টুইটারের ব্লু টিক নিয়ে যা বললেন অর্থনীতিবিদ কৌশিক বসু
গত বৃহস্পতিবার বিকেল থেকেই টুইটার ব্যবহারকারী অনেক নামীদামি ব্যক্তিত্বের নামের পাশ থেকে সরে গেছে ‘ব্লু টিক’। সেই তালিকায় আছেন ভারতের অমিতাভ বচ্চন, শাহরুখ খান, বিরাট কোহলি থেকে শুরু করে জাস্টিন বিবার, কেটি পেরি। এমনকি বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি বিল গেটসের নামের পাশ থেকেও ‘ব্লু টিক’ সরানো হয়েছে। তালিকায় রয়েছেন অনেক রাজনীতিবিদ, সাংবাদিকও।
স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন অনেক মানুষ; জানিয়েছেন প্রতিক্রিয়া। তাঁদের মধ্যে আছেন বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও ভারতীয়-বাঙালি অর্থনীতিবিদ কৌশিক বসু। ছোট এক টুইটে তিনি এ বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন: ‘কর্নেল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অনেক মূল্যবান। মানুষ এ জন্য অর্থ ব্যয় করতেও রাজি। এখন কর্নেল যদি অর্থের বিনিময়ে ডিগ্রি বিক্রি করার সিদ্ধান্ত নেয়, তাহলে কর্নেলের ডিগ্রির বাজার মূল্য শূন্যে নেমে আসবে’।
গত বছরের নভেম্বরে টুইটার ব্যবহারকারীদের জন্য নতুন এ নিয়মের কথা জানান কোম্পানিটির মালিক ও সিইও ইলন মাস্ক। ওয়েব ভার্সনের জন্য ব্লু টিকধারী ব্যক্তিদের মাসে ৮ ডলার আর অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের প্রতি মাসে ১১ ডলার দিতে হবে। টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর ইলন মাস্ক যত সিদ্ধান্ত নিয়েছেন, এটি তার মধ্যে অন্যতম।
এদিকে ভারতীয় অভিনেতা অমতাভ বচ্চন অভিযোগ করেছেন, ‘এই টুইটার ভাইয়া, শুনছেন? আমি তো টাকাও দিয়েছি। এবার অন্তত আমার নামের আগে ওই নীল চিহ্নটা লাগিয়ে দাও, যাতে মানুষ বুঝতে পারে আমিই অমিতাভ বচ্চন। হাতজোড় তো করেছি, এবার কি হাঁটুও জোড় করতে হবে?’
তারকা ও বিশিষ্ট ব্যক্তিদের ভুয়া অ্যাকাউন্ট যাতে না থাকে, তা নিশ্চিত করতে ২০০৯ সাল থেকে ব্লু টিক চালু করে টুইটার।
কিন্তু ইলন মাস্ক গত বছর টুইটারের মালিকানা হাতে পাওয়ার পর যেভাবে অর্থের বিনিময়ে ব্লু টিক সেবা চালু করেন, তাতে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন কৌশিক বসু। উল্লিখিত টুইটের পর তিনি আরও একটি ছোট টুইট করেন: ‘এখন টুইটারে নামের পাশে ব্লু টিক বা নীল চিহ্ন দেখা বিব্রতকর, কেননা মানুষ বুঝবে, এর জন্য অর্থ দিতে হয়েছে’।
অর্থনীতিবিদ কৌশিক বসু ঠিকভাবেই বলেছেন, সবকিছু অর্থের বিনিময়ে বিক্রির জন্য নয়, অনেক ক্ষেত্রে অর্থমূল্য আরোপ করা হলে সেই বস্তু মর্যাদা হারায়।