যা বলতে চাই, তা–ই বলব, তাতে আয় কমলে কমুক: ইলন মাস্ক
টুইটার ও টেসলার মালিক ইলন মাস্ক বলেছেন, তিনি বিভিন্ন বিষয়ে যেভাবে কথা বলে যাচ্ছেন, সেভাবেই কথা বলে যাবেন। এতে যদি তাঁর বৈদ্যুতিক গাড়ির কোম্পানি টেসলার সম্ভাব্য ক্রেতা কিংবা টুইটারের বিজ্ঞাপনদাতাদের অসুবিধা করে তাতেও তিনি কিছু মনে করবেন না।
গতকাল মঙ্গলবার মার্কিন গণমাধ্যম সিএনবিসির সাংবাদিক ডেভিড ফেবারের সঙ্গে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন মাস্ক। ডেভিড ফেবারকে ইলন মাস্ক বলেন, তিনি যা বলতে চান, তা–ই তিনি বলবেন। এতে যদি তাঁর আয় কমে যায়, তবে সেটা নিয়ে তিনি মাথা ঘামাবেন না, বরং তিনি কথা চালিয়ে যাবেন।
ইলন মাস্ক বেশ কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন বিষয়ে টুইট করে যাচ্ছেন। এর মধ্যে অনেক বিতর্কিত টুইট ষড়যন্ত্র তত্ত্ব ও ঘৃণা ছড়িয়েছে বলে সমালোচকেরা দাবি করেন। তাঁরা মাস্কের এসব টু্ইটকে চরমমাত্রায় বৈষম্যমূলক বলেও বিভিন্ন সময় অভিহিত করেছেন।
সর্বশেষ গত সোমবারে এক টুইটে ইলন মাস্ক হাঙ্গেরিয়ান-আমেরিকান ব্যবসায়ী ও সমাজসেবী জর্জ সোরোসকে নিয়ে একটি টুইট করেন। সেখানে মাস্ক বলেন, জর্জ সোরোস তাঁকে (ইলন মাস্ক) এক্স-মেন কমিক বইয়ের সুপারভিলেন ম্যাগনেটোর কথা মনে করিয়ে দেন। কমিকে ম্যাগনেটো মানবতার বিরুদ্ধে কাজ করে।
মাস্কের দাবি, জর্জ সোরোসের সমাজসেবাকে অনেকে ভালো উদ্দেশ্য বলে ধরে নিচ্ছেন। আসলে তা সঠিক নয়। সোরোস মূলত মানবতাকে ঘৃণা করেন, সভ্যতার বুননকে মুছে ফেলতে চান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোরোস ও তাঁর পরিবার নাৎসিদের হাত থেকে পালিয়ে রক্ষা পায়। এরপর একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে নিজেকে তৈরি করতে পারলেও সোরোসকে নিয়ে ডানপন্থী গোষ্ঠী ও রাজনীতিবিদেরা ইহুদীবিদ্বেষমূলক কথা বলে থাকেন। ইলন মাস্কও এর আগে সোরোসকে নিয়ে মন্তব্য করেছিলেন।
তবে সোরোসকে নিয়ে ইলন মাস্কের গতকালের সমালোচনার পেছনে টেসলার স্বার্থসংশ্লিষ্ট কারণ রয়েছে বলে মনে করা হয়। সোরোসের পারিবারিক কোম্পানি সোরোস ফান্ড ম্যানেজমেন্ট গত বছর টেসলার বেশ কিছু শেয়ার কিনেছিল। তবে গত শুক্রবার সোরোস ফান্ড ম্যানেজমেন্ট এক নথিতে জানায়, তারা টেসলায় থাকা তাদের সব শেয়ার বিক্রি করে দিয়েছে। এরপরই ইলন মাস্ক জর্জ সোরোসকে নিয়ে টুইটারে সমালোচনা শুরু করেন।
এদিকে সোরোসকে নিয়ে এই টুইটের পর বিভিন্ন দিক থেকে বেশ সমালোচনার মুখোমুখি হচ্ছেন ইলন মাস্ক। গবেষণাপ্রতিষ্ঠান নেটওয়ার্ক কনটেজিয়ন রিসার্চ ইনস্টিটিউটের বিশ্লেষক অ্যালেক্স গোল্ডেনবার্গ এক টুইটে বলেছেন, সোরোসকে ম্যাগনেটোর সঙ্গে তুলনা করাটা উচিত হয়নি। এ মন্তব্য ইহুদিবিদ্বেষী গোষ্ঠীকে সমর্থন জোগাবে।
সমালোচনা করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তারা বলেছে, মাস্কের টুইটগুলোতে ইহুদিবিদ্বেষী মনোভাব ছিল।
তবে গত মঙ্গলবার সিএনবিসির সঙ্গে আলাপকালে ইলন মাস্ক ইহুদিবিদ্বেষী মন্তব্য করার কথা অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি বরং ইহুদিদের পক্ষের লোক।’
গত বছরের অক্টোবরে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে টুইটার কেনেন ইলন মাস্ক। কিন্তু মালিকানা নেওয়ার পর থেকে টুইটারের বিজ্ঞাপনের আয়ে পতন ঘটে। এর কারণ, টুইটারে যেসব পরিবর্তন আনা হয়েছে এবং ইলন মাস্ক যেভাবে মন্তব্য করে যাচ্ছে, বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান তা নিয়ে সন্তুষ্ট নয়।
সিএনবিসির সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে ইলন মাস্ক বলেন, ‘আমি যা বলতে চাই, তা–ই বলব। এতে আমার আয় কমে গেলে যাক। কিন্তু আমি আমার কথা চালিয়ে যাব।’
মুখে এমন কথা বললেও ইলন মাস্ক টুইটারে বিজ্ঞাপনের ব্যবসাকে বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। গত সপ্তাহে টুইটারের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনোর নাম ঘোষণা করেছেন ইলন মাস্ক।