অবশেষে চীনে বেড়েছে কারখানা পর্যায়ের উৎপাদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীন
ফাইল ছবি: রয়টার্স

অবশেষে চীনের কারখানা পর্যায়ের উৎপাদন বেড়েছে। টানা ছয় মাস কমার পর সেপ্টেম্বরে দেশটির কারখানা পর্যায়ের উৎপাদন বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীন দুর্দশার শেষ প্রান্তে পৌঁছে ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

দেশটির পারচেজিং ম্যানেজারস ইনডেক্স বা পিএমআই সূচকের মান সেপ্টেম্বর মাসে ৫০ ছাড়িয়ে গেছে। ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের তথ্যানুসারে, সেপ্টেম্বর মাসে পিএমআই সূচকের মান দাঁড়িয়েছে ৫০ দশমিক ২, আগের মাসে যা ছিল ৪৯ দশমিক ৭। এই সূচকের মান ৫০ ছাড়িয়ে যাওয়ার অর্থ হলো, উৎপাদন বেড়েছে।

সেপ্টেম্বর মাসের জন্য প্রকাশিত চীনের প্রথম আনুষ্ঠানিক পরিসংখ্যান হচ্ছে পিএমআই। চলতি বছরের শুরুতে এই সূচকের মান বাড়লেও পরবর্তীকালে তা অনেকটা কমে যায়। গত বছরের শেষ দিকে চীনের কোভিডজনিত বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহার হওয়ার পর এ বছরের শুরুতে দেশটির অর্থনীতির পালে হাওয়া লাগে, যদিও পরবর্তীকালে তা পড়ে যায়।

গত আগস্ট মাস থেকেই উন্নতির প্রাথমিক লক্ষণ পাওয়া যেতে শুরু করে। তখন থেকেই কারখানার উৎপাদন ও খুচরা বিক্রয়ের গতি বাড়তে থাকে, অন্যদিকে আমদানি-রপ্তানি সংকোচনের হার কমতে শুরু করে। আগস্ট মাসে শিল্পপ্রতিষ্ঠানগুলোর মুনাফা বিস্ময়করভাবে ১৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে জুলাই মাসে তা ৬ দশমিক ৭ শতাংশ কমেছিল।

গবেষণাপ্রতিষ্ঠান গুওটাই হুনান ইন্টারন্যাশনালের প্রধান অর্থনীতিবিদ ঝু হাও রয়টার্সকে বলেন, ‘উৎপাদন সূচক পিএমআই ও শিল্প খাতের বড় মুনাফার দিক থেকে বোঝা যায়, অর্থনীতি খারাপ সময়ে পেরিয়ে আসছে।’

তবে সেপ্টেম্বর মাসে কেবল চীনের উৎপাদন খাত সম্প্রসারিত হয়নি, দেশটির সেবা ও নির্মাণ খাতও সম্প্রসারিত হয়েছে। এই খাতের সূচকের মান বেড়ে দাঁড়িয়েছে ৫১ দশমিক ৭, আগস্ট মাসে যা ছিল ৫১।

এদিকে কম্পোজিট পিএমআই, যার মধ্যে উৎপাদন ও অনুৎপাদন উভয় খাতই রয়েছে, সেই খাতের সূচক বেড়ে দাঁড়িয়েছে ৫২।

এ ছাড়া চীনে উৎসবের মৌসুম শুরু হয়েছে। সে কারণে দেশটির উৎপাদন ও সেবা খাতের আরও সম্প্রসারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

গতকাল শুক্রবার শুরু হওয়া উৎসব গোল্ডেন উইকে যোগ দিতে সেদিন রেকর্ডসংখ্যক দুই কোটি মানুষ ট্রেনে ভ্রমণ করেছেন। আজ শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই সংবাদ প্রকাশিত হয়েছে। সেই সঙ্গে কর্তৃপক্ষের পূর্বাভাস, এবারের গোল্ডেন উইক হবে ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গোল্ডেন উইক।

চীনের আবাসন খাতে বড় ধরনের সংকট চলছে। এই পরিস্থিতিতে অর্থনীতির বিভিন্ন সূচকের আরও স্থিতিশীল হওয়ার খবর স্বাগত জানাবেন নীতিনির্ধারকেরা। ইতিমধ্যে আবাসন খাত টেনে তুলতে বেশ কিছু নীতিগত পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন এর মধ্যে আছে বন্ধকি ঋণের সুদহার হ্রাস, যদিও এই খাত এখনো শঙ্কামুক্ত নয়।

চীনের নতুন বাড়ির দাম গত আগস্ট মাসে ১০ মাসের মধ্যে সবচেয়ে দ্রুত হারে কমেছে এবং সম্পদ খাতে বিনিয়োগ টানা ১৮ মাস ধরে কমছে।

এ পরিস্থিতিতে বিশ্লেষক ও অর্থনীতিবিদেরা বলছেন, চলতি বছর ৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে আরও নীতিগত সহায়তা প্রয়োজন হবে।