নভেম্বর মাসেও যুক্তরাষ্ট্রে প্রত্যাশাতীত কর্মসংস্থান, বেকারত্ব ৩.৭%

যুক্তরাষ্ট্রছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশাতীত কর্মসংস্থান হয়েছে। এর একটি কারণ হলো, হলিউড ও গাড়িশিল্পের ধর্মঘটি কর্মীদের কাজে ফেরত আসা। সামগ্রিকভাবে নভেম্বর মাসে দেশটিতে ১ লাখ ৯৯ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের সূত্রে এ খবর দিয়েছে বিবিসি।

প্রত্যাশাতীত কর্মসংস্থান হওয়ায় নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বেকারত্ব ৩ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।

গত মাসে মূলত সরকারি খাত, উৎপাদন ও স্বাস্থ্যসেবা খাতে কর্মসংস্থানে প্রবৃদ্ধি হয়েছে; কিন্তু খুচরা বিক্রয় ও যাতায়াতে কর্মসংস্থান কমেছে।

প্যানথেয়ান ম্যাক্রোইকোনমিকসের ইয়ান শেফার্ডসন বলেছেন, এসব খাতে কর্মসংস্থান কমে যাওয়ার কারণ হতে পারে এই যে খুচরা বিক্রেতারা ইতিমধ্যে স্নায়ুর চাপে ভুগছেন। আবার শ্রম বিভাগের উদ্ভট কিছু সিদ্ধান্তের কারণেও তা হতে পারে।

সামগ্রিকভাবে গত এক বছরে প্রতি মাসে গড়ে ২ লাখ ৪০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে যুক্তরাষ্ট্রে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে লড়াই করতে প্রায় দুই বছর ধরে নীতি সুদহার বাড়িয়ে যাচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডের রাশ টেনে ধরে তারা মূল্যস্ফীতির হার কমাতে সক্ষম হয়েছে; যদিও বিনিয়োগকারীরা মনে করছেন, নীতি সুদহার বৃদ্ধির ধারা থেমেছে এবং আগামী বছর তা কমতে শুরু করবে।

কর্মসংস্থান বৃদ্ধির সঙ্গে যুক্তরাষ্ট্রে মজুরিও কিছুটা বেড়েছে। প্রকাশিত প্রতিবেদনে দেখানো হয়েছে, নভেম্বর মাসে ঘণ্টাপ্রতি মজুরি শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। ২০২২ সালের নভেম্বর মাসের তুলনায় বেড়েছে ৪ শতাংশ। এ পরিস্থিতিতে বিশ্লেষকেরা মনে করছেন, ফেডের কাজ এখনো শেষ হয়নি। অর্থাৎ মজুরি বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির হার আবার মাথাচাড়া দিতে পারে, সে জন্য শিগগিরই ফেডের নীতি সুদহার কমানো উচিত হবে না।

নীতি সুদহার বৃদ্ধির পরেও গত এক বছরে যুক্তরাষ্ট্রের অর্থনীতি বেশ শক্তিশালী অবস্থানে ছিল। মন্দা নিয়ে যে আশঙ্কা ছিল, তা দূর হয়েছে। সর্বশেষ ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি হয়েছে বার্ষিক হিসাবে ৫ দশমিক ২ শতাংশ, যা প্রাক্‌মহামারি সময়ের তুলনায় অনেকটাই বেশি।

যুক্তরাষ্ট্রের শ্রমবাজার শক্তিশালী থাকার কারণে ভোক্তা ব্যয় বাড়ছে। এটাই মার্কিন অর্থনীতির প্রধান চালিকা শক্তি, যদিও অনেক বিক্রেতা বলেছেন, সম্প্রতি কেনাকাটায় কিছুটা ভাটা দেখা যাচ্ছে।

বিশ্লেষকেরা অবশ্য বলছে, গত বছরের তুলনায় কর্মসংস্থান প্রবৃদ্ধির হার কমতে শুরু করেছে। তবে বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্রের অর্থনীতি ভালো অবস্থায় আছে বলেই তাঁরা মনে করছেন।