চলতি বছর সবচেয়ে নিচে নেমেছে জাপানি ইয়েনের দাম
চীনের মুদ্রা ইউয়ানের পর জাপানের মুদ্রা ইয়েনেরও দরপতন হচ্ছে। আজ সোমবার সকালে ইয়েনের দর চলতি বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। ডলারের বিপরীতে তার মান দাঁড়ায় ১৪৫। বিশ্বের অন্যান্য মুদ্রার সাপেক্ষে ডলারের দরও এখন কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
আজ সকালে এশিয়ার বাজারে ডলারের বিপরীতে ইয়েনের দর ১৪৫ দশমিক ২২–এ নেমে যায়। এই দর ২০২২ সালের ১০ নভেম্বরের পর সর্বনিম্ন, তবে এরপরই কিছুটা ঘুরে দাঁড়ায় ইয়েন। পরে তা ১৪৪ দশমিক ৯৬–এ ওঠে। খবর রয়টার্সের।
জাপানের মুদ্রার দরপতনের অন্যতম কারণ হলো, দেশটিতে নীতি সুদহার অনেক কম। সে কারণে শর্ট সেলাররা খুব সহজেই এই মুদ্রাকে লক্ষ্যবস্তু করতে পারেন। আবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহারের সঙ্গে জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহারের পার্থক্য এত বেশি যে ইয়েন ধারাবাহিকভাবেই দুর্বল থেকে যাচ্ছে।
২০২২ সালের মার্চে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার বৃদ্ধি শুরু করলে জাপানি মুদ্রা ইয়েনের দর ২০ শতাংশ কমে যায়। অথচ ব্যাংক অব জাপান অর্থনীতিতে প্রণোদনা জোগাতে নীতি সুদের হার এর মধ্যে আর বাড়ায়নি।
এর আগে সবশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে জাপান মুদ্রাবাজারে হস্তক্ষেপ করে, তখনো ডলারের বিপরীতে ইয়েনের দর ১৪৫-এ উঠেছিল। তখন জাপানের অর্থ মন্ত্রণালয় ইয়েন কিনে তার দাম বাড়িয়ে দেয়। ফলে প্রতি ডলারের দাম দাঁড়ায় ১৪০ ইয়েন। চলতি বছর এখন পর্যন্ত ডলারের বিপরীতে ইয়েনের ৯ শতাংশ দরপতন হয়েছে।
ইয়েনের মান আবারও সেই পর্যায়ের কাছাকাছি চলে যাওয়ার কারণে মুদ্রা ব্যবসায়ীরা আশা করছেন, জাপান সরকার আবারও বাজারে হস্তক্ষেপ করবে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি সপ্তাহের জিডিপি ও ভোক্তা মূল্য সূচক পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পরিসংখ্যানও গুরুত্বপূর্ণ। দেশটিতে বন্ডের সুদহার বাড়লে তার প্রভাব জাপানসহ অনেক দেশেই পড়বে।
জুলাইয়ে যুক্তরাষ্ট্রের উৎপাদন পর্যায়ে মূল্যবৃদ্ধির কারণে গত শুক্রবার মার্কিন ট্রেজারি বন্ডের সুদহার একদফা বেড়েছে। গত বৃহস্পতিবার যখন জানা গেল, জুলাইয়ে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার কিছুটা বেড়েছে, তারপরই ট্রেজারি বন্ডের এই সুদহার বাড়ল। তবে পিপিআই অর্থাৎ উৎপাদন পর্যায়ে মূল্যবৃদ্ধির সূচকে কিছুটা সন্দেহ তৈরি হয়েছে, সেটা হলো, ফেডারেল রিজার্ভ কি আদৌ সুদহার বৃদ্ধির চূড়ান্ত জায়গায় পৌঁছেছে।
বাজারের ধারণা, ফেডারেল রিজার্ভ যে নিজের অবস্থানে গো ধরে থাকবে, সেই সম্ভাবনা ৮৯ শতাংশ। ওদিকে ফেডারেল রিজার্ভের গতিপ্রকৃতিতে নজর রাখা সিএমই ফেডওয়াচ বলছে, চলতি বছরে নীতি সুদহার আর বাড়ানো হবে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও ফেডের কর্মকর্তারা বলছেন, সে কথা বলার সময় এখনো আসেনি।
তবে রয়টার্স মনে করছে, মূল্যস্ফীতি ও শ্রমবাজারের পরিসংখ্যান দেখে বোঝা যায়, সেপ্টেম্বরের মুদ্রানীতির বৈঠকে ফেডারেল রিজার্ভ নীতি সুদহার অপরিবর্তিত রাখবে। এ ছাড়া সেই বৈঠকের আগে ফেডের হাতে অকৃষি খাতের মজুরি ও ভোক্তা মূল্য সূচকের তথ্য আসবে।
এসব সূচক যদি আরও কিছুটা মাথা নামায় তাহলে জোর সম্ভাবনা হলো, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার অপরিবর্তিত রাখবে।
এদিকে আজ ডলার ইনডেক্সের মান শূন্য দশমিক ০৭৮ শতাংশ বেড়ে ১০২ দশমিক ৯৪–এ উঠেছে, যা জুলাইয়ের ৭ তারিখের পর সর্বোচ্চ। চলতি মাসে এই সূচকের মান ১ শতাংশ বেড়েছে। অর্থাৎ ছয়টি সমমানের মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দর বেড়েছে।