চীনের উদ্যোগে গঠিত এআইআইবির ব্যাপারে তদন্ত আরও বাড়াচ্ছে কানাডা
চীনের উদ্যোগে গঠিত এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) বিষয়ে তদন্ত আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে কানাডা। একই সঙ্গে বহুজাতিক এ ব্যাংকে তাদের অংশগ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। কানাডার সরকার শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, কানাডার সরকার গত জুনে এআইআইবিতে তাদের অংশগ্রহণ সাময়িক সময়ের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি পেছনে থেকে ব্যাংকটির ব্যাপারে কলকাঠি নাড়ছে, একজন হুইসেল-ব্লোয়ার (গোপণ তথ্য ফাঁসকারী) এমন কথা জনসমক্ষে প্রকাশ করার পর কানাডা এ সিদ্ধান্ত নেয়।
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক গঠিত হয় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিশেষ উদ্যোগে। ২০১৬ সালে এটি চালু হয়। লক্ষ্য ছিল, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মতো প্রতিষ্ঠানে পশ্চিমা প্রভাব কমিয়ে আনা।
এ ব্যাংকের সদস্যসংখ্যা এখন ১০৬, যার মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও জার্মানি।
এআইআইবির বিষয়ে নেওয়া সর্বশেষ সিদ্ধান্ত সম্পর্কে কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘ঘনিষ্ঠ কয়েকটি আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে আলোচনা করার পর কানাডা এআইআইবির ব্যাপারে পর্যালোচনা আরও বিস্তৃত করছে।’ তিনি আরও জানান, ব্যাংকটিতে তাঁর দেশের অংশগ্রহণ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে।
যেসব বিষয়ে কানাডা তদন্ত চালাবে, তার মধ্যে রয়েছে—এআইআইবির বিনিয়োগ, এটির পরিচালনব্যবস্থা ও এটির ব্যবস্থাপনা কাঠামো। একজন সাবেক নির্বাহী যে উদ্বেগের বিষয়গুলো উপস্থাপন করেছেন, সে ব্যাপারে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ঠিক কী ধরনের ব্যবস্থা নিয়েছে, তা-ও খতিয়ে দেখবে কানাডার সরকারি কর্তৃপক্ষ।
কানাডার নাগরিক বব পিকার্ড এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের যোগাযোগবিষয়ক প্রধান ছিলেন। গত জুনে তিনি পদত্যাগ করেন। সে সময় তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করেন চীনা কমিউনিস্ট পার্টির সদস্যরা এবং প্রধানত সেই সব প্রকল্পে এটি তহবিল জোগায়, যেখানে বেইজিংয়ের স্বার্থ রয়েছে।
অটোয়া বলেছে, সম্প্রতি অনুষ্ঠিত আইএমএফের একটি বৈঠকের সময় তারা অস্ট্রেলিয়া, ব্রিটেন, জার্মানি ও সুইডেনের সঙ্গে এ নিয়ে আলাদাভাবে কথা বলেছে।
এআইআইবি এবং চীনের পররাষ্ট্র দপ্তর বব পিকার্ডের দাবি নাকচ করে দিয়েছে। তারা বলেছে, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ‘উন্মুক্ততা, মেধাভিত্তিক ও স্বচ্ছতার সঙ্গে’ পরিচালনা করা হয়।