আশুগঞ্জে আড়াই বছরে ট্রানজিট হয়নি

কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ, এরপর সেখান থেকে সড়কপথে ত্রিপুরার আগরতলায় পণ্য নেওয়া—এই বহুমাত্রিক ট্রানজিট থমকে আছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি

গত আড়াই বছরে আশুগঞ্জ নৌবন্দর দিয়ে কোনো পণ্যের চালানের ট্রানজিট হয়নি। এ সময় বাংলাদেশের সড়ক ও নৌপথ ব্যবহার করে কলকাতা থেকে আগরতলায় কোনো পণ্যের চালান যায়নি। এর আগের সাড়ে তিন বছরে আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার করে ভারতীয় পণ্যের চালান গেছে মাত্র ১৭টি। এর বিপরীতে সব মিলিয়ে বাংলাদেশ মাশুল পেয়েছে ৩৬ লাখ টাকার মতো। করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ভারতের ব্যবসায়ীরা এই পথে পণ্য নিতে আগ্রহ দেখাননি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে এসব জানা গেছে।

বর্তমান আওয়ামী লীগ সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০১১ সালে ভারত বিশেষ ব্যবস্থায় এই পথে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতি নেয়। তখন থেকে এই পথে পণ্য আনা–নেওয়ায় আগ্রহ দেখায় তারা। কয়েক বছর মাশুল, নিয়মকানুনসহ বিভিন্ন বিষয়ে দর-কষাকষির পর ২০১৬ সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে এই পথে ট্রানজিট চালু করা হয়। কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া হয়ে আগরতলা—এভাবেই ভারতের সঙ্গে বাংলাদেশের একমাত্র নিয়মিত ট্রানজিট পথের যাত্রা শুরু হয়। এ পথটি নিয়ে দুই দেশই বেশ আশাবাদী ছিল। আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেন করার কাজ চলছে। আশুগঞ্জের কনটেইনার টার্মিনাল নির্মাণেও প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবু আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারে ভারতের তেমন আগ্রহ নেই।

ট্রানজিটের এই পথটি সবচেয়ে সম্ভাবনাময়। ট্রানজিট–সংক্রান্ত কোর কমিটি এক দশক আগেই আশুগঞ্জে আন্তর্জাতিক নৌবন্দর ও আখাউড়া পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণসহ নানা অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করেছিল। কিন্তু এসব হয়নি।
মোস্তাফিজুর রহমান, বিশেষ ফেলো, সিপিডি

এ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ট্রানজিটের এই পথ সবচেয়ে সম্ভাবনাময়। ট্রানজিট–সংক্রান্ত কোর কমিটি এক দশক আগেই আশুগঞ্জে আন্তর্জাতিক নৌবন্দর ও আখাউড়া পর্যন্ত চার লেনের সড়ক নির্মাণসহ নানা অবকাঠামো গড়ে তোলার সুপারিশ করেছিল। কিন্তু গত এক দশকে এসব হয়নি। এসব অবকাঠামো হলে ট্রানজিট বাড়বে। তিনি আরও বলেন, গত দশকে ভারতও কলকাতা থেকে আসামসহ উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য চলাচলে রেলপথসহ বিভিন্ন বিকল্প তৈরি করে ফেলেছে। এসব কারণে ট্রানজিট বেশি কার্যকর হচ্ছে না।

পৌনে পাঁচ বছরে মাত্র ১৭টি চালান

বহুমাত্রিক ট্রানজিটের আওতায় আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারের বিপরীতে প্রতি টনে ১৯২ টাকা মাশুল ঠিক করা হয়। ২০১৬ সালের আগে আশুগঞ্জ নৌবন্দরের অবকাঠামো বলতে তেমন কিছুই ছিল না। ট্রানজিট শুরুর আগে নৌবন্দরের জেটি, গুদাম, অফিসসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হয়।

