নিখোঁজ হওয়া আলোচিত চীনা ব্যাংকার সম্পর্কে ছয়টি তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাও ফ্যান
ছবি: রয়টার্স

সুপরিচিত চীনা বিনিয়োগ ব্যাংকার বাও ফ্যান নিখোঁজ হয়েছেন। তিনি বিনিয়োগ ব্যাংক চায়না রেনেসাঁ হোল্ডিংসের প্রতিষ্ঠাতা। দেশটির শীর্ষস্থানীয় যেসব ব্যবসায়ী সম্প্রতি নিখোঁজ হয়েছেন, তিনি তাঁদের মধ্যে সাম্প্রতিকতম। আর এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বাও ফ্যান পরিচিত ছিলেন একজন ডিলমেকার হিসেবে; অর্থাৎ ব্যবসা-বাণিজ্যের জগতে কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে তিনি ছিলেন একজন সফল মানুষ। কিন্তু তিনিসহ যেসব শীর্ষ নির্বাহী একের পর এক নিখোঁজ হয়েছেন, তাঁদের ক্ষেত্রে খুব একটা ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। তবে এসব ঘটনা ঘটছে এমন এক সময়ে, যখন প্রেসিডেন্ট সি চিন পিং দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক প্রচারণা শুরু করেছেন।

বাও ফ্যানের নিখোঁজ হওয়ার কারণ বা কারণগুলো অবশ্য এখনো অস্পষ্ট।

বার্তা সংস্থা রয়টার্স বাও ফ্যান এবং তাঁর কোম্পানি সম্পর্কে ছয়টি তথ্য তুলে ধরেছে—

  • চীনের মর্যাদাপূর্ণ ফুদান বিশ্ববিদ্যালয়ে ১৯৮৯ সালে পড়াশোনা শুরু করেন বাও। পরে তিনি বিআই নরওয়েজিয়ান স্কুল অব ম্যানেজমেন্ট থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর তিনি ক্রেডিট সুসি এবং মরগান স্ট্যানলি ব্যাংকে কাজ করেন।

  • বাও চায়না রেনেসাঁ শুরু করেন ২০০৫ সালে আরেক অংশীদারকে সঙ্গে নিয়ে। প্রথমে তাঁর কোম্পানি আর্থিক বিষয়ে পরামর্শ দিত। তবে খুব দ্রুতই অবলেখন, বিপণন এবং ব্যবসার মতো সেবা দেওয়া শুরু করে এই কোম্পানি। এসব সেবার মধ্যে সম্পদ ব্যবস্থাপনাও ছিল। সাম্প্রতিক সময়ে বাও নিজে তাঁর কোম্পানিতে ব্যক্তিগত বিনিয়োগ ব্যবসা নিয়ে সক্রিয় হয়ে ওঠেন।

  • চীনের ব্যাংকারদের মধ্যে বাও ফ্যানের পরিচিতি এমন একজন হিসেবে, যাঁর রয়েছে খুব ভালো যোগাযোগ। প্রযুক্তিবিষয়ক বেশ কিছু ব্যবসার একত্রকরণে তিনি যুক্ত ছিলেন। এসবের মধ্যে ছিল শরিকিযাত্রার কোম্পানি ডিডি ও কুয়াইদি, খাবার পৌঁছে দেওয়ার কোম্পানি মিতুয়ান ও দিয়ানপিং এবং ভ্রমণবিষয়ক প্রযুক্তির নিয়ে কাজ করে এমন দুই প্রতিষ্ঠান—সিট্রিপ ও কুনার।

  • চায়না রেনেসাঁ হোল্ডিংস ২০১৮ সালে হংকংয়ে শেয়ার ছেড়ে ৩৪ কোটি ৬০ লাখ ডলার তোলে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি খাতের বেশ কিছু বড় কোম্পানির প্রাথমিক শেয়ারের গণপ্রস্তাবে চায়না রেনেসাঁ পরামর্শক হিসেবে কাজ করে। এসবের মধ্যে রয়েছে জেডিডটকম ইনক ও কুয়াইশু টেকনোলজির হংকংয়ে এবং ২০২১ সালে ডিডির নিউইয়র্ক শেয়ারবাজারে তালিকাভুক্ত।

  • বাওয়ের কোম্পানি প্রযুক্তি খাতে সক্রিয় বিনিয়োগকারী। ২০১৯ সালে তারা ৬৫০ কোটির বেশি ইউয়ান (৯৪ কোটি ৫০ লাখ ডলার) বাজার থেকে তোলে। গত জুন মাস শেষে তাদের বিনিয়োগ ব্যবস্থাপনা ব্যবসার সম্পদমূল্য ছিল ৪ হাজার ৮৬০ কোটি ইউয়ান।

  • রিফিনিটিভের হিসাবে, চীনের বিনিয়োগ পুঁজিবাজারের তালিকায় ২০২৩ সালে চায়না রেনেসাঁর অবস্থান নবম। ২০২২ সালে চীনসংক্রান্ত বিনিয়োগ ব্যাংকিং ফি হিসেবে তারা ২ কোটি ৬ লাখ ডলার আয় করেছিল। এক বছর আগে তাদের আয় ছিল ৪ কোটি ৩১ লাখ ডলার।