তাইওয়ানকে বালু দেবে না চীন, বাড়বে ‘চিপ’– সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সাম্প্রতিক তাইওয়ান সফরের কারণে চীন বেশ নাখোশ হয়েছে। চীন শুধু প্রতিবাদ করে বা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েই থেমে থাকেনি, বরং পেলোসির এই সফরের সময়েই তাইওয়ানের পণ্য আমদানি ও প্রতিবেশী দেশটিতে বালু রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। আর পেলোসির সফর শেষ হওয়ার পরদিনই তাইওয়ানের চারপাশে বিশাল সামরিক মহড়া শুরু করে চীন, যা গতকাল রোববার শেষ হওয়ার কথা।

পণ্য আমদানি-রপ্তানিতে চীনা নিষেধাজ্ঞার কারণে তাইওয়ান বিপাকে পড়তে পারে বলে মনে করা হয়। কারণ, চীনের সঙ্গে দীর্ঘ বৈরিতার পাশাপাশি তাদের গভীর বাণিজ্য সম্পর্কও রয়েছে। তাইওয়ানের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার হচ্ছে চীন। তাদের মোট রপ্তানির প্রায় ৩০ শতাংশই হয়ে থাকে চীনের সঙ্গে। পেলোসি তাইওয়ানে যাওয়ার দিন মঙ্গলবারই (২ আগস্ট) তাইওয়ানি ফল ও মাছ এবং পরদিন বিস্কুট, কনফেকশনারিসহ অন্যান্য পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে চীন। অন্যদিকে তাইওয়ানে নিজেদের বালু রপ্তানি বন্ধের ঘোষণা দেয় চীন। ফল, মাছ, বিস্কুট ও কনফেকশনারি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিলেও তাতে তাইওয়ানের ওপর বড় প্রভাব পড়ার কথা নয়। এটি বিশ্বব্যাপী নতুন উত্তেজনা সৃষ্টির উৎস হয়ে ওঠারও আশঙ্কাও নেই। কিন্তু সেমিকন্ডাক্টর তৈরির জন্য অপরিহার্য উপাদান বালুর রপ্তানির ওপর চীন নিষেধাজ্ঞা জারি করায় তাতে যুক্তরাষ্ট্রের মতো বড় ও উন্নত দেশগুলোকে বিপাকে ফেলতে পারে বলে মনে করা হয়। বিশেষ করে চীনের বালু রপ্তানি বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের জন্য বেশ ক্ষতিকর হতে পারে।

ইউএন কমট্রেড ডেটা অনুযায়ী ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৫৭০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র তাইওয়ান। এই রপ্তানির সিংহভাগই অবশ্য হয়েছে তথ্যপ্রযুক্তি (আইটি) ও ইলেকট্রনিকস খাতের পণ্য আমদানিতে। অ্যাপল, কোয়ালকম ও এনভিডিয়ার মতো যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলো তাইওয়ানের সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর তৈরি চিপের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এমনিতেই করোনা মহামারির প্রভাবের পর ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের কারণে চিপের ঘাটতিতে ভুগছিল মার্কিন প্রযুক্তি ও ইলেকট্রনিকস কোম্পানিগুলো। এই অবস্থায় তাইওয়ানে চীনের বালু রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ চলমান চিপঘাটতিকে আরও প্রকট করে তোলার আশঙ্কা দেখা দিয়েছে। এটি চীন-মার্কিন সম্পর্কে নতুন উত্তেজনার কারণ হয়ে উঠতে পারে।

তাইওয়ান বিশ্ববাণিজ্যের অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত। তাই তাদের পণ্য রপ্তানি থেকে লাভবান হওয়া একমাত্র দেশ শুধু যুক্তরাষ্ট্রই নয়। এশিয়ায় জাপান ও সৌদি আরবের মতো বড় অর্থনীতি, জার্মানিসহ ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিল—এসব দেশও তাইওয়ানের প্রধান বাণিজ্য অংশীদার। এ ছাড়া আফ্রিকা, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান, মধ্যপ্রাচ্য ও ওশেনিয়ার বৃহৎ অর্থনীতিগুলোরও তাইওয়ানের সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিশেষ করে জার্মানি ও জাপান—এ দুই দেশ তাইওয়ানি পণ্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ইউরোপীয় দেশ জার্মানিতে ২১ বিলিয়ন বা ২ হাজার ১০০ কোটি ডলারের এবং জাপানে ৮৬ বিলিয়ন বা ৮ হাজার ৬০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে তাইওয়ান।

চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনার মূল ভিত্তি হলো অমীমাংসিত স্বাধীনতা। ১৯৪৯ সালে চীনা গৃহযুদ্ধের সমাপ্তির পর পরাজিত কুওমিনতাঙের সমর্থকদের একটি দল পিছু হটে তাইওয়ান দ্বীপে চলে যায়। সেখানে তারা নিজেদের চীন প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে, যা চীন মেনে নেয়নি। তাইওয়ানকে নিজেদেরই অংশ বা ভূখণ্ড মনে করে চীন। ১৯৬০-এর দশকের শুরু থেকে তাইওয়ান শিল্পায়নের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে থাকে। তাদের এই অগ্রযাত্রা ​‘তাইওয়ান মিরাকেল’ বা ‘তাইওয়ানের অলৌকিক ঘটনা’ নামে পরিচিত। দেশটির অর্থনীতি প্রধানত রপ্তানিমুখী শিল্পের ওপর নির্ভরশীল। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) তাইওয়ান এখন পৃথিবীর ২১তম বড় দেশ। দেশটি প্রযুক্তিপণ্যসহ লোহা, যন্ত্রপাতি, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্রপাতি ও রাসায়নিক শিল্পপণ্য রপ্তানি করে থাকে। এটি একটি উন্নত দেশ হিসেবে বিবেচিত।

এবার দেখে নেওয়া যাক উন্নত ও বৃহৎ অর্থনীতিগুলোর মধ্যে কোথায় কী পরিমাণ পণ্য রপ্তানি করে তাইওয়ান। এ ক্ষেত্রে প্রথমেই আসে যুক্তরাষ্ট্রের নাম। বিশ্বের বৃহত্তম এই অর্থনীতির কাছে তাইওয়ান ১০ হাজার ৫৭০ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। অন্য দেশগুলোর মধ্যে জার্মানিতে ২০ দশমিক ৭, জাপানে ৮৫ দশমিক ৬, সৌদি আরবে ৮ দশমিক ৮, ব্রাজিলে ৪ দশমিক ৩, দক্ষিণ আফ্রিকায় ১ দশমিক ৬, অস্ট্রেলিয়া ১৯ দশমিক ৬ বিলিয়ন ডলার।

সূত্র: ইউএন কমট্রেড/ স্ট্যাটিস্টা, উইকিপিডিয়া।