বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখনই এশিয়ার ক্রেতাদের জন্য তেলের দাম রেকর্ড পরিমাণে বাড়িয়েছে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। আগামী সেপ্টেম্বর মাসে এশিয়ার বিভিন্ন দেশে যেসব তেল পাঠানো হবে, সেগুলোর মধ্যে প্রতি ব্যারেল আরব লাইট গ্রেড ক্রুড তেলের দাম ৫০ সেন্ট, আরব এক্সট্রা লাইটে ৩০ সেন্ট ও আরব মিডিয়ামে ৬০ সেন্ট বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত চলতি আগস্ট মাস থেকেই কার্যকর হবে। সৌদির রাষ্ট্রায়ত্ত তেল উৎপাদনকারী কোম্পানি আরামকো গত বৃহস্পতিবার দাম বাড়ানোর ঘোষণা দেয়।
অন্যদিকে নতুন বৈশ্বিক মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমছে। শুক্রবার পণ্যটির প্রতি ব্যারেলের দাম ৯০ মার্কিন ডলারের নিচে নেমে এসেছে। এদিনে যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটরি (ডব্লিউটিআই) ক্রুড অয়েল তথা অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেলপ্রতি দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে ৮৭ দশমিক ৮৮ ডলারে নেমে এসেছে। আর ইউরোপভিত্তিক ব্রেন্ট ক্রুড অয়েলের ব্যারেলপ্রতি দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯৩ দশমিক ৬২ ডলারে নেমে আসে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ১৪০ ডলার পর্যন্ত ওঠে। পরে তা কমতে কমতে এখন তো যুদ্ধ শুরুর আগের সপ্তাহের অবস্থায় ফিরে গেছে। খবর রয়টার্সের
অর্থনীতিতে ধীরগতির কারণে এশিয়ার দেশগুলো এমনিতেই তেল আমদানি নিয়ে ব্যাপক সংকটের মধ্যে রয়েছে। এ রকম পরিস্থিতিতে সৌদি আরব তেলের দাম বাড়ানোয় তেল আমদানিকারক দেশগুলোর অবস্থা আরও খারাপ হতে পারে বলে পূর্বাভাসও দিচ্ছেন বিশেষজ্ঞরা।
সৌদি আরামকো পাঁচটি ভিন্ন গ্রেডের অপরিশোধিত তেল উৎপাদন করে। এগুলো হলো আরব হেভি, আরব মিডিয়াম, আরব লাইট, আরব এক্সট্রা লাইট ও আরব সুপার লাইট। এর মধ্যে আরব লাইট গ্রেড ক্রুড হলো বিশ্ববাজারের অন্যতম শীর্ষ রপ্তানিকারক সৌদি আরবের প্রধান রপ্তানি গ্রেড। এশিয়ার দেশগুলোর জন্য এটির দাম ব্যারেলপ্রতি ৫০ সেন্ট বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স অবশ্য জানিয়েছে, এশীয় ক্রেতাদের জন্য সৌদি আরবের তেলের দাম পূর্বাভাসের চেয়ে কম বাড়িয়েছে। পূর্বাভাস ছিল, প্রতি ব্যারেলের দাম ৭০ সেন্ট থেকে ১ ডলার পর্যন্ত বাড়ানো হতে পারে।