মার্কিন ব্যাংকের পতন: ফার্স্ট রিপাবলিক ব্যাংকই সম্ভবত শেষ ঘটনা নয় কেন
ছয় সপ্তাহ ধরে চেষ্টা করেও যুক্তরাষ্ট্রের ব্যাংক ফার্স্ট রিপাবলিক শেষ পর্যন্ত টিকতে পারল না। সোমবার খুব ভোরের দিকে বড় এই ব্যাংকের পতন ঘটে।
সিএনএন জানায়, ফেডারেল নিয়ন্ত্রকেরা তখন ব্যাংকটির নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং খুব দ্রুতই এর বেশির ভাগ সম্পদ বিক্রি করে দেন জেপি মরগ্যান চেজের কাছে। ফার্স্ট রিপাবলিক ব্যাংকের পতন ২০০৮ সালের পর মার্কিন ইতিহাসে দ্বিতীয় বড় ব্যাংক–ব্যর্থতার ঘটনা।
২০০৮ সালে সবচেয়ে বড় ব্যাংক হিসেবে পতনের শিকার হয় ওয়াশিংটন মিউচুয়াল। আর সে সময় ওই ব্যাংক কারা কিনেছিলেন জানেন? আপনার অনুমান হয়তো সঠিক—জেপি মরগ্যান চেজ।
ফার্স্ট রিপাবলিকের ধস ছিল গত দুই মাসের কম সময়ে তৃতীয় একটি ব্যাংক ধসের ঘটনা। কিন্তু ঠিক কী ঘটছিল? কেন ব্যাংকের পতন ঘটছে?
ঘটনাবলির দিকে দ্রুত একবার চোখ বুলিয়ে নেওয়া যাক:
* এক বছর ধরে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ তাদের নীতি সুদহার বাড়িয়ে চলছে। এই কঠোর পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ।
* সুদের হার বাড়ার কারণে বন্ডের মূল্যমান কমতে থাকে। ব্যাংকগুলোর বিনিয়োগ পোর্টফোলিওর একটা বড় অংশই আবার এসব বন্ড।
* এর ফলে ব্যাংকগুলো নগদ অর্থসংকটের ঝুঁকির মধ্যে পড়ে যায়। যদি গ্রাহকেরা ব্যাংক থেকে আমানত তোলা শুরু করে, তবে তাদের নগদ অর্থের সংকট তৈরি হয়।
* যে তিন ব্যাংকের পতন হয়েছে, সেই সিলিকন ভ্যালি ব্যাংক, সিগনেচার ও ফার্স্ট রিপাবলিক সবারই এমন গ্রাহক ছিল, যাদের বিমাহীন আমানত ছিল বেশ বড় পরিমাণে। অর্থাৎ অনেকেরই আড়াই লাখ ডলারের বেশি আমানত ছিল।
* কোনো ব্যাংক তার সব গ্রাহকের আমানত নগদ অর্থে জমা করে রাখে না। ফলে সবাই যদি একসঙ্গে টাকা তোলা শুরু করে, তাহলে সেটি ওই ব্যাংকের জন্য একটি দুঃসংবাদ।
* মার্চের শুরুতে এসভিবির গ্রাহকেরা টের পান যে ব্যাংকটি সমস্যায় রয়েছে। এরপর সবাই আমানত তোলার চেষ্টা করেন। তাঁদের টাকা ফেরত দিতে ব্যাংকটিকে বাধ্য হয়ে হাতে থাকা বন্ড লোকসানে বিক্রি করে দিতে হয়।
* কিন্তু অবস্থা সামাল দিতে যখন তারা ব্যর্থ হয়, তখন নিয়ন্ত্রকেরা এগিয়ে আসেন এবং সব জঞ্জাল দূর করার চেষ্টা চালান।
* সিগনেচার ও ফার্স্ট রিপাবলিককে এসভিবির মতো একই রকম সমস্যার মুখোমুখি হতে হয়। তাদেরও ছিল প্রযুক্তি ও ব্যক্তিগত ইকুইটি পরিচালনাকারীর মতো গ্রাহক।
তবে ফার্স্ট রিপাবলিকের ক্ষেত্রে যে ব্যবস্থা নেওয়া হয়, তাতে শেয়ারবাজার খুব বেশি বেজার হয়েছে, এমনটা মনে হচ্ছে না। ওই দিন শেয়ারের সূচক অল্প খানিকটা কমে।
চলতি সপ্তাহে যেসব ঘটনার দিকে বিনিয়োগকারীরা নজর রাখবেন, তার মধ্যে একটি ছিল ফার্স্ট রিপাবলিকের ঘটনা।
