যেসব কারণে ভারতে আইফোন তৈরি তিন গুণ বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন
ফাইল ছবি

ভারতে আইফোন উৎপাদন বেশ অনেকটা বেড়েছে। ইন্ডিয়া টুডের এক সংবাদে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে (ভারতের অর্থবছর) পৃথিবীতে যত আইফোন তৈরি হয়েছে, তার ৭ শতাংশ হয়েছে ভারতে। অর্থমূল্যে যার পরিমাণ ৭০০ কোটি ডলার, যা আগের অর্থবছরের তিন গুণ।

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশটিতে আইফোন উৎপাদনের ক্ষেত্রে এটি বড় ঘটনা। কেননা, ২০২০-২১ অর্থবছরেও ভারতে আইফোন তৈরি হয়েছে বিশ্বের মোট উৎপাদনের মাত্র ১ শতাংশ। সেখানে থেকে দুই বছরের মধ্যে তা ৭ শতাংশে উন্নীত হয়েছে।

গত অর্থবছরে অ্যাপল ভারতে তৈরি আইফোনের মধ্য থেকে ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলার মূল্যের আইফোন বিদেশ রপ্তানি করেছে, যা আগের অর্থবছরের চেয়ে চার গুণ বেশি।

ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে অ্যাপল চীন ও ভারতে একই সঙ্গে পরবর্তী মডেলের আইফোন উৎপাদন শুরু করতে পারে। যদি তা-ই হয়, সেটা হবে প্রথম ঘটনা, যখন একই সঙ্গে দুই দেশে আইফোনের একই মডেল তৈরি হবে। চীনের ওপর নির্ভরশীলতা থেকে আরও বেরিয়ে আসার জন্য এটি সহায়ক হবে।

সংবাদে আরও বলা হয়েছে, ফক্সকন ভারতে আরও আগ্রাসীভাবে উৎপাদন বৃদ্ধি চালিয়ে গেলে ২০২৫ সালের মধ্যে বিশ্বের এক-চতুর্থাংশ আইফোন ভারতেই তৈরি হবে।

ভারতে আইফোন উৎপাদন আগের চেয়ে বাড়লেও এখনো বিশ্বের বেশির ভাগ আইফোন চীনে তৈরি হয়। বিশেষ করে আইফোন প্রো সিরিজের মডেল তৈরি করতে এখনো চীনের ওপরই নির্ভরশীল অ্যাপল। তবে গত কয়েক বছরে চীনে কোভিডজনিত কড়াকড়ির কারণে উৎপাদন বারবার ব্যাহত হয়েছে।

সেই সঙ্গে আছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ। যুক্তরাষ্ট্রের ঘোষিত নীতি হচ্ছে, চীনের ওপর একক নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসা। সে জন্য অ্যাপল চীনের বাইরে অন্যান্য দেশেও উৎপাদন কার্যক্রম ছড়িয়ে দিতে চাইছে। সে ক্ষেত্রে তাদের সবচেয়ে প্রিয় গন্তব্য হচ্ছে ভিয়েতনাম ও ভারত। ভারতে আইফোন উৎপাদন বৃদ্ধি সেই পরিকল্পনারই অংশ।

এদিকে ভারতের রাজনৈতিক রাজধানী দিল্লি এবং বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে নিজস্ব বিক্রয়কেন্দ্র খুলছে প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক সে জন্য ভারতে আসছেন।

জানা গেছে, ১৮ এপ্রিল মুম্বাইয়ে এবং ২০ এপ্রিল দিল্লিতে অ্যাপল স্টোরের উদ্বোধন করবেন টিম কুক। এ সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা।

ভারতের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, অ্যাপলের প্রধান নির্বাহীর পক্ষ থেকে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করা হয়েছে। সে জন্য ‘অ্যাপয়েন্টমেন্ট’ চাওয়াও হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর বা ভারত সরকারের কোনো মন্ত্রণালয় এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, অ্যাপল ইদানীং ভারতকে নিয়ে একাধিক পরিকল্পনা করেছে, তার প্রথম ধাপ হলো ‘অ্যাপল স্টোর’খোলা। ভবিষ্যতে ভারতকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ায় ব্যবসা করতে চাইছে অ্যাপল। সে পরিপ্রেক্ষিতে কুকের ভারত সফর গুরুত্বপূর্ণ।

এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত বিদেশি বিনিয়োগ আকর্ষণে নানা চেষ্টা করে যাচ্ছে।

দেশটিতে আছে বিশাল অভ্যন্তরীণ বাজার ও কম খরচে দক্ষ শ্রমিক পাওয়ার সুযোগ। ভারতের বর্তমান জিডিপি প্রবৃদ্ধি ৬ থেকে ৭ শতাংশের মধ্যে থাকছে। দেশটির মূল্যস্ফীতি বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় কম। আর চলতি বছর ভালো অবস্থানে থাকা শীর্ষ অর্থনীতির দেশগুলোর মধ্যে ভারত একটি। দেশটির পণ্য রপ্তানির পরিমাণ ৪০০ বিলিয়ন ডলার।

বিশ্লেষকেরা বলেন, ভারত সরকার পশ্চিমা কোম্পানিগুলোর চীন ত্যাগ নীতির সুবিধা নিতে বিভিন্ন ধরনের বিনিয়োগবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিগুলো সফল করতে জোর গুরুত্ব দিচ্ছে তারা। এ ক্ষেত্রে দুটি লক্ষ্য তাদের—বৈশ্বিক সরবরাহব্যবস্থায় ভারতকে আরও একীভূত করা এবং কাজে ধীরগতি ও অপেশাদারত্বের দুর্নাম ঘোচানোর চেষ্টা করা।