খেলাপি হতে পারে পাকিস্তান, দরকার আইএমএফের ঋণ: মুডিসের সতর্কতা
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি না পেলে পাকিস্তান ঋণখেলাপি হয়ে যেতে পারে। আগামী জুন মাসের পর তার অর্থের উৎস নিয়ে অনিশ্চয়তা আছে বলে মুডিস ইনভেস্টর সার্ভিসের সূত্রে জানিয়েছে ব্লুমমার্গ।
তাদের প্রকাশিত খবরের সূত্র ধরে ইকোনমিক টাইমস জানিয়েছে, পাকিস্তানের বিদেশি মুদ্রার রিজার্ভ ৪৫০ কোটি ডলারে নেমেছে। এই অর্থ দিয়ে এক মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব। এই পরিস্থিতিতে জুন মাসের পর আমদানি ব্যয় পরিশোধ করা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন মুডিস ইনভেস্টরের সার্বভৌম বিশ্লেষক গ্রেস লিম। আইএমএফের ঋণ না পেলে পরিস্থিতি সঙিন হয়ে পড়বে।
আইএমএফ শর্ত ছাড়া ঋণ দেয় না। সেই শর্তের বেড়াজালেই আটকে পড়েছে পাকিস্তান। সংবাদে বলা হয়েছে, পাকিস্তান সরকার ঋণের কিছু শর্ত পূরণ করতে না পায় ৬৫০ কোটি ডলারের ঋণ আটকে গেছে।
সেই সঙ্গে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হওয়ার কারণে দেশটির রাজনৈতিক পরিস্থিতি আরও টালমাটাল হয়ে পড়েছে। নতুন বাস্তবতায় পাকিস্তানের পক্ষে শিগগিরই ঋণ পাওয়া আরও কঠিন হয়ে গেল।
এই পরিপ্রেক্ষিতে আইএমএফের ঋণ পাওয়া পাকিস্তানের জন্য জরুরি। আইএমএফের ঋণ পেলে পাকিস্তান অন্যান্য দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উৎস থেকেও ঋণ পাবে। এতে ঋণখেলাপি হওয়ার ঝুঁকি এড়াতে পারবে পাকিস্তান। ইকোনমিক টাইমসের ই-মেইলের জবাবে এসব কথা বলেন গ্রেস লিম।
এসঅ্যান্ড গ্লোবাল রেটিংসের সূত্রে ইকোনমিক টাইমস জানিয়েছে, পাকিস্তানের চলতি হিসাব ও ব্যবহারযোগ্য রিজার্ভের সাপেক্ষে বিদেশি অর্থায়নের চাহিদা ২০২৪ সালে ১৩৯ দশমিক ৫ শতাংশে উঠবে। এখন যা ১৩৩ শতাংশ।
এসঅ্যান্ডপির সার্বভৌম বিশ্লেষক অ্যান্ড্রু উড বলেছেন, পাকিস্তানের রাজস্ব সংস্কারের ক্ষেত্রে আইএমএফের কর্মসূচি ভিত্তি হিসেবে কাজ করবে। সেটা হলে অন্যান্য সংস্থাও পাকিস্তানের বিষয়ে আত্মবিশ্বাসী হবে।
এদিকে স্বাধীনতা লাভের পর গত ৭৫ বছরে ২৩ বার আইএমএফের বেইল আউল প্যাকেজ সহায়তা নিয়েছে পাকিস্তান। স্টেট ব্যাংক অব পাকিস্তানের সাবেক গভর্নর মুর্তজা সাঈদকে উদ্ধৃত করে ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, পাকিস্তান আইএমএফের সবচেয়ে নিয়মিত গ্রাহক।
পাকিস্তানের পর সবচেয়ে বেশি আইএমএফের বেইল আউট নিয়েছে আর্জেন্টিনা—২১ বার। সাধারণত কোনো দেশ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়লে শেষ আশ্রয় হিসেবে আইএমএফের কাছে যায়।
আইএমএফের সহায়তা নিয়ে অনেক দেশ বিপদমুক্ত হয়, আবার বিপদেও পড়ে অনেকে। ভারত ১৯৯১ সালে আইএমএফের নির্দেশিত সংস্কার কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছিল। ১৯৮২ সালে মেক্সিকো এবং সম্প্রতি গ্রিস ও সাইপ্রাস আইএমএফের পরামর্শে বিপদ কাটাতে পেরেছিল।
১৯৯৭ সালে পূর্ব এশিয়া সংকটের সময় আইএমএফের দ্বারস্থ হয়েছিল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড। তখন আইএমএফের শর্ত মানতে গিয়ে আরও বিপদে পড়ে যায় তারা।
মন্দা যেমন আরও তীব্র হয়েছিল, বেড়েছিল বেকারত্ব। ২০০১ সালে আর্জেন্টিনাকে উদ্ধারে নেমেছিল আইএমএফ। সেটি ছিল আইএমএফের জন্য বড় ব্যর্থতা। আবার সফলতাও আছে।
আইএমএফের বিরুদ্ধ বড় অভিযোগ হচ্ছে, সব দেশের জন্যই আইএমএফের শর্ত প্রায় একই। অনেক দেশ এসব শর্ত পূরণ করতেই বিপদে পড়ে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আইএমএফ বাংলাদেশের জন্য ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে।