসনের কোম্পানি। নতুন বিনিয়োগ সুরক্ষিত রেখে কোম্পানিকে সাবলীলভাবে পরিচালনার জন্য কর্মী ছাঁটাইয়ের এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভার্জিন অরবিট।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘমেয়াদি কার্যক্রম বন্ধ রাখবে। কোম্পানির আর্থিক পরিস্থিতির সম্ভাব্য সমাধান খুঁজতেই সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভার্জিন অরবিট জানিয়েছে, কোম্পানির আনুষঙ্গিক ব্যয় কমানোর এবং তহবিল সংগ্রহ করার জন্যই তারা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি বলছে, গত জানুয়ারিতে যুক্তরাজ্যের ভূমি থেকে মহাকাশে নিজেদের প্রথম স্যাটেলাইট অভিযান পরিচালনায় ব্যর্থ হয়েছে ভার্জিন অরবিট। কোম্পানির ‘লঞ্চার ওয়ান’ রকেটটি বোয়িং ৭৪৭ বিমান কসমিক গার্ল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটি মহাকাশে পৌঁছেছে ঠিকই কিন্তু তার মূল লক্ষ্যের কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
এদিকে ৮৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় গতকাল বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৪৪ শতাংশের বেশি কমে গেছে।
স্যার রির্চাড ব্র্যানসনকে তাঁর বিনিয়োগ প্রতিষ্ঠান ভার্জিন অরবিটের কর্মীসংখ্যা কমানো ও প্রতিষ্ঠানের অন্যান্য খরচের জন্য ১০ দশমিক ৯ মিলিয়ন বা ১ কোটি ৯ লাখ মার্কিন ডলার দিতে হবে। কিন্তু প্রতিষ্ঠানটি মনে করছে, কর্মী ছাঁটাই ও প্রতিষ্ঠানের অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য তাদের প্রায় ১৫ মিলিয়ন তথা দেড় কোটি ডলার লাগতে পারে।
একটি প্রতিবেদনে উঠে এসেছে যে ভার্জিন অরবিট কোম্পানির মালিক কর্মীদের বলেছেন যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত থাকবে।
সিএনবিসি প্রথম এই খবর প্রকাশ করে। তাদের প্রতিবেদন অনুসারে ভার্জিন অরবিটের প্রধান নির্বাহী ড্যান হার্ট কর্মীদের সঙ্গে একটি বৈঠকে বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে কোম্পানির এমন সিদ্ধান্ত আসলেই বেদনাদায়ক। কিন্তু এই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই।’
এই বিষয়ে বিবিসি ভার্জিন অরবিটের মন্তব্য জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
মার্চ মাসের শুরুর দিকে ভার্জিন অরবিট কোম্পানির কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। সেই সঙ্গে তারা বলেছিল, এগিয়ে যাওয়ার জন্য তাদের পরবর্তী কার্যক্রম কি হবে, তা আগামী সপ্তাহগুলোয় জানিয়ে দেওয়া হবে।
২০১৭ সালে ভার্জিন অরবিট কোম্পানি প্রতিষ্ঠা করেন রিচার্ড ব্র্যানসন। কোম্পানিটি ছোট স্যাটেলাইট বহন করার জন্য রকেট তৈরি করে। তবে প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে তেমন একটা লাভ করতে পারেনি। এয়ারলাইন ভার্জিন আটলান্টিক ও মহাকাশ পর্যটন কোম্পানি ভার্জিন গ্যালাকটিক নামে তাদের আরও দুটি কোম্পানি রয়েছে।
যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বসের তৈরি বৈশ্বিক বিলিয়নিয়ার তথা অতিধনী বা শতকোটিপতি তালিকায় রিাচার্ড ব্র্যানসনের নাম রয়েছে। ফোর্বসের তথ্যানুসারে আজ শুক্রবার তাঁর সম্পদের নিট মূল্য হচ্ছে ৩০০ কোটি মার্কিন ডলার।