২০১৬ সালের জুন মাসে এই পথে ট্রানজিটের উদ্বোধন করা হয়। তখন আশা করা হয়েছিল, এই পথ ব্যবহার করতে ভারতীয় ব্যবসায়ীরা ব্যাপক আগ্রহ দেখাবেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, ২০২০ সালে করোনার প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কলকাতা থেকে কোনো পণ্যের চালান আশুগঞ্জ দিয়ে আগরতলা যায়নি। এর আগের সাড়ে তিন বছরে কলকাতা থেকে আগরতলায় মাত্র ১৭টি চালানে ইস্পাত, চাল, ভোজ্যতেল, পাথর নেওয়া হয়েছে। আগরতলা থেকে কোনো পণ্য কলকাতা যায়নি। সব মিলিয়ে বাংলাদেশ মাশুল পেয়েছে ৩৬ লাখ টাকা।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান নৌপ্রটোকলের আওতায় এই ট্রানজিট চালু করা হয়। ২০১১ সালে ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রপাতি বিশেষ ব্যবস্থায় এই পথে নেওয়া হয়। তখন এই পথে পণ্য আনা–নেওয়ায় আগ্রহ দেখায় ভারত। কয়েক বছরের দর-কষাকষি শেষে মাশুলসহ ট্রানজিট–সুবিধা দেওয়া হয় ২০১৬ সালে।

২০১৬ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তিনটি চালানে ৪ হাজার ২৬২ টন পণ্য আগরতলায় গেছে। এতে মাশুল পাওয়া গেছে ১১ লাখ ৮০ হাজার টাকা। ২০১৭ সালেও সব মিলিয়ে তিনটি চালানে পণ্য গেছে ১ হাজার ৫৯৯ টন। মাশুল মিলেছে ৪ লাখ ৪২ হাজার টাকা। ২০১৮ সালে ছয়টি চালানে ৬ হাজার ৬৪২ টন পণ্য ত্রিপুরায় গেছে। এতে মাশুল পাওয়া গেছে ১০ লাখ ৯৩ হাজার টাকা। ২০১৯ সালে পাঁচটি চালানে ৪ হাজার ৫৪৬ টনের মাশুল মিলেছে ৫ লাখ ৬ হাজার টাকা।

এ ব্যাপারে প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে বিআইডব্লিউটিএর পরিচালক রফিকুল ইসলাম কোনো বক্তব্য দিতে রাজি হননি।

আবার জ্বালানি তেল নিচ্ছে ভারত

২০১৬ সালের পর আবার বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে জ্বালানি তেল নিচ্ছে ভারত। আসামের গুয়াহাটি থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা ও মণিপুর রাজ্যের বন্যায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অঞ্চলে জ্বালানি তেল নেওয়া হচ্ছে। ২৬ আগস্ট প্রায় ৩০ টন জ্বালানি পণ্য ট্রানজিট হয়েছে।

আসামের গুয়াহাটি থেকে জ্বালানি পণ্যের চালান মেঘালয় হয়ে তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেট-ফেঞ্চুগঞ্জ-রাজনগর-মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর-কৈলাসহর (ত্রিপুরা) এই পথে পরিবহন হচ্ছে। এ জন্য প্রতি টনে ৫৩৪ টাকা মাশুল নেওয়া হচ্ছে। জ্বালানি পণ্য পরিবহনের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত। এর আগে ২০১৬ সালেও একবার এই পথে জ্বালানি তেল নিয়েছিল ভারত।

চট্টগ্রাম ও মোংলা দিয়ে পরীক্ষামূলক ট্রানজিট

চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় পণ্য পরিবহনের জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয় ২০১৮ সালে নভেম্বর মাসে। ২০২০ সালের জুলাই মাসে এই পথে পরীক্ষামূলক চালান নেয় ভারত। তখন ইস্পাত ও ভোগ্যপণ্যের একটি চালান কলকাতা থেকে চট্টগ্রাম বন্দরে আসে এবং পরে চট্টগ্রাম থেকে কুমিল্লা ও আখাউড়া হয়ে আগরতলায় যায়। প্রতি টনে ১৯২ টাকার পাশাপাশি বন্দরের অন্যান্য মাশুলসহ সব মিলিয়ে ৫৯ হাজার টাকা পায় সরকার। পরীক্ষামূলক চালান গেলেও এখনো পথটি নিয়মিত হয়নি।