সরবরাহ বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম, ব্যারেলপ্রতি ১০১ ডলার

জ্বালানি তেলফাইল ছবি

মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি এবং জি–৭ দেশগুলো জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় আজ সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামোয় আরও হামলার আশঙ্কা আছে। তবে এর মধ্যেও বাড়তি সরবরাহের কারণে সেই চাপ কিছুটা কমেছে।

আজ সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ১০১ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৯৫ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম ৯০ দশমিক ১২ ডলার।

গত সপ্তাহে ব্রেন্টের দাম যে পরিমাণ বেড়েছিল, তার সিংহভাগই সপ্তাহের শেষভাগে কমে যায়। ডব্লিউটিআইয়ের দাম কমে ১ দশমিক ৬ শতাংশ।

গত শুক্রবার জি–৭–ভুক্ত দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে নতুন বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের পর এই সিদ্ধান্ত নেয় জি–৭।

এর সঙ্গে মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বেড়ে যাওয়ায় বাজারে সরবরাহ বাড়ছে। আজ প্রকাশিত জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিনই মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি যুদ্ধ শুরুর আগের সময়ের চেয়ে বেশি হয়েছে। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজে হামলা হলেও রপ্তানি বেড়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, জি–৭-এর জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্তে বাজারে তাৎক্ষণিক সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমেছে। একই সঙ্গে সৌদি আরবের তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ে ফিরছে বলে বাজারে ধারণা তৈরি হয়েছে। তবে এসব তেল স্বাভাবিকভাবে বাজারে আসছে না। এই তেল বাজারে আনার খরচ যেমন বেশি, তেমনি যে পদ্ধতিতে এই তেল বাজারে আসছে, তা অতটা কার্যকর নয়।

টিম ওয়াটারার আরও বলেন, আপাতত তেলের দাম নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে এই দুটি বিষয় যথেষ্ট। তবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোয় আরও হামলা বা ক্ষয়ক্ষতির আশঙ্কা এখনো আছে।

সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী গত ১২ ঘণ্টায় ইয়েমেনে ৫০টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে হুতিরা সৌদি আরবের রাজধানী রিয়াদ ও খুরাইস এলাকায় সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে সৌদি আরবের পক্ষ থেকে এ হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি।

গতকাল রোববার ইয়েমেনের সৌদি-সমর্থিত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা দেশের সব এলাকার পুনর্দখল নিতে তারা বড় ধরনের সামরিক অভিযান শুরু করছে।

এর মধ্যে এশিয়ার ক্ষেত্রে নভেম্বর মাসের জন্য অপরিশোধিত তেলের আগাম দাম অপ্রত্যাশিতভাবে কমিয়েছে সৌদি আরামকো। ছয় বছরের মধ্যে এটাই তাদের নির্ধারিত সর্বনিম্ন দাম।

আইএনজির বিশ্লেষকেরা নোটে বলেছেন, ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকা এবং উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে যাওয়ায় ব্রেন্টের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে আছে।

এদিকে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যজুড়ে তেল উৎপাদন সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন প্রকল্প ব্যাহত হয়েছে। সে কারণে সদস্যদেশগুলোর তেল উৎপাদনের কোটা নির্ধারণে যে সক্ষমতা পর্যালোচনা করা হয়, তা ২০২৭ সালের জন্য পিছিয়ে দিয়েছে ওপেক প্লাস। ফলে ভবিষ্যতে বিশ্ববাজারে কতটা তেল সরবরাহ করা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে।

অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার তেল শোধনাগারে হামলা আরও বাড়ানো হবে। গত শনিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।