মাইক্রোসফটকে ৩০ লাখ ডলার জরিমানা

মাইক্রোসফট করপোরেশন যুক্তরাষ্ট্রের কালোতালিকাভুক্ত রাশিয়ান প্রতিষ্ঠান ও ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের ব্যক্তিদের হাতে নিজেদের সফটওয়্যার ও অন্যান্য পরিষেবাগুলো তুলে দিয়েছে।ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের জন্য প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটকে ৩০ লাখ মার্কিন ডলারের বেশি অর্থ জরিমানা দিতে হবে। খবর ওয়াল স্ট্রিট জার্নালের

মার্কিন ট্রেজারি মানে অর্থ বিভাগের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে যেসব প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা হয়েছে, তার বেশির ভাগই রাশিয়ান কোম্পানি। আর এই তালিকায় যেসব ব্যক্তির নাম রয়েছে, তাঁরা ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে অবস্থান করতেন।

মাইক্রোসফট করপোরেশন যুক্তরাষ্ট্রের কালোতালিকাভুক্ত রাশিয়ান প্রতিষ্ঠান ও ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলের ব্যক্তিদের হাতে নিজেদের সফটওয়্যার ও অন্যান্য পরিষেবাগুলো তুলে দিয়েছে। সে জন্য বিশ্বখ্যাত প্রযুক্তিপ্রতিষ্ঠানটি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ স্বেচ্ছায় মেনে নিয়ে ৩০ লাখ ডলারের বেশি জরিমানা দিতে সম্মত হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের অর্থ ও বাণিজ্য বিভাগ গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা মার্কিন নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ নিয়মের স্পষ্ট লঙ্ঘনের বিষয়ে মাইক্রোসফটের সঙ্গে একটি যৌথ সমঝোতায় পৌঁছেছে।

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটসের কোম্পানি মাইক্রোসফট মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল ২০১২ সালের জুলাই থেকে ২০১৯ সালের এপ্রিলের মধ্যে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা, অর্থাৎ ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার ওপর বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এখনো যুদ্ধ চলছে।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলে অবস্থিত রাশিয়ান কোম্পানি ও ব্যক্তিদের কালোতালিকাভুক্ত করেছে। তবে এই তালিকায় কিউবা, ইরান ও সিরিয়ার কোম্পানিও রয়েছে।

মার্কিন সরকারের অর্থ বিভাগ ও মাইক্রোসফটের সমঝোতায় বলা হয়েছে, মাইক্রোসফট এমন প্রবিধানই লঙ্ঘন করেছে, যেটি মার্কিন প্রতিপক্ষের কাছে সংবেদনশীল বা স্পর্শকাতর প্রযুক্তিগুলো পৌঁছানো বন্ধ করতে চায়।

অর্থ বিভাগ ও মাইক্রোসফটের মধ্যে সমঝোতা হয় গতকাল। মূলত মাইক্রোসফটের তৃতীয় পক্ষের মাধ্যমে পণ্য সেবা বিতরণ ও পরোক্ষভাবে পুনঃ বিক্রয় কার্যক্রম পরিচালনার সময় মার্কিন নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণের নিয়ম লঙ্ঘন হয়েছে। প্রতিষ্ঠানটি বিক্রি বাড়ানোর জন্য তৃতীয় পক্ষের মাধ্যমে ও পরোক্ষ উপায়ে কার্যক্রম পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় (ওএফএসি) মার্কিন নিষেধাজ্ঞা প্রয়োগ ও পরিচালনা করে থাকে।