ওয়াল স্ট্রিটের অনেকে মোটামুটি একই রকম ভাবছেন বলে মনে হচ্ছে। তাঁদের একজন জেপি মরগ্যান চেজের প্রধান নির্বাহী জেমি ডিমন, যিনি ফার্স্ট রিপাবলিক কেনাবেচার বিষয়টি নিয়ে কাজ করেছেন। বিনিয়োগকারীদের একটি আলোচনায় তিনি সোমবার বলেন, ‘সঠিকভাবে কোনো ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয়। তবে আমার মনে হয়, ব্যাংকিং খাত খুবই স্থিতিশীল। এই সংকট শেষ হয়েছে।’
তবে সবাই যে খুব আশাবাদী, তা কিন্তু নয়।
কর্নেল ইউনিভার্সিটির আইনের অধ্যাপক এবং সরকারি অর্থায়ন বিষয়ে একজন বিশেষজ্ঞ রবার্ট হকেট বলেন, ‘ওয়াল স্ট্রিট ও ওয়াশিংটনের উল্লাসের বিপরীত কথাই বলছি। মার্চে ব্যাংক খাতে যে সংকট দেখা গেছে, এর মাধ্যমে তা শেষ হয়ে যায়নি। এটা আসলে শুরু।’
রবার্ট হকেটের মতে, জেপি মরগ্যান আগেই ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক। এখন ফার্স্ট রিপাবলিক কিনে নেওয়ার ফলে এটি আরও বড় হয়েছে। একই সঙ্গে ওয়াল স্ট্রিটে বড় ব্যাংকগুলোর ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। আর এ কারণে আঞ্চলিক ব্যাংকগুলো আরও বেশি ফাঁপা হয়ে যাবে।
রবার্ট হকেটসহ আরও অনেকে এই যুক্তি দেন, আড়াই লাখ ডলার আমানতের ওপর বিমার যে ব্যবস্থা এখন রয়েছে, তা বাতিল করা উচিত, অথবা নিদেনপক্ষে বাড়ানো উচিত। যে আতঙ্ক তৈরি হওয়ার কারণে আমানতকারীরা টাকা সরিয়ে নিচ্ছেন, এর ফলে তা বন্ধ হবে বলে তাঁরা মনে করেন।
ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) বলছে, তারাও ব্যাংকে ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাবে বিমার ঊর্ধ্বসীমা বাড়ানোর পক্ষে। খবরে বলা হচ্ছে, রাজধানী ওয়াশিংটনে আইনপ্রণেতারাও অন্তত অল্প সময়ের জন্য হলেও বিমার সীমা বাড়াতে আলোচনা করছেন।
সাধারণ মানুষের জন্য আড়াই লাখ ডলার অনেক। তবে ব্যবসার জন্য এই অর্থ খুব বেশি নয়। রবার্ট হকেট বলেন, এ ধরনের সীমা থাকার দরকার নেই। এই কাজ যদি দ্রুত না করা হয়, তাহলে হয়তো বাকি আঞ্চলিক ব্যাংকগুলোও জেমি ডিমনের মতো মানুষের হাতে চলে যাবে। শেষ পর্যন্ত পুরো ব্যাংকিং খাতের একরকম জাতীয়করণ হয়ে যাবে।
রবার্ট হকেট আরও বলেন, ‘দেশের সব অঞ্চলে স্টার্টআপ ও ছোট ব্যবসাকে তহবিল জোগাতে আমাদের কোনো পথই থাকবে না যদি আমাদের বিশাল সব ব্যাংক থাকে, যেগুলোর দপ্তর থাকবে হয় ওয়াল স্ট্রিটে কিংবা সান ফ্রান্সিসকোতে।’
বিমার ঊর্ধ্বসীমা উঠিয়ে দিলে ব্যাংকগুলোকে আমানতের বিমার জন্য আরও বেশি অর্থ খরচ করতে হবে। তবে রবার্ট হকেট মনে করেন যে এ ক্ষেত্রে বিভিন্ন স্তর থাকতে পারে, যেখানে বড় ব্যাংকগুলো বেশি ঝুঁকিপূর্ণ আমানতে বেশি প্রিমিয়াম দেবে।
রবার্ট হকেটের কথায়, ‘ফেডারেল আমানত বিমা ব্যবস্থাকে আপনি অনেকটা পারমাণবিক অস্ত্রের মতো করে ভাবতে পারেন। আপনি এসব অস্ত্র রাখেন, যাতে আপনাকে এগুলো কখনো ব্যবহার করতে না হয়।’