মূল্যস্ফীতির প্রভাব পড়েছে উৎসবের বেচাকেনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারির বিধিনিষেধের কারণে গত দুই বছরে বক্সিং দিবসে (২৬ ডিসেম্বর) তেমন ব্যবসা করতে পারেননি যুক্তরাজ্যের খুচরা ব্যবসায়ীরা। এ বছর সেই বিধিনিষেধ নেই, তবে সাধারণ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গেছে। ফলে এবারও বেচাকেনা বাড়বে, তেমন কোনো আশা দেখছেন না ব্যবসায়ীরা।

প্রথাগতভাবে বক্সিং ডে বলতে বোঝানো হয় ক্রিসমাস বা বড়দিনের পরের দিনটিকে। খ্রিষ্টধর্মাবলম্বীদের মধ্যে সামর্থ্যবানেরা বাক্সে করে এদিন গরিব-দুঃখীদের মধ্যে বিভিন্ন উপহার ও টাকাপয়সা বিতরণ করে থাকেন। এ কারণে দেশটির খুচরা বিক্রেতারাও এ সময় বিপুল পণ্য বিক্রি করেন।

তবে এ বছর খুচরা বেচাকেনা প্রত্যাশার তুলনায় কম হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তথ্য বিশ্লেষণ ও পরামর্শক প্রতিষ্ঠান গ্লোবাল ডেটা জানিয়েছে, ২৬ ডিসেম্বর প্রায় ৪৫৯ কোটি মার্কিন ডলার বেচাকেনা হতে পারে যুক্তরাজ্যে। গত বছরের বক্সিং দিবসের বেচাকেনার তুলনায় এটি প্রায় ৪ শতাংশ কম।

যুক্তরাজ্যে মূল্যস্ফীতির হার এখন ১০ শতাংশের বেশি। খরচ কমাতে কেনাকাটা কমাচ্ছেন গ্রাহকেরা।

করোনার বিধিনিষেধের কারণে ২০২০ সালে যুক্তরাজ্যের খুচরা ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়েন। পরের বছর অমিক্রনের সংক্রমণ ছড়ালে দেশটিতে আবার কঠোর বিধিনিষেধ দেওয়া হয়। এ সময় ঠিকভাবে দোকানপাট খুলতে না পেরে লোকসানের মুখে পড়েন ব্যবসায়ীরা।

অন্যদিকে কয়েক মাস ধরে দেশটিতে চলছে উচ্চ মূল্যস্ফীতি ও মন্দাবস্থা। এতে খরচের পরিমাণ কমিয়েছেন দেশটির সাধারণ মানুষ। ফলে এবারও আশানুরূপ বেচাকেনা হবে না বলে আশঙ্কা ব্যবসায়ীদের।

গ্লোবাল ডেটা বলছে, এ বছর বক্সিং দিবসের কেনাকাটার এক-তৃতীয়াংশের বেশি অনলাইনে হতে পারে। এতে আনুমানিক ১৫০ কোটি মার্কিন ডলারের বেচাকেনা হবে। ক্রেডিট কার্ড ফার্ম বারক্লেকার্ড জানিয়েছে, এ বছর ক্রিসমাস-পরবর্তী বিক্রয়ে (বক্সিং ডে) গ্রাহকেরা জনপ্রতি গড়ে ২২৯ পাউন্ড ব্যয় করবেন; যা গত বছরের তুলনায় ১৮ পাউন্ড কম।

যুক্তরাজ্যের বার্কলেকার্ড ব্যাংকের দুই হাজার ক্রেতার ওপর সম্প্রতি জরিপ চালানো হয়। জরিপে ৪২ শতাংশ ক্রেতা বলেন, তাঁরা জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে ক্রিসমাস-পরবর্তী কেনাকাটা কমাবেন।

বার্কলেকার্ড পেমেন্টসের অনলাইন পেমেন্ট বিভাগের প্রধান হার্শনা কেলি বলেন, মূল্যস্ফীতির কারণে স্বাভাবিকভাবেই এ বছরের ক্রিসমাস-পরবর্তী বিক্রি কম হবে। তবে এটাও ঠিক, সাধারণ ক্রেতারা ছাড়ের সময় বেশি কেনাকাটা করেন। ফলে এবারও দোকানগুলোতে মোটামুটি ছাড় দেওয়া হলে বেচাকেনার পরিমাণ বাড়তে পারে।