মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্রে কমেছে, ভারতে বেড়েছে
স্বপন আদনান বলেন, গ্রামীণ সমাজের নিম্নবিত্ত মানুষের জীবনেও বৈচিত্র্য আসছে। স্রেফ কৃষিশ্রমিক হিসেবে কাজ করে তাঁদের আর পোষাচ্ছে না।
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার গত মাসে কিছুটা কমেছে। তবে বিশ্লেষকেরা মনে করছেন, তা এখনো যথেষ্ট নয়। সর্বশেষ তথ্যানুসারে, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির হার ছিল ৮ দশমিক ৩ শতাংশ, আগের মাস জুলাইয়ে যা ছিল ৮ দশমিক ৫ শতাংশ।
মূলত পেট্রলের দাম হ্রাসের কারণে জুলাই মাসের তুলনায় আগস্টে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তবে বিনিয়োগকারীদের হতাশার কারণ হলো, খাদ্য, বাড়ি ও স্বাস্থ্যসেবার মূল্যবৃদ্ধি অব্যাহত আছে।
এই পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধির নীতি গ্রহণ করেছে। বিবিসির সংবাদে বলা হয়েছে, চলতি মাসেও ফেড নীতি সুদহার বৃদ্ধি করতে পারে। কিন্তু এতে চাহিদা কমে যাচ্ছে আর তাতে মন্দার আশঙ্কা ঘনীভূত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নীতি সুদহার ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। সে জন্য বিনিয়োগকারীদের প্রস্তুত থাকতে বলেছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রে নীতি সুদহার বৃদ্ধির অর্থ হলো, বন্ডের সুদহার বৃদ্ধি পাওয়া। এতে হয় কী, বিভিন্ন উন্নয়নশীল দেশের শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে যে আন্তর্জাতিক বিনিয়োগ আছে, সেই বিনিয়োগ যুক্তরাষ্ট্রের দিকে ধাবিত হওয়া। সেই সঙ্গে আছে মন্দার আশঙ্কা, ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে যুক্তরাষ্ট্রের বন্ডের বাজারের দিকে ছুটছেন। ইতিমধ্যে ভারতের শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ চলে গেছে বলে জানা গেছে।
তবে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম হ্রাস পাওয়ার কারণে মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেছে বলে মনে করেন বিশ্লেষকেরা। এতে মানুষের হাতে খরচ করার মতো অর্থের সরবরাহ কিছুটা বাড়বে।
এদিকে আগস্ট মাসে ভারতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের একই সময়ের তুলনায় ৭ শতাংশ বেড়েছে। এ হার জুলাই মাসে ছিল ৬ দশমিক ৭১ শতাংশ। দেশটিতে অনিয়মিত বৃষ্টিপাতের কারণে খাদ্যশস্য এবং সবজির মূল্য বেড়েছে। এসব কারণে সিপিআই বেড়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন।
অতিরিক্ত তাপপ্রবাহের কারণে ওই সময়ে গমের মূল্যস্ফীতিও দ্বিগুণ হয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত কম হওয়ায় জমিতে ধানের বীজ বপনের পরিমাণ কমেছে আর তাতে উৎপাদনও হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। সামগ্রিকভাবে মূল্যস্ফীতির হার বাড়তি থাকবে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদেরা।
ভারতের খুচরা মূল্যস্ফীতি টানা আট মাস ধরে ৬ শতাংশের ওপরে রয়েছে। আরবিআই মূল্যস্ফীতি ভিত্তি পরিবর্তনের পর দ্বিতীয়বারের মতো মূল্যস্ফীতি টানা আট মাস ধরে ৬ শতাংশের ওপরে। এর আগে ২০২০ সালের এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত মূল্যস্ফীতির হার এ রকম বা তার চেয়ে বেশি ছিল।
এদিকে গত জুলাই মাসে শিল্প উৎপাদন সূচক (আইআইপি) বছরওয়ারি হিসাবে ২ দশমিক ৪ শতাংশ হারে বেড়েছে। তবে গত জুনের ১২ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এটি শ্লথ। এ সময়ে দেশটির উৎপাদন খাত ৩ দশমিক ২ শতাংশ বেড়েছে। বিদ্যুৎ খাতে প্রবৃদ্ধির হার ২ দশমিক ৩ শতাংশ (ছয় মাসের সর্বনিম্ন)। পাশাপাশি একই সময়ে কয়লা উৎপাদন ১১ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যখন খনন খাত ৩ দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে।
এদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভারত সরকার গমের আটা রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এই পদক্ষেপ অভ্যন্তরীণ চালের বাজার নিয়ন্ত্রণে সহায়তা করবে। ইন্ডিয়া রেটিং আশা করছে, চলতি মাসের শেষ দিকে আরবিআই মুদ্রানীতিতে সুদের হার ২৫ থেকে ৫০ ভিত্তি পয়েন্ট বৃদ্ধি করবে। খবর বিবিসি ও ইকোনমিক টাইমসের