চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে রেকর্ড, বিক্রি বেড়েছে অন্য দেশেও
বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বাড়ছে। চীনে এ ধরনের গাড়ি বিক্রির হার আরও বেশি। জানা গেছে, চীনে বৈদ্যুতিক গাড়ি কেনায় ভর্তুকি না থাকলেও অক্টোবরে সেখানে রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি হয়েছে। বাজার গবেষণাপ্রতিষ্ঠান রো মোশনের সূত্রে এ খবর দিয়েছে রয়টার্স।
বৈদ্যুতিক গাড়ি কেনায় টানা ১১ বছর ভর্তুকি দিয়েছে চীন। ২০২২ সালে তা শেষ হলেও দেশটির বিভিন্ন অঞ্চলের স্থানীয় সরকার বিনিয়োগ আকর্ষণ করতে কর ছাড়সহ ভোক্তাদের নানা রকম সুবিধা দিয়ে যাচ্ছে।
চলতি বছরের শুরু থেকে সেপ্টেম্বর পর্যন্ত চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে ২৯ শতাংশ। একই সময়ে সারা বিশ্বে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে ৩৪ শতাংশ।
বছরের শেষ দুই মাসে সাধারণত চীনে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়ে যায়। এবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান রো মোশন বলছে, চীনে বৈদ্যুতিক গাড়ি কেনায় ভর্তুকি শেষ হলেও সেখানে বৈদ্যুতিক গাড়ি বিক্রয় রেকর্ড উচ্চতায় উঠেছে। ২০২৩ সাল চীনের বৈদ্যুতিক গাড়ি বিক্রির ক্ষেত্রে আরেকটি মাইলফলক হয়ে থাকবে।
এদিকে অক্টোবরে ইউরোপের বাজারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে ২৬ শতাংশ। জার্মানির মতো দেশে বৈদ্যুতিক গাড়ি কেনায় বাণিজ্যিক ভর্তুকি থাকায় সেপ্টেম্বর মাস শেষ হয়ে গেলেও গাড়ি বিক্রির ধারা অব্যাহত আছে। রো মোশন বলছে, জার্মানির বাজারে এই ভর্তুকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ, সে দেশে যত বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন হয়, তার প্রায় দুই-তৃতীয়াংশ বাণিজ্যিক।
এদিকে টেসলা, মার্সিডিস বেঞ্জ ও ফক্সওয়াগনের মতো কোম্পানি বলেছে, উচ্চ সুদহার ও বাজারের চাঙাভাব না থাকার কারণে অনেক গ্রাহক মুখ ফিরিয়ে নিচ্ছেন। তবে চলতি বছর উত্তর আমেরিকার বৈদ্যুতিক গাড়ি বিক্রি ৭৮ শতাংশ বেড়েছে। সেখানে এখনো টেসলার আধিপত্য দেখা যাচ্ছে, যদিও চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি টেসলার চেয়ে সস্তা।
বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, চীনের অন্তত ১০০টি কোম্পানি বৈদ্যুতিক গাড়ি তৈরি করে। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, চীনের জনগণের মধ্যে বৈদ্যুতিক গাড়ির চাহিদা ধীরে ধীরে বাড়ছে।
বৈদ্যুতিক গাড়ির চাহিদা পূরণের দিক দিয়ে এখন ইউরোপের সঙ্গেও টেক্কা দিচ্ছে চীন। ইউরোপের দামি বৈদ্যুতিক গাড়ির চেয়ে তুলনামূলক সস্তা চীনা বৈদ্যুতিক গাড়ি বিশ্ববাজারে বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। চীনে যন্ত্রাংশের দাম কম হওয়ায় এবং শ্রম তুলনামূলকভাবে সস্তা হওয়ায় তারা কম দামে বৈদ্যুতিক গাড়ি বাজারে ছাড়তে পারে।