যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তি চীনে আনতে চান দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
ছবি: এএফপি ফাইল ছবি

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চান, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চীনে নিয়ে আসুক। গতকাল শুক্রবার মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে এক আলোচনায় এ কথা বলেছেন সি চিন পিং। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত দুটি উৎস থেকে এ খবর পেয়েছে গালফ নিউজ।

আলোচনায় বিল গেটসের সঙ্গে সামগ্রিকভাবে এআই প্রযুক্তির উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করেছেন সি চিন পিং। এ ছাড়া চীনে মাইক্রোসফটের ব্যবসা উন্নয়ন পরিকল্পনা নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে।

মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ২০২০ সালে কোম্পানির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করে মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করেন। আগে থেকেই তিনি দান ও মানবকল্যাণমূলক কাজের জন্য খ্যাত, তবে ২০২০ সালের পর থেকে তিনি মূলত এসব কাজেই মনোনিবেশ করেছেন।

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগেও বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে চীনকে এআই ব্যবহার করতে হবে। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়েও আলোচনা করেছেন তিনি। ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি নিয়ে নতুন আইনের খসড়া করছে দেশটি।

২০২২ সালের নভেম্বরে ওপেনএআই নামের এক প্রতিষ্ঠান এআইভিত্তিক চ্যাটজিপিটি বাজারে এনে বিপুল সাড়া ফেলে দেয়। জনমনে রীতিমতো আতঙ্ক তৈরি হয়, এ প্রযুক্তি মানুষের কাজ কেড়ে নেবে কি না, তা নিয়ে।

এদিকে চীনে অনেক পশ্চিমা প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ হলেও চ্যাটজিপিটি বা ওপেনএআই নিষিদ্ধ নয়। এ ক্ষেত্রে বরং উল্টো ঘটনা ঘটেছে। ওপেনএআই চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের নাগরিকদের চ্যাটজিপিটি ব্যবহার করতে দিচ্ছে না।

চীনের সঙ্গে অবশ্য মাইক্রোসফটের সম্পর্ক অনেক পুরোনো। ৩০ বছরের বেশি সময় ধরে মাইক্রোসফট চীনে কাজ করছে, সেখানে তাদের গবেষণাকেন্দ্রও আছে। মাইক্রোসফটের বিং পোর্টালই হচ্ছে একমাত্র বিদেশি অনুসন্ধান বা সার্চ ইঞ্জিন, যেখানে চীনের নাগরিকেরা সরাসরি প্রবেশ করতে পারেন, যদিও অনুসন্ধানের ফলাফল সেন্সর করা হয়।

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখন প্রযুক্তির লড়াই চলছে। বিবিসির এক সংবাদে বলা হয়েছে, চীনের প্রযুক্তি কোম্পানিগুলোর বাড়তি কিছু সুবিধা থাকলেও চীন সরকারের কর্তৃত্ববাদী নীতির প্রভাব এআই প্রযুক্তির বিকাশে কীভাবে পড়বে, তা এখনো পরিষ্কার নয়।

যেমন চীন সরকারের বিধিনিষেধের কারণে এআই চ্যাটবট তৈরির ওপর নেতিবাচক প্রভাব রাখবে। যেমন কোনো এআই চ্যাটবটকে যদি প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বিষয়ে স্পর্শকাতর প্রশ্ন করা হয়, তাহলে সে কী জবাব দেবে?

তবে বিশ্লেষকেরা বলেন, চীনের বাইদু বা অন্য কোনো প্ল্যাটফর্মে কেউ এ ধরনের স্পর্শকাতর প্রশ্ন করবে বলে মনে হয় না। কারণ, তারা জানে কিছু প্রশ্নের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব নিয়ে মিডিয়ার আগ্রহ থাকতে পারে, কিন্তু চীনের মানুষ এসব বিষয়ে অনেকটাই সচেতন।

বিবিসির সংবাদে আরও বলা হয়েছে, যেভাবে বিশেষ কিছু প্রযুক্তি থেকে চীনকে দূরে রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, সেটা চীনের এআই খাতের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। এতে চীনের এআই খাতের অগ্রগতি শ্লথ হয়ে যাবে কি না, তা নিয়ে উদ্বেগ আছে বিশ্লেষকদের।